যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকার থেকে সরকার (জি টু জি) পদ্ধতিতে এ গম কিনতে ব্যয় হবে ১ হাজার ৯০৮ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা। প্রতি মেট্রিক টন গমের দাম পড়বে ৩৪৭ দশমিক ৭৫ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রতি কেজি গমের দাম পড়বে ৪৩ টাকা ৩৮ পয়সা।
বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রয়োজনে আরও ১০ শতাংশ গম আমদানির সুযোগ
খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে জি টু জি পদ্ধতিতে এ গম আমদানি করা হবে। নির্ধারিত ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টনের পাশাপাশি প্রয়োজনে আরও ১০ শতাংশ গম আমদানির সুযোগ রাখা হয়েছে।
গম সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ইউএস হুইট অ্যাসোসিয়েটসের (ইউএসডব্লিউ) অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির কাছ থেকে প্রতি মেট্রিক টন ৩৪৭ দশমিক ৭৫ মার্কিন ডলার দরে গম কেনা হবে।
খুলনা ওয়াসার কাজে ব্যয় ৫৩০ কোটি টাকা
এদিকে খুলনা ওয়াসার পানি সরবরাহ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় ৫৩০ কোটি ২৪ লাখ টাকার বেশি ব্যয়ে একটি নির্মাণকাজের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
স্থানীয় সরকার বিভাগের প্রস্তাব অনুযায়ী, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বাস্তবায়নাধীন ‘খুলনা পানি সরবরাহ প্রকল্প (ফেজ-২)’-এর আওতায় এ কাজ করা হবে।
প্রকল্পের আওতায় পানি বিতরণ নেটওয়ার্ক নির্মাণ, ডিস্ট্রিক্ট মিটারড এরিয়া (ডিএমএ) প্রতিষ্ঠা এবং মিটারসহ গ্রাহক সংযোগ স্থাপন করা হবে। এ ছাড়া খুলনা ওয়াসার বিদ্যমান এলাকায় ৬৩টি ডিএমএর সংস্কার করা হবে। নির্মাণকাজ শেষ হওয়ার পর দুই বছর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বও পালন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান।
এ কাজের জন্য চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না ফার্স্ট মেটালার্জিক্যাল গ্রুপ কোম্পানি লিমিটেডকে সুপারিশ করা হয়েছে। কাজটির মূল চুক্তিমূল্য ধরা হয়েছে ৫৩০ কোটি ২৪ লাখ ২৪ হাজার ৩৬৫ টাকা ৮০ পয়সা।
কালের আলো/এএইচ/এমএসআইপি







-20261126135523.jpg)








-20261124163219.jpg)

