গারো পাহাড়ঘেঁষা সোমেশ্বরী নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় শেরপুরের শ্রীবরদী উপজেলার পাঁচ গ্রামের হাজারো মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুষ্ক মৌসুমে বাঁশ ও কাঠের অস্থায়ী সাঁকো দিয়ে নদী পারাপার করতে হলেও বর্ষায় পাহাড়ি ঢলে সেই সাঁকো ভেসে যায়। তখন নৌকা কিংবা বুকসমান পানি পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হয় তাঁদের।
দীর্ঘদিন ধরে সেতুর দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। নানা উদ্যোগ নেওয়া হলেও এখনো নির্মাণকাজ শুরু না হওয়ায় তাঁদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তবে দ্রুত সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য।
বর্ষায় বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত খাড়ামোড়া, রাঙাজান, কোচপাড়া, তাওয়াকুচা ও বালিজুরী গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম বাধা সোমেশ্বরী নদী। স্থায়ী সেতু না থাকায় নিজেদের উদ্যোগে তৈরি বাঁশ ও কাঠের সাঁকোই তাঁদের চলাচলের প্রধান ভরসা।
তবে বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের প্রবল স্রোতে সাঁকো ভেঙে যায় কিংবা পানিতে তলিয়ে যায়। এতে পাঁচ গ্রামের মানুষের যোগাযোগব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। জরুরি প্রয়োজনে নদী পার হতে গিয়ে বিপাকে পড়েন নারী, শিশু ও বয়স্করা।
শিক্ষার্থী, কৃষক ও রোগীদের বেশি দুর্ভোগ
সেতুর অভাবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা। ঝুঁকিপূর্ণ সাঁকো পার হয়ে তাদের বিদ্যালয়ে যেতে হয়। বর্ষায় নদী পারাপার বন্ধ হয়ে গেলে ব্যাহত হয় পড়াশোনা।
অন্যদিকে কৃষকদের উৎপাদিত ফসল ও কৃষিপণ্য বাজারে নিতে বাড়তি পরিবহন খরচ গুনতে হয়। জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়ে। ফলে যোগাযোগসংকটের প্রভাব পড়ছে শিক্ষা, চিকিৎসা ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে।
কারিগরি জটিলতায় আটকে সেতু নির্মাণ
স্থানীয়দের দুর্ভোগ লাঘবে সম্প্রতি সেতু নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ‘হান্ড্রেড মিটার’ প্রকল্পের আওতায় সেতু নির্মাণের প্রস্তাব করা হলেও কারিগরি জটিলতায় তা বাস্তবায়িত হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞ দলের মূল্যায়নে প্রস্তাবিত নকশা ও পরিকল্পনার কিছু দুর্বলতা উঠে আসে। সেতুর দৈর্ঘ্য বৃদ্ধি এবং নদীর প্রবল স্রোত ও ভাঙনের ঝুঁকি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় কারিগরি বিষয়গুলো পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়। এ কারণে সেতু নির্মাণের কাজ এখনো শুরু করা সম্ভব হয়নি।
শ্রীবরদী উপজেলা প্রকৌশলী মশিউর রহমান জানান, সেতু নির্মাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। প্রয়োজনীয় কারিগরি বিষয়, নকশা ও অনুমোদনসংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।
এদিকে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল জানিয়েছেন, পাঁচ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের বিষয়টি সেতু মন্ত্রণালয়, প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে।
দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে এখন স্থায়ী সেতুর অপেক্ষায় রয়েছেন সোমেশ্বরী নদীর দুই পাড়ের মানুষ। তাঁদের প্রত্যাশা, আশ্বাস নয়, দ্রুত বাস্তবায়িত হবে সেতু নির্মাণের উদ্যোগ।
কালের আলো/এএইচ/এমএসআইপি
