ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অরাজনৈতিক সংগঠন হওয়া সত্ত্বেও হেফাজতে ইসলাম বাংলাদেশ দ্বীন ও দেশের পক্ষে এবং ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন হেফাজতের আমির আল্লামা শাহ মোহাম্মদ মহিব্বুল্লাহ বাবুনগরীসহ দেশের আলেম-ওলামারা।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় দুই দিনব্যাপী ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের সমাপনী দিনে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ২৩ বছর সময় লেগেছিল। আর ফ্যাসিবাদী সরকারের হাত থেকে জনগণকে মুক্ত করতে লেগেছে ১৬ থেকে ১৭ বছর। এ সময়ে আলেম-ওলামা ও ছাত্রসমাজের অনেকে শহীদ হয়েছেন। অসংখ্য মানুষ গুম, হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন।
তিনি আরও বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী, শুধু জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানেই ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন। এর আগে ১৬ থেকে ১৭ বছরে প্রায় ৩ হাজার মানুষ গুমের শিকার হয়েছেন। বিভিন্নভাবে হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন প্রায় ৭ হাজার মানুষ। হামলা-মামলার মাধ্যমে নিপীড়িত হয়েছেন লাখ লাখ মানুষ।
আওয়ামী লীগের রাজনীতি নিয়ে মন্তব্য
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দেশের মানুষ আর কোনো দিন আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না। অন্যায়, দুঃশাসন ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য যারা মানুষের রক্ত ঝরিয়েছে এবং নির্যাতন চালিয়েছে, তাদের এ দেশে আর রাজনীতি করার সুযোগ থাকবে না বলে মন্তব্য করেন তিনি।
শিল্প খাতে অস্থিরতা ও ইসলামী মূল্যবোধ প্রসঙ্গ
গার্মেন্টসশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টার পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে বলে অভিযোগ করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশে কিছু দুষ্কৃতকারী রয়েছে, যারা ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করছে। কিন্তু তাদের নির্বাচনী ইশতেহারে ইসলামী শাসন বা শরিয়াভিত্তিক আইন প্রতিষ্ঠার কোনো প্রতিশ্রুতি নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সব জনগোষ্ঠীকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার।
জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে প্রণীত জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। পাশাপাশি সংবিধানে ইসলামী মূল্যবোধের বিষয়গুলো ধারণ করা হবে।
সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের প্রতিশ্রুতিও দেন তিনি।
সরকারের সমালোচনা গঠনমূলকভাবে করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারকে সহযোগিতা করা যেতে পারে, তবে দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে কোনো অবস্থান নেওয়া যাবে না।
দেশের অর্থনৈতিক উন্নয়ন, রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুনগর মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মোহাম্মদ মহিব্বুল্লাহ বাবুনগরী।
এ সময় উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, স্থানীয় সংসদ সদস্য সরওয়ার আলমগীর, রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলা পুলিশ সুপার মাসুদ আলমসহ অন্য অতিথিরা।
কালের আলো/এএইচ/এমএসআইপি
