বুধবার (১১ নভেম্বর) মধ্যরাতে বিকট বিস্ফোরণের পর বাড়িটিতে আগুন ধরে যায়। নুসরাতের অভিযোগ, পেট্রলবোমা ছুড়ে তাঁর বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের ডাংমড়কা এলাকায় নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়ি। সেখানে তাঁর মা-বাবাসহ পরিবারের সদস্যরা থাকেন। বুধবার (১১ নভেম্বর) রাত ১২টা ১৫ থেকে ১৬ মিনিটের মধ্যে বাড়িটিতে একযোগে চারবার অগ্নিসংযোগের চেষ্টা করা হয় বলে জানিয়েছেন নুসরাত। আগুনে বাড়ির আশপাশের প্রায় আটটি ঘর, আসবাবপত্র ও বেশ কিছু গবাদি পশু পুড়ে গেছে। এ ঘটনায় বাড়ির কেয়ারটেকারের পরিবারের সদস্য ও শিশুসহ কয়েকজন আহত হয়েছেন।
ফেসবুক পোস্টে হামলার খবর
বুধবার (১১ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে গ্রামের বাড়িতে হামলার খবর জানান নুসরাত। তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’
নুসরাতের মা-বাবা বাড়ির পাশের আরেকটি তিনতলা ভবনে থাকেন। সেখানে আগুন লাগেনি। তবে বিস্ফোরণের শব্দে ওই ভবনও কেঁপে ওঠে বলে জানিয়েছেন তাঁর বাবা মোহাম্মদ আব্দুল হালিম। এতে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। তাঁদের চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। প্রতিবেশী রুবেল হোসেন বলেন, বিকট শব্দ ও চিৎকার শুনে তাঁরা ঘটনাস্থলে গিয়ে আগুন জ্বলতে দেখেন।
বোমার মতো বস্তু বিস্ফোরণের পর আগুন
বাড়িটির কেয়ারটেকার শাহ আলম জানান, বোমার মতো কিছু একটা বিস্ফোরিত হয়ে টিনের ওপর পড়ে। মুহূর্তের মধ্যেই পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস বুধবার (১১ নভেম্বর) রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
কে এই নুসরাত তাবাসসুম
নুসরাত তাবাসসুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ২০২৪ সালে শেখ হাসিনার সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। আন্দোলনকারী তরুণদের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদে এনসিপির মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য করা হয় তাঁকে।
পুলিশের তদন্ত, সংগ্রহ করা হচ্ছে সিসিটিভি ফুটেজ
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। এ ছাড়া ঢাকা থেকে একটি ক্রাইম সিন ম্যানেজমেন্ট দল ঘটনাস্থলে আসছে। তারা প্রয়োজনীয় আলামত সংগ্রহ করবে। তদন্ত শেষে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আওয়ামী লীগকে দায়ী করছেন সহযোদ্ধারা
নুসরাতের বাড়িতে আগুন দেওয়ার পেছনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করছেন জুলাই অভ্যুত্থানে তাঁর সহযোদ্ধারা। তবে এ অভিযোগের বিষয়ে তদন্তে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি পুলিশ।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) তৎপরতা এবং দেশের বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় দলটিকে দায়ী করছে সরকার। নাশকতা দমনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কঠোর বার্তার মধ্যেই নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।
এ ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন জুলাই আন্দোলনে নুসরাতের সহযোদ্ধারা।
এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম ফেসবুকে লিখেছেন, ‘জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি। নগর পুড়িলে দেবালায় এড়ায় না। আজকে আমি, কালকে আপনি, পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে।’
এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা কারা নিক্ষেপ করল? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কী করেন?’
দলটির আরেক যুগ্ম আহ্বায়ক মাহমুদা মিতু এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে ফেসবুকে লেখেন, ‘ভাবছিস বিরাট কাজ করছিস? বিরাট কাজ তো আমরা করছি জুলাইয়ে তোদের মতো সন্ত্রাসীদের দেশ থেকে বিতাড়িত করে।’ তিনি আরও লেখেন, ‘শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না।’
তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ, কারা এর সঙ্গে জড়িত এবং কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে—তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
কালের আলো/এসএ/এসএআর
