পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শ্রমিকের ছদ্মবেশে অংশ নিয়েছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের পোশাক-পরিচ্ছদ ও শারীরিক গঠন নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
বুধবার (৪ নভেম্বর) নিজের ফেসবুক পেজে একটি গণমাধ্যমের নিউজকার্ড শেয়ার করে দেওয়া পোস্টে এ মন্তব্য করেন রাশেদ খাঁন। গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলায় আহত এক তরুণের মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এসব কথা বলেন।
আন্দোলনকারীদের পরিচয় নিয়ে প্রশ্ন
ফেসবুক পোস্টের ক্যাপশনে রাশেদ খাঁন লেখেন, ‘হেলমেট পরে শ্রমিক নেমেছে? বডি ফিটনেস, ড্রেসআপ দেখে মনে হয় এরা শ্রমিক? শ্রমিকবেশে আন্দোলনে নেমেছে নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ।’
তাঁর এই বক্তব্যে চলমান শ্রমিক আন্দোলনে অংশগ্রহণকারীদের একটি অংশের রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ উঠে এসেছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য বা প্রমাণ তুলে ধরেননি।
৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন
গত কয়েক দিন ধরে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর ও গাজীপুরের বিভিন্ন এলাকায় আন্দোলন করছেন পোশাকশ্রমিকরা। আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
আহত শ্রমিকের মৃত্যুর প্রসঙ্গ
এদিকে গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে হামলায় আহত তৌফিক মিয়া (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে।
তৌফিকের মৃত্যুর প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন বলেন, কোনো সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না। তাঁর বক্তব্যে আন্দোলনে অংশগ্রহণকারীদের একটি অংশের ভূমিকা ও পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি
