কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে নিজেদের সক্ষমতা আরও বাড়াতে এআই কোডিং স্টার্টআপ কন্ডাক্টর অধিগ্রহণ করেছে প্রযুক্তি জায়ান্ট মেটা। সফটওয়্যার উন্নয়নের কাজে একাধিক এআই এজেন্টকে একসঙ্গে ব্যবহার করার সুযোগ দেয় কন্ডাক্টরের এই প্ল্যাটফর্ম। তবে প্রতিষ্ঠানটি অধিগ্রহণের আর্থিক মূল্য কিংবা চুক্তির বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, কন্ডাক্টর অধিগ্রহণের খবর প্রথম প্রকাশ করে সংবাদমাধ্যম অ্যাক্সিওস। পরে নিজেদের ব্লগে এ অধিগ্রহণের বিষয়টি নিশ্চিত করে স্টার্টআপটি।
বুধবার (৪ অক্টোবর) দেওয়া এক ঘোষণায় কন্ডাক্টরের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) চার্লি হোল্টজ জানান, প্রতিষ্ঠানটি এখন থেকে মেটার অংশ হিসেবে কাজ করবে। আগামী বছরের শুরুতে গ্রাহকদের জন্য নতুন কিছু নিয়ে আসার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হোল্টজ মেটার এআই বিভাগের প্রধান আলেকজান্ডার ওয়াং এবং সুপারইন্টেলিজেন্স ল্যাবসের পণ্য বিভাগের প্রধান নাট ফ্রিডম্যানের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
একসঙ্গে কাজ করবে একাধিক এআই এজেন্ট
২০২৪ সালে প্রতিষ্ঠিত হয় কন্ডাক্টর। গত বছর প্রতিষ্ঠানটি তাদের মূল পণ্য চালু করে। এর মাধ্যমে সফটওয়্যার প্রকৌশলীরা একটি প্রকল্পের বিভিন্ন কাজ একাধিক এআই এজেন্টের মধ্যে ভাগ করে দিতে পারেন। প্রতিটি এজেন্ট আলাদা কর্মপরিবেশে কাজ করায় বড় সফটওয়্যার প্রকল্পের বিভিন্ন অংশ একই সময়ে সম্পন্ন করা সম্ভব হয়।
কন্ডাক্টরের এআই এজেন্টগুলো ক্লাউড, নিজস্ব কম্পিউটার কিংবা ব্যবহারকারীর ফোনের মাধ্যমে পরিচালনা করা যায়। তবে এসব এজেন্ট কন্ডাক্টরের নিজস্ব তৈরি নয়। বরং অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের মতো প্রতিষ্ঠানের তৈরি এআই মডেল ব্যবহার করে এগুলো পরিচালিত হয়।
২০ নভেম্বর বন্ধ হচ্ছে ক্লাউড সেবা
অধিগ্রহণের পর কন্ডাক্টরের সেবায় কিছু পরিবর্তন আসছে। চার্লি হোল্টজ জানিয়েছেন, আগামী বছরের শুরু পর্যন্ত প্ল্যাটফর্মটির মূল সুবিধাগুলো আগের মতোই চালু থাকবে। তবে আগামী ২০ নভেম্বর থেকে কন্ডাক্টরের ক্লাউড সেবা বন্ধ করে দেওয়া হবে। এরপর ব্যবহারকারীদের ক্লাউডে সংরক্ষিত তথ্য মুছে ফেলার প্রক্রিয়া শুরু হবে।
এআই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে মেটার নতুন উদ্যোগ
কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে সাম্প্রতিক সময়ে একাধিক উদ্যোগ নিয়েছে মেটা। গত আগস্টে প্রতিষ্ঠানটি নিজস্ব কোডিং এজেন্ট ‘মিউজ কোড’ চালু করে। পাশাপাশি মেটার নতুন ‘মিউজ এজেন্ট’ সেবাটিও দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ সেবার ব্যবহারকারীর সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে।
এআই প্রযুক্তির উন্নয়ন ও সক্ষমতা বাড়াতে গত এক বছরে বেশ কয়েকটি প্রতিষ্ঠান অধিগ্রহণ করেছে মেটা। এর মধ্যে ভাইরাল এআই এজেন্ট প্ল্যাটফর্ম মল্টবুক অধিগ্রহণ নিয়েও আলোচনা হয়েছে।
প্রযুক্তি বিশ্লেষকদের কাছে কন্ডাক্টর অধিগ্রহণকে মেটার এআই অবকাঠামো, সফটওয়্যার উন্নয়ন এবং এআই এজেন্টভিত্তিক প্রযুক্তিতে বিনিয়োগ সম্প্রসারণের ধারাবাহিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে সফটওয়্যার তৈরির প্রক্রিয়ায় এআইয়ের ব্যবহার আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হতে পারে।
কালের আলো/এসএ/জেএন
