Kaler Alo
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

তথ্যপ্রযুক্তি ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০৭:১৪ পিএম

দীর্ঘদিন নতুনের মতো রাখতে ল্যাপটপের যত্ন নেবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০৭:১৪ পিএম

দীর্ঘদিন নতুনের মতো রাখতে ল্যাপটপের যত্ন নেবেন যেভাবে

নতুন ল্যাপটপ কেনার পর শুরুতে বেশ দ্রুত ও মসৃণভাবে কাজ করে। তবে সময়ের সঙ্গে সঠিক পরিচর্যার অভাবে অনেক ল্যাপটপই ধীরগতির হয়ে পড়ে। কখনো ধুলাবালি, কখনো অতিরিক্ত তাপ, আবার কখনো অপ্রয়োজনীয় সফটওয়্যার ও ফাইলের কারণে কমে যায় ডিভাইসের কার্যক্ষমতা। কিছু সহজ অভ্যাস গড়ে তুললে ল্যাপটপের গতি ও স্থায়িত্ব দীর্ঘদিন বজায় রাখা সম্ভব।

১. ভেতর ও বাইরে পরিষ্কার রাখুন
ল্যাপটপের আশপাশে খাবার বা পানীয় রাখা থেকে বিরত থাকা উচিত। পর্দা পরিষ্কারের জন্য নরম মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করা ভালো। পাশাপাশি ল্যাপটপের বাতাস চলাচলের পথ বা ভেন্টে ধুলাবালি জমলে তা ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে। নিয়মিত পরিষ্কার রাখলে ডিভাইসের বিভিন্ন অংশ ভালো অবস্থায় থাকে।

২. নিশ্চিত করুন সঠিক বায়ুপ্রবাহ
বিছানা, বালিশ বা নরম কোনো স্থানে ল্যাপটপ রেখে কাজ করলে বাতাস চলাচলে বাধা সৃষ্টি হয়। এতে ডিভাইস অতিরিক্ত গরম হয়ে কার্যক্ষমতা কমে যেতে পারে। তাই সব সময় টেবিল বা সমতল শক্ত জায়গায় ল্যাপটপ রেখে কাজ করা উচিত। ব্যবহারের পর ব্যাগে রাখার আগে ল্যাপটপ সম্পূর্ণ বন্ধ করে নেওয়াও জরুরি।

৩. ব্যাটারির যত্ন নিন
ল্যাপটপের ব্যাটারির আয়ু ধরে রাখতে চার্জের বিষয়ে সচেতন থাকা প্রয়োজন। সব সময় ১০০ শতাংশ চার্জে রেখে ব্যবহার না করাই ভালো। একইভাবে ব্যাটারি পুরোপুরি শূন্য হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করাও উচিত নয়। ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখতে ডিভাইসের নিজস্ব চার্জিং ব্যবস্থাপনা বা ব্যাটারি সুরক্ষা সুবিধা ব্যবহার করা যেতে পারে।

৪. সঠিকভাবে বহন ও সংরক্ষণ করুন
ল্যাপটপ এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার সময় শক্ত ও প্যাডযুক্ত ব্যাগ ব্যবহার করা উচিত। এতে ধাক্কা বা চাপ থেকে ডিভাইসটি সুরক্ষিত থাকে। ল্যাপটপের ওপর ভারী কোনো বস্তু রাখা যাবে না। পাশাপাশি অতিরিক্ত তাপ, আর্দ্রতা ও সরাসরি সূর্যালোক থেকে ডিভাইস দূরে রাখতে হবে।

৫. সফটওয়্যার নিয়মিত হালনাগাদ করুন
ল্যাপটপের কার্যক্ষমতা ও নিরাপত্তা বজায় রাখতে উইন্ডোজ এবং অন্যান্য অ্যাপ্লিকেশন নিয়মিত আপডেট করা জরুরি। সফটওয়্যার হালনাগাদের মাধ্যমে বিভিন্ন নিরাপত্তা ত্রুটি সংশোধন হয় এবং নতুন সুবিধাও যুক্ত হয়। তাই আপডেটের নোটিফিকেশন এড়িয়ে না গিয়ে প্রয়োজন অনুযায়ী ইনস্টল করা উচিত।

৬. অপ্রয়োজনীয় অ্যাপ ও ফাইল মুছে ফেলুন
ল্যাপটপে দীর্ঘদিন ধরে জমে থাকা অপ্রয়োজনীয় ফাইল ও অব্যবহৃত অ্যাপ ডিভাইসের স্টোরেজ দখল করে রাখে। তাই প্রয়োজন নেই এমন অ্যাপ আনইনস্টল করা ভালো। উইন্ডোজের স্টোরেজ সেন্স সুবিধা ব্যবহার করে সাময়িক ফাইল মুছে ফেলা যায়। বড় ফাইল ক্লাউড স্টোরেজ বা এক্সটার্নাল ড্রাইভে সরিয়ে রাখলেও ডিভাইসের স্টোরেজ খালি থাকে।

৭. ভাইরাস ও সাইবার হামলা থেকে সুরক্ষিত রাখুন
অপরিচিত লিংকে ক্লিক করা কিংবা অজানা উৎস থেকে ফাইল ডাউনলোড করা ঝুঁকিপূর্ণ। এসবের মাধ্যমে ল্যাপটপে ভাইরাস বা ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ করতে পারে। উইন্ডোজ ১১-এর বিল্ট-ইন মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস সক্রিয় রাখা এবং নিয়মিত নিরাপত্তা হালনাগাদ করা উচিত।

৮. ব্যবহারের অভ্যাসে আনুন পরিবর্তন
দিনের পর দিন ল্যাপটপ স্লিপ মোডে না রেখে কয়েক দিন পরপর পূর্ণাঙ্গ রিস্টার্ট বা শাটডাউন করা ভালো। এতে সাময়িক মেমোরি ও ব্যাকগ্রাউন্ডে চলা কিছু প্রক্রিয়া নতুন করে শুরু হয়। পাশাপাশি একসঙ্গে অনেক ভারী অ্যাপ চালু রেখে প্রসেসরের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা থেকে বিরত থাকা উচিত।

ল্যাপটপের যত্ন নেওয়ার জন্য সব সময় বিশেষজ্ঞের কাছে যাওয়ার প্রয়োজন হয় না। নিয়মিত পরিষ্কার রাখা, সঠিকভাবে ব্যবহার করা এবং সফটওয়্যার হালনাগাদ করার মতো ছোট ছোট অভ্যাসই ডিভাইসের কার্যক্ষমতা ও স্থায়িত্ব ধরে রাখতে সহায়তা করতে পারে।

কালের আলো/এসএ/জেএন

Link copied!