Kaler Alo
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০৫:৫০ পিএম

মেয়ারকে কোচ করে কেন সমালোচনার মুখে বাফুফে সভাপতি

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০৫:৫০ পিএম

মেয়ারকে কোচ করে কেন সমালোচনার মুখে বাফুফে সভাপতি

অসুস্থতার কারণে বাংলাদেশ নারী ফুটবল দলের সঙ্গে নেই প্রধান কোচ পিটার বাটলার। তাঁর অনুপস্থিতিতে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এরিক মেয়ারকে। তবে এই নিয়োগ ঘিরেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভেতরে তৈরি হয়েছে মতবিরোধ। নতুন কোচের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এমনকি তাঁর মতামত উপেক্ষা করেই বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এই নিয়োগ দিয়েছেন বলেও দাবি করেছেন তিনি।

বিষয়টি নিয়ে শুরু থেকেই অসন্তোষ প্রকাশ করে আসছিলেন কিরণ। সর্বশেষ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এরিক মেয়ারকে অন্তর্বর্তীকালীন কোচ করার সিদ্ধান্ত নিয়ে নিজের আপত্তির কথা প্রকাশ্যে জানান তিনি। তাঁর বক্তব্যে বাফুফে সভাপতি ও নারী ফুটবল বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির মধ্যে মতপার্থক্যের বিষয়টি সামনে আসে।

তবে এই মতবিরোধকে ব্যক্তিগত দূরত্ব হিসেবে দেখতে নারাজ বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। শুক্রবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে তিনি জানান, বিষয়টি মূলত দায়িত্ব পালনের প্রক্রিয়ায় তৈরি হওয়া পরিস্থিতি। এ নিয়ে কিরণের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথাও বলেননি তিনি।

কেন নিয়োগ দেওয়া হলো এরিক মেয়ারকে?
তাবিথ আউয়ালের ব্যাখ্যা অনুযায়ী, অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগের বিষয়ে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান ও বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। এদিকে পিটার বাটলারের অনুপস্থিতিতে দলের দায়িত্ব পালনের জন্য দ্রুত একজন কোচের প্রয়োজন ছিল। বিকল্প ব্যবস্থা না থাকায় সভাপতির নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে মেয়ারকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে তাবিথ বলেন, সভাপতি ও নারী কমিটির চেয়ারম্যানের মধ্যে কোনো দূরত্ব নেই। কোচ নিয়োগের বিষয়ে কমিটির চেয়ারম্যান ও টেকনিক্যাল ডিরেক্টর একমত হতে না পারায় পরিস্থিতি সামাল দিতে তাঁকে সিদ্ধান্ত নিতে হয়েছে। তাঁর ভাষ্য, কোচের অনুপস্থিতি এবং হাতে বিকল্প না থাকায় ফেডারেশনকে দ্রুত ব্যবস্থা নিতে হয়েছে।

কোচের যোগ্যতা নিয়ে প্রশ্ন
বাংলাদেশ নারী ফুটবল দল বর্তমানে এশিয়ার শীর্ষ ১২ দলের একটি। এমন একটি জাতীয় দলের দায়িত্বে এমন কাউকে কেন আনা হলো, যার জাতীয় দলের কোচিংয়ের অভিজ্ঞতা নেই—এই প্রশ্নই এখন সামনে এসেছে। বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত একটি দলের কোচ নির্বাচনে অভিজ্ঞতা ও যোগ্যতার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে তাবিথ আউয়ালের দাবি, পরিস্থিতির কারণেই এই নিয়োগ দিতে হয়েছে। তাঁর মতে, এটি স্থায়ী কোনো নিয়োগ নয়; সিঙ্গাপুরের বিপক্ষে কেবল দুটি প্রীতি ম্যাচের জন্য সাময়িক ব্যবস্থা।

তাবিথ বলেন, বর্তমান নিয়োগটি শুধু সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য দুটি ম্যাচের জন্য অন্তর্বর্তীকালীন। মাত্র চার সপ্তাহের জন্য কোনো যথাযথ লাইসেন্সধারী কোচ দায়িত্ব নিতে আগ্রহী হবেন না। এর পাশাপাশি নতুন কোচকে পিটার বাটলারের কোচিং দর্শন অনুসরণ করেও কাজ করতে হবে। এমন স্বল্প সময়ের দায়িত্ব নিতে বড় মাপের কোচদের আগ্রহী হওয়ার সম্ভাবনা কম বলেও মন্তব্য করেন তিনি।

বাফুফে সভাপতি আরও জানান, নারী ফুটবল কমিটি ও টেকনিক্যাল ডিরেক্টর কোনো কোচের নাম সুপারিশ করতে না পারায় ফেডারেশনের হাতে থাকা সুযোগ-সুবিধা ও সম্পদের ভিত্তিতেই মেয়ারকে বেছে নেওয়া হয়েছে।

জানুয়ারিতে আসতে পারেন নতুন কোচ
পিটার বাটলারের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে। তবে জটিল রোগে আক্রান্ত হওয়ায় তাঁর আবার কোচিংয়ে ফেরার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তাবিথ আউয়াল। ফলে আগামী বছরের শুরু থেকেই বাংলাদেশ নারী দলের জন্য নতুন কোচ নিয়োগের পরিকল্পনা করছে ফেডারেশন।

তাবিথের ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি থেকে নতুন কোচ দায়িত্ব নিতে পারেন। এর আগেই নারী ফুটবল কমিটিকে নতুন কোচ নিয়োগের জন্য সাক্ষাৎকার প্রক্রিয়া শুরু করার প্রত্যাশা জানিয়েছেন তিনি।

সব মিলিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচের জন্য এরিক মেয়ারকে নিয়োগ দেওয়া হলেও এই সিদ্ধান্ত ঘিরে বাফুফের অভ্যন্তরীণ মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। আপাতত অন্তর্বর্তীকালীন কোচের অধীনে দল কেমন করে, সেটিই দেখার বিষয়। পাশাপাশি জানুয়ারিতে নতুন কোচ নিয়োগের প্রক্রিয়ায় ফেডারেশন কতটা দ্রুত এগোতে পারে, সেদিকেও নজর থাকবে নারী ফুটবলসংশ্লিষ্টদের।

কালের আলো/এসএ/এএইচ

Link copied!