বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে বাংলাদেশ সফরে আসতে পারছেন না দলের দুই গুরুত্বপূর্ণ পেসার জেরাল্ড কোয়েটজি ও কোয়েনা মাফাকা। তাঁদের অনুপস্থিতিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে একাধিক পরিবর্তন এনেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দুই পেসারের চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে দলীয় ব্যবস্থাপনাকে।
ঘরোয়া ম্যাচে চোট কোয়েটজির
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্টে লায়ন্সের হয়ে নর্থ ওয়েস্ট ড্রাগনসের বিপক্ষে খেলতে গিয়ে অ্যাডাক্টর চোটে পড়েন জেরাল্ড কোয়েটজি। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সংস্করণের দলেই ছিলেন এই পেসার। তবে চোটের কারণে শেষ পর্যন্ত পুরো সফর থেকেই ছিটকে গেছেন তিনি।
কোয়েটজির জায়গায় প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে ডাক পেয়েছেন তিয়ান ফন ভুরেন। অন্যদিকে, টি-টোয়েন্টি দলে যুক্ত হয়েছেন ইথান বশ ও আনক্যাপড পেসার জেজে বাসন।
অনুশীলনে নতুন চোট মাফাকার
অন্যদিকে, ডান হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় ছিলেন তরুণ পেসার কোয়েনা মাফাকা। তবে অনুশীলনের সময় নতুন করে চোট পাওয়ায় তাঁকেও দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
এর ফলে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না তাঁর। একই সঙ্গে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ওয়ানডে সিরিজেও অংশ নিতে পারবেন না এই পেসার।
মাফাকার পরিবর্তে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের স্কোয়াডে যুক্ত হয়েছেন বায়ান্দা মোজোলা ও ওখুলে সেলে।
পেস আক্রমণে নতুন সমীকর
বাংলাদেশ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সংস্করণেই দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল কোয়েটজির। অন্যদিকে, তরুণ মাফাকাও ছিলেন দলের বোলিং পরিকল্পনার অংশ। তাঁদের একসঙ্গে ছিটকে যাওয়া দক্ষিণ আফ্রিকার জন্য বড় ধাক্কা হয়ে এসেছে।
সফরের আগে নতুন ক্রিকেটারদের দলে অন্তর্ভুক্ত করে ঘাটতি পূরণের চেষ্টা করছে দলটি। তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজে পরিবর্তিত পেস আক্রমণ কতটা কার্যকর হয়, সেটিই এখন দেখার বিষয়।
কালের আলো/এসএ/এএইচ







-20261126135523.jpg)










-20261124163219.jpg)

