ফুটবল ইতিহাসের দুই কিংবদন্তি পেলে ও দিয়েগো ম্যারাডোনা। একজন ব্রাজিলের, অন্যজন আর্জেন্টিনার। মাঠের অসামান্য সাফল্য, জনপ্রিয়তা আর সর্বকালের সেরা ফুটবলার হওয়ার বিতর্কে বারবার আলোচনায় এসেছেন তাঁরা। অথচ তাঁদের সম্পর্কের শুরুটা হয়েছিল বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধা দিয়ে। একসময় সেই বন্ধুত্বই রূপ নেয় তিক্ততায়। ভালোবাসা, মুগ্ধতা, অভিমান ও প্রতিদ্বন্দ্বিতার মিশেলে তৈরি হয় ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত সম্পর্ক।
নতুন একটি বইয়ে উঠে এসেছে দুই কিংবদন্তির সম্পর্কের সেই উত্থান-পতনের গল্প। যার সূচনা ১৯৭৯ সালের এপ্রিলে, ব্রাজিলের রিও ডি জেনেইরোর এক রোদেলা দুপুরে।
যেভাবে প্রথম দেখা পেলে-ম্যারাডোনার
তখন আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলকে বিশ্ব যুবকাপের ফাইনালে তুলেছেন তরুণ দিয়েগো ম্যারাডোনা। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের সঙ্গে দেখা করার প্রবল ইচ্ছা ছিল তাঁর। এ কথা এক সাংবাদিক বন্ধুকেও জানিয়েছিলেন। কয়েক সপ্তাহ চেষ্টা করেও দুই ফুটবলারের সাক্ষাতের ব্যবস্থা করা যাচ্ছিল না। কারণ, সোমবার দেখা করতে চাইতেন না ম্যারাডোনা। সপ্তাহের ওই এক দিনই বান্ধবী ক্লদিয়ার জন্য সময় বের করতে পারতেন তিনি।
শেষ পর্যন্ত সাক্ষাতের উদ্যোগ নেন আর্জেন্টাইন ক্রীড়া সাময়িকী এল গ্রাফিকোর সাংবাদিক গিয়ের্মো ব্লাঙ্কো। পেলের কাছ থেকে অনুমতি পাওয়ার পর তিনি দেখা করানোর ব্যাপারে মরিয়া হয়ে ওঠেন। এক রোববার রাতে আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে হুরাকানের বিপক্ষে ম্যাচ খেলার পর ম্যারাডোনাকে অনেকটা না জানিয়েই বিমানবন্দরে নিয়ে যান তিনি। এরপর বাবা, এজেন্ট ও এক আলোকচিত্রীকে সঙ্গে নিয়ে বিমানে তুলে দেন তরুণ ফুটবলারকে।
পরদিন কোপাকাবানায় আলফ্রেদো সাদের অ্যাপার্টমেন্টে মুখোমুখি হন পেলে ও ম্যারাডোনা। প্রায় এক ঘণ্টা ফুটবল ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন তাঁরা। উপস্থিত ছিলেন সাংবাদিক ব্লাঙ্কোও।
সেই দিনের স্মৃতিচারণা করে ব্লাঙ্কো জানান, শুরুতে পরিবেশ ছিল বেশ আনন্দঘন। দুজন গল্প করছিলেন, পেলে গিটার বের করে গানও গেয়েছিলেন। পরে কথাবার্তা কিছুটা গভীর হলে পেলে তরুণ ম্যারাডোনাকে নানা পরামর্শ দেন। নিজের শরীরের যত্ন নেওয়া, নিয়মিত অনুশীলন করা এবং কাঁধে থাকা দায়িত্ব সম্পর্কে সচেতন থাকার কথা বলেন তিনি।
ব্লাঙ্কোর ভাষায়, পেলের কথাগুলো অনেকটা ভবিষ্যদ্বাণীর মতো মনে হয়েছিল। নিজের অভিজ্ঞতা থেকে তিনি যেন ম্যারাডোনার জীবনে সামনে কী ঘটতে পারে, সে সম্পর্কে আগেই সতর্ক করেছিলেন।
বিদায়ের সময় ম্যারাডোনার বাবাকে আলিঙ্গন করেন পেলে। তরুণ ফুটবলারকে উপহার দেন নিজের স্বাক্ষর করা একটি বল, ব্রাজিলের জার্সি ও একটি ঘড়ি। সাক্ষাতের পর ম্যারাডোনা বলেছিলেন, ‘খেলোয়াড় হিসেবে পেলে যে ঈশ্বরতুল্য, তা আমি জানতাম। এখন তাঁর সঙ্গে দেখা করার পর বুঝলাম, মানুষ হিসেবেও তিনি তেমনই।’
১৯৮২ বিশ্বকাপে বন্ধুত্বে প্রথম ফাটল
সেদিনের সেই সুন্দর সাক্ষাতের সময় কেউ ভাবতেও পারেননি, ভবিষ্যতে তাঁদের সম্পর্ক এতটা তিক্ত হয়ে উঠবে। কয়েক বছর পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকলেও ১৯৮২ সালের বিশ্বকাপের সময় প্রথম বড় ফাটল দেখা দেয়।
বিশ্বকাপ চলাকালে একটি সংবাদপত্রের জন্য নিয়মিত কলাম লিখছিলেন পেলে। টুর্নামেন্ট শুরুর আগেই তিনি মন্তব্য করেন, ম্যারাডোনার চেয়ে ব্রাজিলের জিকো বেশি প্রভাব ফেলবেন। শুধু খেলার সামর্থ্য নয়, ম্যারাডোনার ব্যক্তিত্ব নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
নিজের কলামে পেলে লেখেন, ‘আমার সবচেয়ে বড় সংশয় হলো, দিয়েগোর ব্যক্তিত্বে এমন যথেষ্ট মহত্ত্ব আছে কি না, যা তাকে ঘিরে বিশ্বজুড়ে তৈরি হওয়া প্রত্যাশা ও সম্মানের যথার্থতা প্রমাণ করতে পারে।’
পরে ব্রাজিলের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বাতিস্তাকে লাথি মেরে লাল কার্ড দেখেন ম্যারাডোনা। ৩-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পরদিন নিজের কলামে আরও কঠোর মন্তব্য করেন পেলে। ম্যারাডোনাকে ‘অপরিণত এক তরুণ’ আখ্যা দিয়ে লেখেন, অনেকেই তাঁকে অন্ধভাবে মহান খেলোয়াড় বলে দাবি করেন, অথচ সেই উচ্চতায় পৌঁছানোর মতো সময়ই তিনি তখনো পাননি।
পেলের এমন মন্তব্যকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখেছিলেন ম্যারাডোনা। যাঁকে বন্ধু ও শুভাকাঙ্ক্ষী মনে করতেন, সেই মানুষই প্রকাশ্যে তাঁর প্রতিভা ও ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বিষয়টি গভীরভাবে আঘাত করেছিল তরুণ আর্জেন্টাইন তারকাকে।
বিশ্বকাপ জয়ের পর পাল্টে যায় সমীকরণ
তখনই অবশ্য প্রকাশ্যে ক্ষোভ দেখাননি ম্যারাডোনা। বয়স ছিল মাত্র ২১। বিশ্ব ফুটবলে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার পথ তখনো বাকি। ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর বদলে যেতে থাকে পরিস্থিতি। সমালোচকদের বিরুদ্ধে সরব হতে শুরু করেন তিনি। বিশ্ব ফুটবল যখন তাঁকে পেলের উত্তরসূরি হিসেবে দেখতে শুরু করে, তখন নিজের শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন তোলা ব্যক্তিদের পাল্টা আক্রমণ করেন ম্যারাডোনা।
ম্যারাডোনার উত্থান পেলের অবস্থানেও প্রভাব ফেলে। দীর্ঘদিন ধরে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে স্বীকৃত ব্রাজিলিয়ান কিংবদন্তি নিজের উত্তরাধিকার ও শ্রেষ্ঠত্বের অবস্থান ধরে রাখতে সক্রিয় হয়ে ওঠেন। এভাবেই দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আরও প্রকাশ্য রূপ নেয়।
আলফ্রেদো দি স্তেফানো, ইউসেবিও ও ইয়োহান ক্রুইফের মতো তারকারা বিভিন্ন সময়ে পেলের শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ জানালেও ম্যারাডোনার উত্থান ছিল ভিন্ন মাত্রার। অসাধারণ ব্যক্তিগত প্রতিভার পাশাপাশি সতীর্থদের আরও ভালো খেলোয়াড় হয়ে ওঠার অনুপ্রেরণা দেওয়ার ক্ষমতা ছিল তাঁর। নিজের সেরা সময়ে দলকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার সামর্থ্য দেখিয়েছিলেন তিনি।
১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পথে ম্যারাডোনার পারফরম্যান্স ছিল অবিস্মরণীয়। গোটা বিশ্ব যখন তাঁর ফুটবল-জাদুতে মুগ্ধ, তখন পেলে নিজের অর্জন সামনে আনতে শুরু করেন। একই সঙ্গে ম্যারাডোনার কৃতিত্ব নিয়েও প্রশ্ন তুলতেন। ইংল্যান্ডের বিপক্ষে তাঁর বিখ্যাত গোলটি যে হাত দিয়ে করা হয়েছিল, সেটিও বারবার মনে করিয়ে দিতেন ব্রাজিলিয়ান কিংবদন্তি।
ব্রাজিল-আর্জেন্টিনা প্রতিদ্বন্দ্বিতাও বাড়িয়েছিল দূরত্ব
পেলে ও ম্যারাডোনার ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের পেছনে দুই দেশের দীর্ঘদিনের ফুটবল প্রতিদ্বন্দ্বিতাও ভূমিকা রেখেছিল। ১৯৮৬ সালে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা শিরোপাসংখ্যায় দুইয়ে পৌঁছায়। অন্যদিকে তখন ব্রাজিলের বিশ্বকাপ শিরোপা ছিল তিনটি। ফলে দুই দেশের ফুটবল শ্রেষ্ঠত্বের ব্যবধানও কমে আসে।
ব্রাজিলিয়ান ফুটবলপ্রেমীদের একাংশের মধ্যে আর্জেন্টিনার খেলার কৌশল নিয়ে আপত্তি ছিল। তাঁদের ধারণা, আর্জেন্টাইনরা প্রতিপক্ষকে কৌশলে বোকা বানাতে এবং নিয়মের সীমা অতিক্রম করতে পছন্দ করে। যদিও খেলার মাঠে কৌশলী আচরণে ব্রাজিলও পিছিয়ে ছিল না। একই ধরনের আচরণ এক পক্ষের কাছে প্রতারণা, অন্য পক্ষের কাছে বুদ্ধিদীপ্ত কৌশল হিসেবে বিবেচিত হতো।
ম্যারাডোনাও নিয়মের সীমারেখা বুঝে নিজের মতো করে খেলতে জানতেন। তবে পেলের আপত্তি শুধু মাঠের কৌশল নিয়ে ছিল না। বরং এসব ঘটনায় অনুশোচনা না করার বিষয়টিও তাঁকে বিরক্ত করত।
মাদক গ্রহণ, ডোপিং, ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে গোল করা এবং সেটিকে ‘হ্যান্ড অব গড’ বা ‘ঈশ্বরের হাত’ হিসেবে অভিহিত করা—এসব বিষয় পেলের কাছে ছিল আপত্তিকর। বিশেষ করে ধর্মীয় বিশ্বাসকে গুরুত্ব দেওয়া পেলের কাছে ম্যারাডোনার এমন নামকরণ বাড়তি অস্বস্তির কারণ হয়েছিল।
‘আমরা তেল আর পানি’
সময়ের সঙ্গে তাঁদের সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছায় যে ম্যারাডোনা নিজেই একবার বলেছিলেন, ‘আমরা তেল আর পানি।’ অর্থাৎ দুজনের স্বভাব, চিন্তা ও অবস্থানের মধ্যে ছিল বিস্তর পার্থক্য। একজন ছিলেন তুলনামূলক সংযত ও প্রতিষ্ঠিত ফুটবল কাঠামোর প্রতিনিধি, অন্যজন ছিলেন বিদ্রোহী ব্যক্তিত্বের প্রতীক—এমন ব্যাখ্যাও প্রচলিত ছিল।
তবে ব্যক্তিগত বিরোধ ও শ্রেষ্ঠত্বের বিতর্কের বাইরেও দুজনের ফুটবলীয় অবদান ছিল অসামান্য। পেলে ও ম্যারাডোনা—দুজনই নিজ নিজ দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন এবং ফুটবল ইতিহাসে স্থায়ী জায়গা করে নিয়েছেন।
২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে মারা যান দিয়েগো ম্যারাডোনা। বুধবার (২৫ নভেম্বর) তাঁর মৃত্যুর ছয় বছর পূর্ণ হয়েছে। জীবনের নানা বিতর্ক, পেলের সঙ্গে সম্পর্কের তিক্ততা কিংবা ব্যক্তিগত উত্থান-পতন—সবকিছু ছাপিয়ে ফুটবলপ্রেমীদের স্মৃতিতে তিনি বেঁচে আছেন ১৯৮৬ বিশ্বকাপের অবিস্মরণীয় পারফরম্যান্স, অসাধারণ ফুটবল-প্রতিভা এবং মাঠে তৈরি করা অসংখ্য মুহূর্তের জন্য।
কালের আলো/এসএ/এএইচ






-20261127071205.jpg)


-20261127063917.jpg)


-20261124163219.jpg)







