Kaler Alo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০৫:৩৪ পিএম

বাফুফে সভায় কঠিন প্রশ্নের মুখে টেকনিক্যাল ডিরেক্টর টিটু

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০৫:৩৪ পিএম

বাফুফে সভায় কঠিন প্রশ্নের মুখে টেকনিক্যাল ডিরেক্টর টিটু

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অন্যতম গুরুত্বপূর্ণ পদ টেকনিক্যাল ডিরেক্টর। দেশের ফুটবলের দীর্ঘমেয়াদি পরিকল্পনা, কোচ তৈরি, প্রতিভা অন্বেষণ এবং জাতীয় দলের কোচিং কাঠামো গড়ে তোলার দায়িত্ব থাকে এই বিভাগের ওপর। তবে টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর কর্মকাণ্ড নিয়ে বেশ কিছুদিন ধরেই ফুটবলাঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে। এবার বাফুফের নির্বাহী কমিটির সভায় দুই সহ-সভাপতিসহ একাধিক কর্মকর্তার প্রশ্ন ও সমালোচনার মুখে পড়েছেন তিনি।

গতকাল অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় টিটুর দায়িত্ব পালন, কোচিং কোর্স আয়োজন, বিদেশ সফর এবং তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একপর্যায়ে তাঁর কর্মকাণ্ডের জবাবদিহি নিয়েও প্রশ্ন তোলেন কর্মকর্তারা।

টেকনিক্যাল ডিরেক্টর হয়েও কোচের দায়িত্বে বিদেশ সফর
সাইফুল বারী টিটুর বিরুদ্ধে অন্যতম অভিযোগ, বছরের অধিকাংশ সময় তিনি বিভিন্ন কোচিং কোর্স পরিচালনায় ব্যস্ত থাকেন। অথচ এত কোচকে প্রশিক্ষণ দিয়ে সনদ দেওয়ার পরও অনূর্ধ্ব-১৭ পর্যায়ের দলের প্রধান কোচ হিসেবে তাঁকে বিদেশ সফরে যেতে দেখা যায়। বিষয়টি নিয়ে সভায় এক সহ-সভাপতি কঠোর সমালোচনা করেন। তাঁর প্রশ্ন, টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি টিটু কেন কোচের ভূমিকায় বিদেশ সফর করবেন?

সভাপতি তাবিথ আউয়ালের অনুমোদন ছাড়া টিটুর কোচ হিসেবে বিদেশ সফরে যাওয়ার সুযোগ নেই। তবে ফেডারেশনের একাধিক কর্মকর্তার ভাষ্য, বিদেশ সফরের জন্য টিটু নিজেই পরিস্থিতি তৈরি করে সভাপতির কাছে প্রস্তাব উপস্থাপন করেন। অনেক সময় তাঁর বক্তব্য থাকে, সভাপতি অনুমতি দিলে তিনি কোচ হিসেবে যেতে রাজি আছেন।

নারী দলের কোচ হিসেবে টিটুকে বিভিন্ন দেশে পাঠানোর ক্ষেত্রেও নারী ফুটবল সংশ্লিষ্ট কর্মকর্তা মাহফুজা আক্তার কিরণের আগ্রহের প্রভাব রয়েছে বলে ফেডারেশনসংশ্লিষ্টদের মধ্যে আলোচনা আছে। কাজী সালাউদ্দিন ও মাহফুজা আক্তার কিরণের সময়েই নারী দলের প্রধান কোচ হিসেবে বাফুফেতে ফিরেছিলেন টিটু। পরবর্তী সময়ে তিনি টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব পান।

তৃণমূলের কোচদের কাজের মূল্যায়ন নিয়ে প্রশ্ন
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) অর্থায়নে বাফুফের বেতনভুক্ত কয়েকজন কোচ জেলা ও তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণের কাজ করেন। তাঁদের দায়িত্ব মূলত বিভিন্ন এলাকায় ফুটবলার খুঁজে বের করা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের বিকাশে ভূমিকা রাখা।

তবে এসব কোচ কোন জেলায় কী কাজ করছেন, তাঁদের কার্যক্রমের মূল্যায়ন কীভাবে হচ্ছে—এসব বিষয়েও সভায় প্রশ্ন ওঠে। বাফুফের আরেক সহ-সভাপতি টেকনিক্যাল ডিরেক্টরের কাছে এ বিষয়ে জানতে চান। নিজের জেলার একজন কোচের নিষ্ক্রিয়তার উদাহরণও তুলে ধরেন তিনি। তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণের জন্য অর্থ ব্যয় হলেও তার যথাযথ ফল পাওয়া যাচ্ছে কি না, সেই প্রশ্নও আলোচনায় আসে।

প্রো লাইসেন্স কোর্স আয়োজন নিয়েও আলোচনা
এএফসির নিয়ম অনুযায়ী, জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালনের জন্য এএফসি প্রো লাইসেন্স সনদ প্রয়োজন। এই সনদ অর্জনের জন্য প্রয়োজনীয় কোর্স আয়োজনের তাগিদ দিয়ে আসছেন বাফুফের একাধিক কর্মকর্তা। এবার কোর্সটি আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তবে ফুটবলাঙ্গনে এ নিয়ে আলোচনা রয়েছে। গুঞ্জন আছে, সাবেক ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফকে প্রো লাইসেন্স করানোর উদ্দেশ্যেই এই কোর্স আয়োজন করা হচ্ছে। যদিও টেকনিক্যাল বিভাগের তথ্য অনুযায়ী, টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে সাইফুল বারী টিটু নিজেও এই পর্যায়ের কোর্স পরিচালনা করতে পারতেন। এখন তাঁকে এএফসি প্রো লাইসেন্স কোর্স আয়োজন ও পরিচালনার অনুমতিও দেওয়া হয়েছে। তবে বিদেশি প্রশিক্ষক বা ইন্সট্রাক্টর আনতে হলে ব্যয়ও বাড়বে।

বিদেশি কোচ নিয়োগের দায়িত্ব নিয়েও প্রশ্ন
জাতীয় দলের সিনিয়র ও জুনিয়র পর্যায়ে বিদেশি কোচ নিয়োগের প্রক্রিয়ায় সরাসরি যুক্ত থাকেন টেকনিক্যাল ডিরেক্টর। মার্ক কক্স, জেরার্ড জোন্স ও থমাস ডুলির নিয়োগের ক্ষেত্রেও টিটুর প্রত্যক্ষ ভূমিকা ছিল। থমাস ডুলি সহকারী হিসেবে এমন কয়েকজন কোচকে এনেছিলেন, যাঁদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

নির্বাহী কমিটির সভায় টিটুর অন্যান্য কর্মকাণ্ড নিয়ে আলোচনা ও সমালোচনা হলেও বিদেশি কোচ নিয়োগের বিষয়টি তেমন গুরুত্ব পায়নি। জাতীয় দল কমিটির সভাতেও বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি বলে সংশ্লিষ্টদের ভাষ্য। একই সঙ্গে টেকনিক্যাল ডিরেক্টরের জবাবদিহি নিয়ে প্রশ্ন ওঠার একপর্যায়ে টেকনিক্যাল কমিটির দায়িত্ব ও কার্যকারিতা নিয়েও আলোচনা হয়।

বিসিএলে দল বাড়ানো নিয়ে দীর্ঘ আলোচনা
টেকনিক্যাল ডিরেক্টরকে ঘিরে বিতর্কের পাশাপাশি বাফুফের নির্বাহী কমিটির সভায় বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল) দলসংখ্যা নিয়েও এক ঘণ্টার বেশি সময় আলোচনা হয়। বিশেষ করে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে আবারও বিসিএলে খেলার সুযোগ দেওয়ার বিষয়ে দীর্ঘ আলোচনা করেন ফেডারেশনের এক সহ-সভাপতি। নির্বাহী কমিটির আরেক সদস্য উত্তর বারিধারাকেও লিগে সুযোগ দেওয়ার পক্ষে অবস্থান নেন।

তবে ফরাশগঞ্জের অতীত রেকর্ড নিয়ে আপত্তি ছিল সভাপতি তাবিথ আউয়ালসহ কয়েকজন কর্মকর্তার। তাঁদের যুক্তি, ক্লাবটি আগেও অবনমনের মুখে পড়েও নিচের স্তরে না খেলে একাধিকবার আগের স্তরে খেলার সুযোগ পেয়েছে। এ কারণে এবারও বিশেষ সুযোগ দেওয়ার বিষয়ে নেতিবাচক মনোভাব দেখা যায়।

সভা শেষে সাধারণ সম্পাদকের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতি
বাফুফের নির্বাহী কমিটির সভায় বিভিন্ন বিষয়ে যুক্তি-পাল্টা যুক্তি নতুন কিছু নয়। তবে গতকালের সভা শেষে তৈরি হয় বিব্রতকর পরিস্থিতি। আলোচ্যসূচিতে একটি বিষয় অন্তর্ভুক্ত না থাকায় নির্বাহী কমিটির এক সদস্য সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে উত্তেজিত আচরণ করেন এবং একপর্যায়ে হুমকির মতো পরিস্থিতির সৃষ্টি হয়।

সাধারণ সম্পাদকের ভদ্রতা ও নম্রতা নিয়ে ফেডারেশনসংশ্লিষ্টদের মধ্যে সাধারণত ইতিবাচক ধারণা রয়েছে। তবে তাঁর পরিপক্বতা ও দূরদর্শিতা নিয়ে ফুটবলাঙ্গনে প্রশ্ন আছে। গতকালের উত্তপ্ত পরিস্থিতিতে একপর্যায়ে তুষারও পাল্টা জবাব দেন। সভাপতির উপস্থিতিতেই এমন ঘটনা ঘটে। পরে এক সহ-সভাপতি উভয় পক্ষকে শান্ত করেন এবং বিষয়টি বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শোকজের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ
বাফুফের নির্বাহী কমিটির সদস্যদের আচরণ নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এর আগে সাখওয়াত হোসেন ভূইয়া শাহীন জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরাকে নিয়ে প্রকাশ্যে মন্তব্য করায় তাঁকে শোকজ করা হয়েছিল এবং জাতীয় দল কমিটি থেকেও অব্যাহতি দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে নির্বাহী কমিটির অন্য সদস্যদের কেউ কেউ বিভিন্ন বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করলেও তাঁদের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি।

ফেডারেশনের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের আচরণে একাধিকবার বিব্রতকর পরিস্থিতি তৈরি হলেও সেসব ঘটনায় সভাপতির পক্ষ থেকে দৃশ্যমান কোনো নির্দেশনা বা ব্যবস্থা দেখা যায়নি বলে সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন রয়েছে।

সব মিলিয়ে গতকালের নির্বাহী কমিটির সভায় শুধু টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর দায়িত্ব ও কর্মকাণ্ড নয়, বাফুফের প্রশাসনিক কাঠামো, কর্মকর্তাদের জবাবদিহি, কোচ নিয়োগ এবং লিগ পরিচালনার বিষয়গুলোও আলোচনায় এসেছে। দেশের ফুটবলের উন্নয়নে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের কার্যক্রম কতটা পরিকল্পিত ও ফলপ্রসূ, সেই প্রশ্নই আবার সামনে এসেছে।

কালের আলো/এসএ/এমএস

Link copied!