Kaler Alo
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০৫:১৭ পিএম

পর্দায় নতুন চরিত্রে নিজেকে ভাঙতে চান দীপা খন্দকার

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০৫:১৭ পিএম

পর্দায় নতুন চরিত্রে নিজেকে ভাঙতে চান দীপা খন্দকার

নন্দিত অভিনেত্রী ও মডেল দীপা খন্দকারের জন্মদিন আজ। অভিনয়জীবনে দীর্ঘ পথচলায় টেলিভিশন নাটক ও সিনেমায় নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেছেন। বর্তমানে ছোট পর্দার একাধিক ধারাবাহিক ও খণ্ড নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি নতুন সিনেমা ‘আবার দেখা হলে’র শুটিংও করছেন এই অভিনেত্রী। ব্যস্ততার মধ্যেও জন্মদিনে পরিবারের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা রয়েছে তাঁর।

জন্মদিন উদযাপন, দর্শকের ভালোবাসা, অভিনয়ের ব্যস্ততা এবং নতুন সিনেমাসহ নানা বিষয়ে কথা বলেছেন দীপা খন্দকার।

জন্মদিনের আয়োজন পরিবার ঘিরেই
জন্মদিন নিয়ে খুব বেশি আয়োজন বা পরিকল্পনা থাকে না দীপার। বিশেষ এই দিনটি পরিবারের সদস্যদের সঙ্গে কাটাতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। এবারও জন্মদিনে পরিবারের সঙ্গে সময় কাটানোর ইচ্ছা রয়েছে তাঁর। পাশাপাশি একটি টেলিভিশন চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। সেখানে কেক কেটে জন্মদিন উদযাপন করবেন অভিনেত্রী।

দীপা জানান, কিছুদিন আগেও তাঁর ধারণা ছিল, জন্মদিনের সময় নতুন সিনেমার শুটিংয়ের জন্য কুষ্টিয়ায় থাকতে হবে। সে অনুযায়ী মানসিক প্রস্তুতিও নিয়েছিলেন। তবে শুটিংয়ের সময়সূচিতে পরিবর্তন আসায় জন্মদিনে কাজ থেকে বিরতি পেয়েছেন। বিষয়টি তাঁর জন্য আনন্দের। কারণ, পরিবারের সদস্যরা চান বছরের অন্তত একটি বিশেষ দিন তিনি তাঁদের সঙ্গে কাটান। সন্তান ও পরিবারের অন্য সদস্যদের সময় দেওয়ার সুযোগ পাওয়ায় তিনি আনন্দিত।

জন্মদিনে সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী। সুস্থ থাকা, ভালো থাকা এবং আগামী দিনগুলোতে আরও ভালো কাজ করার প্রত্যাশা তাঁর।

দর্শকের ভালোবাসাই বড় প্রাপ্তি
অভিনয়জীবনে দর্শকের কাছ থেকে পাওয়া ভালোবাসাকে জীবনের অন্যতম বড় অর্জন বলে মনে করেন দীপা খন্দকার। এত মানুষের ভালোবাসা পাবেন, ক্যারিয়ারের শুরুতে কখনো এমনটা ভাবেননি তিনি। প্রতিবছর জন্মদিনে অসংখ্য মানুষ শুভেচ্ছা ও শুভকামনা জানান। তাঁদের আন্তরিকতা তাঁকে মুগ্ধ করে।

শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে নয়, বাইরে কোথাও গেলে দর্শক সরাসরি তাঁদের ভালো লাগা কিংবা কোনো কাজ নিয়ে অপছন্দের কথাও জানান। একজন শিল্পী হিসেবে দর্শকের এমন প্রতিক্রিয়াকে ইতিবাচকভাবে দেখেন দীপা। তাঁর মতে, দর্শকের আবেগ ও আন্তরিকতা একজন শিল্পীর জন্য অনেক বড় প্রাপ্তি। জন্মদিনে তাঁর সবচেয়ে বড় চাওয়া, দর্শকের এই ভালোবাসা যেন সব সময় অটুট থাকে।

‘আবার দেখা হলে’ নিয়ে আশাবাদী
বর্তমানে ‘আবার দেখা হলে’ সিনেমার শুটিং করছেন দীপা খন্দকার। বেশ কিছুদিন ধরে সিনেমাটির কাজ চলছে। কুষ্টিয়ার বিভিন্ন লোকেশনে ধারণ করা হচ্ছে দৃশ্যগুলো। সিনেমাটির গল্পে মধ্যবিত্ত জীবনের নানা আবেগ, সম্পর্ক ও মূল্যবোধ তুলে ধরা হয়েছে। পরিচিত জীবনের এমন গল্পে কাজ করতে পেরে ভালো লাগছে বলে জানিয়েছেন অভিনেত্রী।

সিনেমাটির পুরো ইউনিটের কাজের পরিবেশও তাঁর ভালো লেগেছে। দীপার কাছে একজন শিল্পীর জন্য ভালো গল্প ও অর্থবহ চরিত্র পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু সিনেমার সংখ্যা বাড়ানোর জন্য কাজ করতে চান না তিনি। গল্প ও চরিত্র পছন্দ হলেই কোনো কাজে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন। ‘আবার দেখা হলে’র গল্প তাঁকে আকৃষ্ট করেছে বলেই সিনেমাটিতে অভিনয়ে সম্মতি দিয়েছেন।

সিনেমাটি নিয়ে আগেভাগে বেশি কিছু বলতে চান না দীপা। দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে পুরো গল্প উপভোগ করবেন—এটাই তাঁর প্রত্যাশা। ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। তাই কাজটি নিয়ে বেশ আশাবাদী এই অভিনেত্রী।

মাসে ১২ দিনের পরিকল্পনা, কাজ হচ্ছে ২০ দিনের বেশি
ছোট পর্দায় বর্তমানে বেশ ব্যস্ত সময় কাটছে দীপার। সাধারণত মাসে ১২ দিন শুটিংয়ের জন্য বরাদ্দ রাখার চেষ্টা করেন তিনি। কিন্তু কাজের চাপ বেড়ে যাওয়ায় অনেক সময় মাসে ২০ দিনেরও বেশি শুটিং করতে হচ্ছে। ‘ফিরে আসার গল্প’ ও ‘বকুলপুর সিজন থ্রি’সহ একাধিক ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। পাশাপাশি খণ্ড নাটকেও কাজ করছেন তিনি।

নিয়মিত নতুন গল্প ও চিত্রনাট্য আসছে তাঁর কাছে। নির্মাতা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ভালোবেসে কাজের প্রস্তাব দেন বলে অনেক সময় কোনো প্রস্তাব ফিরিয়ে দিতে খারাপ লাগে। তবে ব্যস্ততার মধ্যেও চরিত্র নির্বাচনের ক্ষেত্রে সচেতন থাকতে চান অভিনেত্রী। একই ধরনের চরিত্র বারবার করতে আগ্রহী নন তিনি। প্রতিটি নতুন কাজে ভিন্ন কিছু করার সুযোগ খোঁজেন।

জীবনঘনিষ্ঠ চরিত্রে অভিনয়ের প্রত্যাশা
দীপা খন্দকার মনে করেন, এখন দর্শক শুধু পরিচিত মুখের জন্য নাটক দেখেন না; গল্পের আকর্ষণ তাঁদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই অভিনয়ের ক্ষেত্রে জীবনঘনিষ্ঠ গল্প ও চরিত্রকে বেশি গুরুত্ব দিতে চান তিনি। সমাজের বাস্তবতা, মানুষের দৈনন্দিন জীবন এবং চারপাশের নানা সমস্যা উঠে আসে—এমন গল্পে অভিনয়ের আগ্রহ তাঁর।

ভবিষ্যতে এমন চরিত্রে কাজ করতে চান, যেখানে অভিনয়ের নতুনত্ব থাকবে এবং নিজেকে ভিন্নভাবে তুলে ধরার সুযোগ মিলবে। একই সঙ্গে চান, তাঁর অভিনীত চরিত্র দর্শকের মনে দীর্ঘদিন জায়গা করে নিক। জন্মদিনে নতুন কাজের প্রত্যাশা, পরিবারের সঙ্গে সময় কাটানোর আনন্দ এবং দর্শকের ভালোবাসা—সব মিলিয়ে নতুন একটি বছর শুরু করছেন এই অভিনেত্রী।

কালের আলো/এসএ/এমএস

Link copied!