বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রকাশনা, প্রচার-প্রচারণাও নিষিদ্ধ। ২০২৫ সালের ১২ মে জারি করা প্রজ্ঞাপনের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে গণমাধ্যমকে এ বিধিনিষেধ বিবেচনায় রাখার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সরকারের এ অবস্থান তুলে ধরেন।
অগ্নিসংযোগ ও রাজনৈতিক সহিংসতা নিয়ে কঠোর অবস্থান
দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ, সম্প্রচারশিল্পের আর্থিক সংকট নিরসনে নতুন কাঠামোর দাবি বিজেসির
তিনি বলেন, '২০২৫ সালের ১২ মে প্রজ্ঞাপনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশনা ও প্রচার-প্রচারণাও রয়েছে। বিষয়টি গণমাধ্যমের বিবেচনায় রাখা উচিত।'
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি আরও স্পষ্ট করে প্রতিমন্ত্রী বলেন, 'আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি তাদের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ। বিষয়টি গণমাধ্যমের মনে রাখা উচিত বলে আমি মনে করি।' এ ছাড়া সামগ্রিকভাবে মতবিনিময় সভায় গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা, সম্প্রচারশিল্পের অর্থনৈতিক সক্ষমতা এবং সাংবাদিকদের পেশাগত অধিকার—এই তিনটি বিষয়ই আলোচনার কেন্দ্রে উঠে আসে।
অগ্নিসংযোগের ঘটনায় কঠোর অবস্থান
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যারা এ ধরনের কর্মকাণ্ড ঘটাচ্ছে, তাদের রাজনীতিই ধ্বংসের রাজনীতি। তাঁর ভাষায়, 'যারা অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে, তাদের রাজনীতিই হচ্ছে ধ্বংসের রাজনীতি। এটি নতুন কিছু নয়। তাদের জন্মলগ্ন থেকেই অগ্নিসন্ত্রাস, গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।'
এসব ঘটনা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে জানিয়ে তিনি বলেন, 'রাতের অন্ধকারে বিচ্ছিন্নভাবে কয়েকজন এসে স্লোগান দিয়ে চলে যেতে পারে কিংবা কোথাও গাড়ি বা বাসে আগুন দিয়ে পালিয়ে যেতে পারে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে তৎপর রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।' প্রতিমন্ত্রী আরও বলেন, 'অগ্নিসন্ত্রাসের মূল হোতা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে। বাংলাদেশের জনগণ এই বিচার দেখতে চায়।'
গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়
বিজেসি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ে গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা, আর্থিক সংকট ও সম্প্রচারমাধ্যমের আধুনিকায়নের বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় প্রতিমন্ত্রী সরকারের গণমাধ্যমনীতি তুলে ধরে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে।
তিনি বলেন, 'আমরা দায়িত্বশীল সাংবাদিকতা চাই। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের জনগণ যাতে সঠিক তথ্য পায়, সেটিই আমাদের প্রত্যাশা। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার এখন পর্যন্ত কোনো ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ার কাজে হস্তক্ষেপ করেনি এবং ভবিষ্যতেও গণমাধ্যম নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপের কোনো প্রশ্নই ওঠে না।' প্রতিনিধিদল টেলিভিশন চ্যানেলগুলোর আয় বাড়ানো, ডিজিটাল প্ল্যাটফর্মের উন্নয়ন এবং বিদ্যমান নীতিমালার প্রয়োজনীয় পরিবর্তন নিয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরে। এসব প্রস্তাব লিখিতভাবে মন্ত্রণালয়ে জমা দেওয়ার পর পর্যালোচনা ও বিবেচনার ভিত্তিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।
সাবস্ক্রিপশন আয়ে ভাগ চায় টিভি চ্যানেল
দেশের টেলিভিশন চ্যানেলগুলোর দীর্ঘদিনের আর্থিক সংকট মোকাবিলায় নতুন আয়ের উৎস সৃষ্টির বিষয়টিও আলোচনায় বিশেষ গুরুত্ব পায়। বর্তমানে অধিকাংশ টেলিভিশন চ্যানেল বিজ্ঞাপননির্ভর হওয়ায় পরিচালন ব্যয় নির্বাহ এবং সাংবাদিকদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধ কঠিন হয়ে পড়েছে বলে জানান বিজেসি প্রতিনিধিরা।
এ পরিস্থিতি থেকে উত্তরণে কেবল অপারেটরদের কাছ থেকে গ্রাহকপর্যায়ের সাবস্ক্রিপশন আয়ের একটি অংশ টেলিভিশন চ্যানেলগুলোকে দেওয়ার প্রস্তাব তুলে ধরেন তাঁরা। প্রতিমন্ত্রীও জানান, গ্রাহকপর্যায়ের সাবস্ক্রিপশন আয়ের একটি অংশ টেলিভিশন চ্যানেলগুলোকে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
প্রতিনিধিদলের মতে, সম্প্রচারমাধ্যমের আর্থিক ভিত্তি শক্তিশালী করতে এ প্রস্তাব বাস্তবায়ন জরুরি। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনেও ডিজিটালাইজেশন সম্পন্ন না হওয়া পর্যন্ত এ ধরনের একটি অন্তর্বর্তী ব্যবস্থা চালুর সুপারিশ রয়েছে। কমিশন প্রায় ৫৫টি অংশীজনের সঙ্গে আলোচনা করে বিভিন্ন সুপারিশ প্রণয়ন করেছে। সেসব সুপারিশের গুরুত্বপূর্ণ অংশ দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিজেসি প্রতিনিধিরা।

বার কাউন্সিলের আদলে গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাব
গণমাধ্যমের বিদ্যমান সমস্যাগুলো সমন্বিতভাবে সমাধানের লক্ষ্যে বার কাউন্সিলের আদলে একটি গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাবও তুলে ধরেন প্রতিনিধিদলের সদস্যরা। তাঁদের মতে, এ ধরনের কমিশন প্রতিষ্ঠিত হলে সংবাদপত্র, টেলিভিশন ও ডিজিটাল গণমাধ্যমের পেশাগত, প্রাতিষ্ঠানিক ও নীতিগত সমস্যাগুলো সমাধানে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
একই সঙ্গে সাংবাদিকদের বেতন-ভাতা, সুযোগ-সুবিধা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে গণমাধ্যম মালিকদের জবাবদিহির আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। প্রতিনিধিদলের সদস্যরা মনে করেন, সাংবাদিকদের যথাযথ বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা না গেলে দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়ে।
মতবিনিময় সভায় প্রতিনিধিদল বর্তমান সরকারের সময়ে গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার যে পরিবেশ তৈরি হয়েছে, তা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করে। একই সঙ্গে সম্প্রচার সাংবাদিকতার আর্থিক সক্ষমতা বৃদ্ধি, পেশাগত নিরাপত্তা, স্বাধীনতা ও আধুনিকায়নে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করে।
কালের আলো/আরআই/এমকে
