Kaler Alo
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ০৭:১০ পিএম

পাহাড়ে পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ০৭:১০ পিএম

পাহাড়ে পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬: স্বরাষ্ট্রমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ৪৯০ জন।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পক্ষে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

পাঁচ বছরে ২৭৫ বার হামলা
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে বেসামরিক জনগণের নিরাপত্তা বিঘ্নিত করতে বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪ বার এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওপর ৮১ বার হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীগুলো। এ সময়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর ৯৭ বার আক্রমণের ঘটনা ঘটেছে।

এ ছাড়া সশস্ত্র গোষ্ঠীর হাতে ২৯৭ জন অপহরণের শিকার হয়েছেন। জোরপূর্বক চাঁদা আদায়ের ঘটনা ঘটেছে ৪৭১ বার এবং অবৈধ অস্ত্রের ব্যবহার হয়েছে ৩৭৭ বার।

পাহাড়ে চলছে বিশেষ যৌথ অভিযান
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাসীদের তৎপরতা দমনে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির নিয়মিত টহল এবং গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করা হচ্ছে।

তিনি বলেন, পাহাড়ে অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণ করা হয়েছে। সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে প্রচলিত আইন অনুযায়ী মামলা করে আসামিদের আইনের আওতায় আনা হচ্ছে।

পার্বত্য অঞ্চলের জনগণের নিরাপত্তায় স্থানীয় প্রশাসনও সার্বক্ষণিক কাজ করছে। নতুন ও পুরোনো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা নির্মূল এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে নিয়মিত বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি জোরদার
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের গোপন আস্তানা ও প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংস করতে দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালানো হচ্ছে। প্রয়োজন অনুযায়ী বিমানবাহিনীর সহযোগিতায় হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে।

সন্ত্রাসীদের চাঁদা আদায়ের উৎস ও অর্থনৈতিক খাত চিহ্নিত করে নজরদারি বাড়ানো হয়েছে। চাঁদাবাজি বন্ধে চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি এবং মোবাইল ব্যাংকিং ও আর্থিক লেনদেনের ওপর গোয়েন্দা তদারকি জোরদার করা হয়েছে।

সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান ঠেকাতে বিজিবির সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ভারতের মিজোরাম ও মিয়ানমার সীমান্তসংলগ্ন দুর্গম এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

তিনি জানান, অস্ত্র ও সামরিক পোশাক সরবরাহের সঙ্গে জড়িত সমতলের বিভিন্ন উৎস ও নেটওয়ার্ক পুলিশ ও এসআরবি উন্মোচন করছে। চলমান বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর শত শত সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, তাজা গুলি, ম্যাগাজিন, সামরিক পোশাক এবং ড্রোন ও সিগন্যাল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

কালের আলো/এম/এএইচ

Link copied!