২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৫ বছরে বিভিন্ন অনিয়ম ও বিধিবিধান লঙ্ঘনের কারণে ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে এনজিও বিষয়ক ব্যুরো। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
এনজিওর কার্যক্রম সমন্বয় করে ব্যুরো
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ১৯৯০ সালে এনজিও বিষয়ক ব্যুরো প্রতিষ্ঠার পর থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে প্রতিষ্ঠানটি বৈদেশিক অনুদানপ্রাপ্ত এনজিওগুলোর স্বেচ্ছাসেবামূলক প্রকল্পের কার্যক্রম সমন্বয় করে আসছে।
তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনেও এনজিওগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
উন্নয়নমূলক বিভিন্ন খাতে এনজিওর ভূমিকা
সালাহউদ্দিন আহমদ বলেন, দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্তি, জনস্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, লিঙ্গসমতা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, নারী নির্যাতন প্রতিরোধ এবং সুপেয় পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার মতো বিভিন্ন ক্ষেত্রে এনজিওগুলো কাজ করছে।
এসব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও সমন্বয়ের দায়িত্ব পালন করছে এনজিও বিষয়ক ব্যুরো।
যেসব কারণে বাতিল হয়েছে নিবন্ধন
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এনজিও বিষয়ক ব্যুরো নতুন এনজিওর নিবন্ধন প্রদান, নিবন্ধন নবায়ন, প্রকল্প অনুমোদন, অর্থছাড় এবং প্রকল্প বাস্তবায়ন পর্যবেক্ষণ ও তদারকিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।
২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ৭২২টি এনজিওর নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন অনিয়ম ও বিধিবিধান লঙ্ঘনের কারণে এসব সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
নিবন্ধন বাতিলের উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে রয়েছে নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আবেদন না করা, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ, নিবন্ধনের সময় দেওয়া শর্ত এবং পরবর্তী সময়ে ব্যুরোর আইনানুগ নির্দেশনা অমান্য করা।
এ ছাড়া ভুয়া বা নকল লেটার অব ইনটেন্ট (এলওআই) দাখিলের কারণেও কয়েকটি এনজিওর বিরুদ্ধে নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধের ব্যবস্থা নেওয়া হয়েছে।
কালের আলো/এম/এএইচ
