Kaler Alo
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

কূটনৈতিক প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০১:১৩ পিএম

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা তারেক রহমানের

কূটনৈতিক প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০১:১৩ পিএম

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা তারেক রহমানের

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এ ছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, চীনের উপ-রাষ্ট্রপতি ও উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর বৈঠক ইতিমধ্যে নিশ্চিত হয়েছে। জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১) ঘিরে তুরস্ক সফরে এসব বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমানের কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম উপস্থিত ছিলেন।

একাধিক দেশের শীর্ষ নেতার সঙ্গে বৈঠক
পররাষ্ট্র সচিব জানান, তুরস্ক সফরকালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, চীনের উপ-রাষ্ট্রপতি এবং উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক নিশ্চিত হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গেও বৈঠক হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকের সূচি রয়েছে। এসব বৈঠকে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা
তুরস্ক সফরে বাংলাদেশের সঙ্গে দেশটির সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে কি না, বিশেষ করে ড্রোন কারখানা ও সামরিক সহযোগিতার বিষয়টি জানতে চাওয়া হয় সংবাদ সম্মেলনে।

জবাবে পররাষ্ট্র সচিব বলেন, এসব বিষয় সামরিক সহযোগিতার অংশ। তবে বগুড়ায় ড্রোন কারখানা স্থাপন কিংবা নির্দিষ্ট কোনো অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে এখনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। বিষয়গুলো পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে।

বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়েও আলোচনা হতে পারে
ঢাকার বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় তুরস্কের কোম্পানি চেলেবির সহযোগিতার বিষয়টি সফরে আলোচনায় আসবে কি না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব জানান, এটি কোনো একক দ্বিপাক্ষিক সফর নয়। আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে সাইডলাইন বৈঠক হবে। তাই নির্দিষ্ট কোনো বড় বাণিজ্যিক চুক্তির চেয়ে সামগ্রিক দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেতে পারে বলে জানান তিনি।

১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন তিনি।

১২ নভেম্বর কপ-৩১ সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, আন্তর্জাতিক সহযোগিতা এবং বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সেখানে গুরুত্ব পেতে পারে।

কালের আলো/এসএ/এমএইচএ

Link copied!