নতুন নীতিমালার প্রতিবাদে রাজধানীতে অটোরিকশাচালকদের ধর্মঘটে সকাল থেকেই ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে ধোলাইখাল, দয়াগঞ্জ, যাত্রাবাড়ী ও ধোলাইপাড়সহ আশপাশের এলাকায় অটোরিকশা চলাচল প্রায় বন্ধ রয়েছে। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও জরুরি কাজে বের হওয়া যাত্রীরা পড়েছেন বিপাকে। অনেককে যানবাহন না পেয়ে দীর্ঘ পথ হেঁটে গন্তব্যে যেতে হয়েছে।
ধর্মঘটের সমর্থনে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেন অটোরিকশাচালকরা। দু-একটি অটোরিকশা চলাচল করতে দেখা গেলেও সেগুলো আটকে দেওয়ার অভিযোগ উঠেছে। কোথাও অটোরিকশার হেডলাইট ভাঙচুর, আবার কোথাও ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার ঘটনাও ঘটেছে।
নতুন নীতিমালা নিয়ে আপত্তি
অটোরিকশাচালকদের দাবি, সরকার প্রণীত নতুন নীতিমালায় লাইসেন্স ফি বেশি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি একজন চালকের পাঁচটির বেশি অটোরিকশা পরিচালনার সুযোগ না রাখার বিধানেরও প্রতিবাদ করছেন তারা। এসব সিদ্ধান্তের পরিবর্তনের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন চালকরা।
সোমবার সকাল ৯টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ী মোড়ে মিছিল নিয়ে সমবেত হন চালকরা। সেখানে বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দেখা যায় তাদের। পরে আশপাশের বিভিন্ন সড়কে অটোরিকশা চলাচলে বাধা দেওয়ার ঘটনা ঘটে।
অটোরিকশায় ভাঙচুর, আতঙ্কে দুই স্কুলছাত্রী
ধর্মঘট চলাকালে কয়েকটি অটোরিকশায় ভাঙচুর ও চালকদের বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। সকাল সোয়া ৯টার দিকে দয়াগঞ্জ মোড়ে দুই স্কুলছাত্রীকে নিয়ে একটি অটোরিকশা যাওয়ার সময় সেটির ওপর হামলা হয়। এ সময় এক ব্যক্তি অটোরিকশাটির হেডলাইটে আঘাত করলে সেটি ভেঙে যায়। এতে ভেতরে থাকা দুই স্কুলছাত্রী আতঙ্কিত হয়ে পড়ে।
পরে অটোরিকশাচালকের সঙ্গে ওই ব্যক্তির বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়।
অন্যদিকে মুরগিটোলা মোড়ে তিন থেকে চারটি অটোরিকশা আটকে সেগুলোর ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচলে বাধা দেওয়ার খবর পাওয়া গেছে।
যানবাহন না পেয়ে হেঁটে গন্তব্যে
হঠাৎ অটোরিকশা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা। সকাল থেকে বিভিন্ন মোড়ে যানবাহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনেককে। সময়মতো কর্মস্থলে পৌঁছাতে না পেরে কেউ কেউ দীর্ঘ পথ হেঁটে গন্তব্যে রওনা হন।
যাত্রাবাড়ী থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অফিস করতে যাওয়া এক কর্মকর্তা বলেন, ‘রাস্তায় এসে দেখি অটোরিকশা চলাচল বন্ধ। এখন বাধ্য হয়ে হেঁটে যাচ্ছি।’
ধর্মঘটের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় যাত্রীদের দুর্ভোগ বাড়লেও পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কালের আলো/এএইচ/জেএন
