টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পেসারদের মধ্যে নতুন ইতিহাস গড়েছেন হাসান মাহমুদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে এক ইনিংসে ছয় উইকেট নিয়ে দেশের পেসারদের মধ্যে সবচেয়ে বেশি পাঁচ উইকেট পাওয়ার কীর্তি গড়েছেন তিনি। মাত্র ১৯ টেস্ট খেলেই এমন অনন্য রেকর্ড নিজের করে নিয়েছেন এই ডানহাতি পেসার।
এর আগে বাংলাদেশের পেসারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ চারবার পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড ছিল শাহাদাত হোসেনের। ৩৮ ম্যাচ খেলে এই কীর্তি গড়েছিলেন তিনি। এবার নিজের ১৯তম টেস্টেই সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন হাসান।
দ্বিতীয় দিনের শুরুতেই হাসানের তাণ্ডব
সিলেট টেস্টের প্রথম দিনে দুটি উইকেট নিয়েছিলেন হাসান। তবে তাঁর আসল দাপট দেখা যায় দ্বিতীয় দিনের সকালে। দিনের শুরুতেই আমির জাঙ্গুকে বোল্ড করে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে ধাক্কা দেন তিনি। পরের বলেই রস্টন চেজকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন।
এরপর হ্যাটট্রিকের সুযোগ তৈরি হলেও জশুয়া বিশপকে প্রথমবার আউট করতে পারেননি হাসান। ডিআরএসের সহায়তায় বেঁচে যান এই ক্যারিবীয় ব্যাটার। তবে পরে লিটন দাসের দুর্দান্ত ক্যাচে বিশপকে ফিরিয়ে নিজের পঞ্চম উইকেট পূর্ণ করেন হাসান। এর মধ্য দিয়েই বাংলাদেশের পেসারদের মধ্যে সর্বোচ্চ পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন তিনি।
দ্বিতীয়বার এক ইনিংসে ছয় উইকেট
পাঁচ উইকেট নিয়েই থেমে থাকেননি হাসান। পরে শামার জোসেফকে বোল্ড করে এক ইনিংসে ছয় উইকেট পূর্ণ করেন। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে ছয় বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি।
এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৫ রানে ছয় উইকেট নিয়েছিলেন হাসান। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই কীর্তি পুনরাবৃত্তি করে বাংলাদেশের পেসারদের মধ্যে আলাদা অবস্থান তৈরি করলেন।
পেসারদের মধ্যে একমাত্র হাসানই একাধিকবার
টেস্টে এক ইনিংসে ছয় বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে বাংলাদেশের আরও ছয় পেসারের। তাঁরা হলেন শাহাদাত হোসেন, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, রবিউল ইসলাম, শরিফুল ইসলাম ও মঞ্জুরুল ইসলাম।
তবে তাঁদের কেউই একাধিকবার এই কীর্তি গড়তে পারেননি। সেই জায়গায় দ্বিতীয়বার ছয় উইকেট নিয়ে সবাইকে ছাড়িয়ে গেছেন হাসান মাহমুদ।
মাত্র ১৯ টেস্টের ক্যারিয়ারেই এমন রেকর্ড গড়ে বাংলাদেশের পেস আক্রমণে নিজের গুরুত্ব আরও একবার প্রমাণ করলেন ২৬ বছর বয়সী এই বোলার। তাঁর দুর্দান্ত বোলিংয়েই সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫৬ রানে আটকে রাখতে পেরেছে বাংলাদেশ।
কালের আলো/টিসি/জেএন
