Kaler Alo
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০৬:০৮ পিএম

ডামি নির্বাচনে গণতন্ত্রকে কবর দিয়েছিল আওয়ামী লীগ: স্পিকার

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০৬:০৮ পিএম

ডামি নির্বাচনে গণতন্ত্রকে কবর দিয়েছিল আওয়ামী লীগ: স্পিকার

আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৭ বছর ধরে অন্যায়, জুলুম, নিপীড়ন ও ডামি নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে সম্পূর্ণ ভুলুণ্ঠিত করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতা এদেশে পুনরায় গণতন্ত্রের অগ্রযাত্রার নতুন সূচনা করেছে।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের সূচনা বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বিকাল সাড়ে ৩টায় সংসদের বৈঠক শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

স্পিকার বলেন, জাতীয় সংসদ জনগণের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও জনমতের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক অভিব্যক্তি। বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম দীর্ঘ ও ঘটনাবহুল। এদেশের জনগণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বারবার সাহস, ত্যাগ ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ডামি নির্বাচন, অন্যায়, জুলুম, নিপীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সরকার এ দেশে গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করেছিল। ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে এদেশে পুনরায় গণতন্ত্রের অগ্রযাত্রা সূচিত হয়। গণতন্ত্র ছাড়া একটি দেশে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

সংসদের কার্যকর ভূমিকা তুলে ধরে স্পিকার আরও বলেন, জাতীয় সংসদের প্রতি জনগণের প্রত্যাশা ব্যাপক। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা এবং জনগণের অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করা এই সংসদের অন্যতম প্রধান দায়িত্ব। সংসদীয় গণতন্ত্রের মূল শক্তি হলো আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল মতপ্রকাশ।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। আমাদের স্বাধীনতা অর্জনের ইতিহাস আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের এক গৌরবময় অধ্যায়। এই ইতিহাস আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস।

২০২৪ সালের গণঅভ্যুত্থান সম্পর্কে স্পিকার বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ছাত্র-জনতার অংশগ্রহণে সংগঠিত এই গণঅভ্যুত্থান মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশাকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে।

বক্তব্যের শেষ পর্যায়ে মহান আল্লাহর কাছে বাংলাদেশকে শান্তি, স্থিতিশীলতা, ন্যায়বিচার ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার তৌফিক এবং সংসদ সদস্যদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের শক্তি ও প্রজ্ঞা কামনা করেন স্পিকার।

কালের আলো/এম/এএইচ

Link copied!