রমজান আসতে এখনো কয়েক মাস বাকি। তবে এরই মধ্যে রাজধানীর বাজারে বাড়তে শুরু করেছে ছোলার দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ছোলার দাম বেড়েছে প্রায় ১০ থেকে ১৫ টাকা। একই সঙ্গে বেড়েছে ছোলার ডালের দামও। রমজানকে সামনে রেখে আগেভাগে দাম বাড়ানোর এমন প্রবণতায় বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারা।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-৬ ও ৬০ ফিট এলাকার বিভিন্ন বাজারে নিত্যপণ্যের দাম যাচাই করে ছোলার বাজারে এ চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে ঢাকার খুচরা বাজারে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকায়। অথচ গত সপ্তাহেও প্রতি কেজি ছোলার দাম ছিল ১০০ টাকার মধ্যে। ছোলার ডালের দামও বেড়ে প্রতি কেজি ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
কৃষি বিপণন অধিদপ্তরের ৬ নভেম্বরের তথ্য অনুযায়ী, ঢাকা মহানগরীতে ছোলার গড় খুচরা দাম ১০৪ টাকা ৫০ পয়সা। এদিন ছোলার সর্বনিম্ন দাম ছিল ১০২ টাকা এবং সর্বোচ্চ ১০৭ টাকা।
পাইকারি বাজারে দাম বৃদ্ধির প্রভাব
মিরপুরের ৬০ ফিট এলাকার মুদি দোকানদার মো. আল আমিন বলেন, পাইকারি আড়তদাররাই এখন ছোলার দাম বাড়িয়ে দিয়েছেন। গত সপ্তাহে যে ছোলা প্রতি কেজি ৯২ থেকে ৯৫ টাকা দরে কিনেছেন, বর্তমানে সেটি পাইকারিতে ১০২ থেকে ১০৫ টাকা পড়ছে।
তিনি বলেন, রমজান আসার আগেই পাইকারি বাজারে দাম বাড়ানো শুরু হয়েছে। এর প্রভাব পড়ছে খুচরা বাজারেও। ফলে বেশি দামে পণ্য কিনে ক্রেতাদের কাছে বিক্রি করতে হচ্ছে।
আগাম দাম বাড়ায় ক্ষোভ ক্রেতাদের
বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী মাইনুল ইসলাম বলেন, রমজান আসতে এখনো বেশ কয়েক মাস বাকি। এর মধ্যেই ছোলার দাম বেড়ে যাওয়া অস্বাভাবিক। প্রতিবছর রমজানকে সামনে রেখে আগেভাগেই নিত্যপণ্যের দাম বাড়ানো হয়। এতে সাধারণ ক্রেতাদের চরম ভোগান্তি পোহাতে হয়।
কালের আলো/এসকে/এমএসআইপি
