Kaler Alo
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
২১ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের চীন সফরের পর বাংলাদেশে খাল খনন কর্মসূচি শুরু হয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৬, ০২:২৭ পিএম

সবার জন্য বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করতে চায় সরকার

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৬, ০২:২৭ পিএম

সবার জন্য বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করতে চায় সরকার

সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সাধারণ রোগীরা যাতে বিভাগীয় ও আঞ্চলিক পর্যায়েই মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা পান, সে লক্ষ্যে সরকার বাস্তবমুখী পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের ‘৩২তম জাতীয় সম্মেলন ও ২য় আউট রিচ প্রোগ্রাম বাংলাদেশের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দের যথাযথ ব্যবহার জরুরি
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের বাজেটে স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। দেশের স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক উন্নয়নে এই বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও সার্বিক দিকনির্দেশনা দেবে। তবে চিকিৎসাব্যবস্থায় গুণগত পরিবর্তন এনে জনগণের সেবা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট সবার। এ ক্ষেত্রে চিকিৎসক, স্বাস্থ্যসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও অন্যান্য অংশীজনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

জটিল রোগের চিকিৎসা দেশেই নিশ্চিতের আহ্বান
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, রোগীরা যাতে দেশেই সব ধরনের জটিল ও আধুনিক রোগের পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা পান, সে লক্ষ্যে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সাধারণ মানুষকে উন্নত চিকিৎসার জন্য যেন দূরে যেতে না হয়, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে।

লিভার সিরোসিস ও ফ্যাটি লিভার নিয়ে উদ্বেগ
সম্মেলনে বক্তারা জানান, বাংলাদেশে মৃত্যুর শীর্ষ ১০টি কারণের মধ্যে লিভার সিরোসিসের অবস্থান সপ্তম। দেশে প্রায় ৭০ লাখ মানুষ হেপাটাইটিস বি এবং ৪ কোটি ৫০ লাখের বেশি প্রাপ্তবয়স্ক ব্যক্তি ফ্যাটি লিভারে আক্রান্ত।

তাঁরা বলেন, ফ্যাটি লিভার জটিল রূপ নিলে এক বছরের মধ্যে ৪০ থেকে ৬০ শতাংশ রোগীর মৃত্যু হতে পারে। তাই রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে পরীক্ষা-নিরীক্ষা এবং জনসচেতনতা বাড়ানো জরুরি।

এ সময় অপ্রয়োজনীয় সিটি স্ক্যান ও অস্ত্রোপচার পরিহারের আহ্বান জানান বক্তারা। পাশাপাশি অন্যান্য দেশের মতো বাংলাদেশেও চিকিৎসকদের জন্য রেডিয়েশন ঝুঁকি ভাতা চালুর দাবি তোলেন তাঁরা।

দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণ
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম (শাকিল)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আওসাফ আলী। সম্মেলনে ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রতিনিধি এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক, শিক্ষক ও গবেষকরা অংশ নেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!