রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৬২টি মামলা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যের পাশাপাশি চাকু ও কাটার উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডিএমপির রমনা বিভাগ থেকে ৪১ জন, লালবাগ বিভাগ থেকে ৪২ জন, ওয়ারী বিভাগ থেকে ৯৫ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৪ জন এবং তেজগাঁও বিভাগ থেকে ৫৯ জন রয়েছেন।
এ ছাড়া মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৪৪ জন, গুলশান বিভাগ থেকে ৫৫ জন, উত্তরা বিভাগ থেকে ৪৯ জন এবং এসআরইউ-২ ও গোয়েন্দা বিভাগ থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে মাদক ও ধারালো অস্ত্র উদ্ধার
ডিএমপি জানায়, অভিযানকালে ৫৪০ গ্রাম গাঁজা, ৬ হাজার ২৫৮ পিস ইয়াবা, ৪ দশমিক ২ গ্রাম হেরোইন (৪ পুরিয়া) এবং ৩৭টি প্যাথেড্রিন ইনজেকশন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুটি চাকু ও দুটি কাটার উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কালের আলো/এসকে/এমএসআইপি
