রাজধানীর মিরপুরে বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় শ্রমিকদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। একপর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করা হয়। সোমবার (২ নভেম্বর) সকাল ৯টার দিকে কাফরুল থানার মিরপুর-১৪ নম্বর ও বিআরটিএ কার্যালয়ের সামনে শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বিক্ষোভ চলাকালে পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে ধাওয়া করে। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। পরে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
যান চলাচল স্বাভাবিক
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের নতুন উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদার বাংলানিউজকে বলেন, মিরপুর-১৪ নম্বর ও বিআরটিএয়ের সামনে কিছু পোশাকশ্রমিক বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করার চেষ্টা করেছিলেন। জনভোগান্তি রোধে পুলিশ তাঁদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে। তিনি আরও জানান, বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
কালের আলো/এএইচ/এমএসআইপি
