তৈরি পোশাক শিল্পের উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পোশাক খাতে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হলে সরকার তা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে বলেও জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও মন্ত্রী-উপদেষ্টাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী।
উৎপাদন ব্যাহত না করার নির্দেশ
মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তৈরি পোশাক শিল্পের উৎপাদন কার্যক্রম যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। ডিসেম্বরকে সামনে রেখে পোশাক কারখানাগুলোর স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
অস্থিরতা সৃষ্টির চেষ্টা হলে রাজনৈতিকভাবে মোকাবিলা
তিনি বলেন, পোশাক খাতে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হলে সরকার তা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। একই সঙ্গে কারখানার উৎপাদন স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
মন্ত্রী আরও জানান, দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ এই খাতের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
কালের আলো/এএইচ/এমএসআইপি
