রাজধানীর পুরান ঢাকার লালবাগের শহীদনগরে মো. বিপ্লব (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১ নভেম্বর) দুপুরে শহীদনগর ৪ নম্বর গলির বায়তুল ফালা জামে মসজিদ রোডসংলগ্ন কর্নেল মাহাবুব সোহেলের নির্মাণাধীন বাড়ির সামনের সরু গলি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন যুবক
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, দুপুরের দিকে পথচারীরা সরু গলিতে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে লালবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত
নিহত বিপ্লবের বুকের বাঁ পাশে, বাঁ পায়ের হাঁটুর নিচে এবং ডান হাতের কবজিতে ছুরিকাঘাত ও ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।
নিহত মো. বিপ্লব ওরফে ‘ফর্মা বিপ্লব’ নামে এলাকায় পরিচিত ছিলেন। পেশায় তিনি একটি মাছের দোকানের কর্মচারী। তার বাবার নাম নজরুল ইসলাম। তিনি লালবাগের শহীদনগরের ৬ নম্বর গলিতে একটি ভাড়া বাসায় খালার সঙ্গে বসবাস করতেন।
হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ
লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সেলিম মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুপুর ২টার দিকে তারা রক্তাক্ত অবস্থায় মরদেহটি দেখতে পান। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।
এদিকে স্থানীয়দের দাবি, নিহত ফর্মা বিপ্লব পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
কালের আলো/এএইচ/এমএসআইপি
