রাজধানীতে গ্রাম পুলিশ মহাসমাবেশে যোগ দিতে আসার পথে তীব্র গরমে অসুস্থ হয়ে দুই সদস্যের মৃত্যু হয়েছে। নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সরকারের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা এবং পরিবারের একজন যোগ্য সদস্যকে গ্রাম পুলিশে চাকরি দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে অসুস্থ গ্রাম পুলিশ সদস্যদের খোঁজখবর নেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি চিকিৎসাধীন সদস্যদের শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।
হাসপাতাল কর্তৃপক্ষকে অসুস্থদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী জানান, তাদের চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে।
পরে নিহত দুই সদস্যের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান তিনি। এ সময় প্রত্যেক পরিবারকে নগদ ৩ লাখ টাকা করে সহায়তা দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি নিহতদের পরিবারের একজন যোগ্য সদস্যকে গ্রাম পুলিশের চাকরিতে নিয়োগ দেওয়ার কথাও জানান।
এ ছাড়া সরকারি খরচে মরদেহ দুটি নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া এবং দাফন-কাফনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
এর আগে ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ ২০২৬’-এ যোগ দিতে ঢাকায় আসার পথে কয়েকজন সদস্য তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অসুস্থ অন্য সদস্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতরা হলেন রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মো. জমসেদ আলী (৪৭) এবং ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউনিয়নের মো. কাইমুদ্দিন (৫৮)।
কালের আলো/এম/এএইচ
