ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত চার লাখের বেশি রুশ নাগরিকের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। সম্প্রতি ফাঁস হওয়া রাশিয়ার সরকারি পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের বিপুলসংখ্যক মৃত্যুসনদ বিশ্লেষণ করে এ তথ্য পেয়েছে দুটি হ্যাকার গোষ্ঠী। তাদের দাবি, এসব মৃত্যুর সঙ্গে সরাসরি ইউক্রেন যুদ্ধের যোগসূত্র রয়েছে।
ফাঁস হওয়া নথিতে ৪ লাখ ১২ হাজার ৫৭৬টি মৃত্যুসনদে যুদ্ধ-সম্পর্কিত মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এসব সনদে মৃত্যুর কারণ হিসেবে সরকারি কোড অথবা সরাসরি সামরিক অভিযানের উল্লেখ রয়েছে। তবে পুরো তথ্যভান্ডারের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
১ কোটি ১০ লাখ মৃত্যুসনদ বিশ্লেষণ
বেলারুশের বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত হ্যাকার গোষ্ঠী ‘সাইবার পার্টিসানস’ এবং ইউক্রেনের হ্যাকার গোষ্ঠী ‘সাইলেন্ট ক্রো’ রসস্ট্যাটের তথ্যভান্ডার থেকে এসব তথ্য সংগ্রহ করেছে বলে জানিয়েছে।
তাদের হাতে আসা তথ্যভান্ডারে ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যুসনদ রয়েছে। এসব নথিতে মৃত ব্যক্তিদের বয়স, বসবাসের স্থান এবং মৃত্যুর স্থানসহ বিভিন্ন তথ্য সংরক্ষিত ছিল। দুই হ্যাকার গোষ্ঠী গত ১ নভেম্বর রসস্ট্যাটের তথ্যভান্ডারে অনুপ্রবেশের কথা জানায়। এরপর গত সপ্তাহান্তে সংগৃহীত তথ্য প্রকাশ করে তারা। রসস্ট্যাট নিজেদের সিস্টেমে অনুপ্রবেশের ঘটনা স্বীকার করলেও সংবেদনশীল কোনো তথ্য ফাঁস হওয়ার কথা অস্বীকার করেছে।
প্রকৃত নিহতের সংখ্যা পাঁচ লাখের কাছাকাছি হতে পারে
দ্য গার্ডিয়ান জানিয়েছে, ফাঁস হওয়া তথ্যভান্ডারের পূর্ণাঙ্গ সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে এতে পাওয়া প্রাণহানির পরিসংখ্যান রাশিয়ার হতাহতের বিষয়ে অন্যান্য হিসাবের সঙ্গে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ।
জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের রাশিয়া ও ইউরেশিয়া বিভাগের প্রধান ইয়ানিস ক্লুগে এই ঘটনাকে রুশ হতাহতের তথ্যসংক্রান্ত এযাবৎকালের সবচেয়ে বড় তথ্য ফাঁস হিসেবে উল্লেখ করেছেন।
ক্লুগের মতে, কোনো ব্যক্তির মৃত্যুর ঘটনা সরকারি নথিতে অন্তর্ভুক্ত হতে সাধারণত প্রায় ছয় মাস সময় লাগে। ফলে ফাঁস হওয়া তথ্যের মধ্যে সাম্প্রতিক সময়ের সব মৃত্যুর হিসাব নাও থাকতে পারে। এ কারণে বর্তমানে নিহত রুশ সেনার প্রকৃত সংখ্যা চার লাখের পরিবর্তে পাঁচ লাখের কাছাকাছি হতে পারে বলে ধারণা করছেন তিনি।
দরিদ্র ও প্রত্যন্ত অঞ্চলে প্রাণহানির হার বেশি
ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে যুদ্ধের প্রাণহানির ক্ষেত্রে বড় ধরনের বৈষম্যের চিত্র উঠে এসেছে। দেশটির তুলনামূলক দরিদ্র ও প্রত্যন্ত অঞ্চলগুলোতে প্রাণহানির হার বেশি বলে দেখা গেছে।
বিশেষ করে পূর্ব রাশিয়ার বুরিয়াতিয়া, তুভা ও জাবাইকালস্কি ক্রাই অঞ্চলে যুদ্ধের প্রভাব ছিল অনেক বেশি। আগ্রাসন শুরুর পর থেকে ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত এসব অঞ্চলে ১৮ থেকে ৪৯ বছর বয়সী পুরুষদের মোট মৃত্যুর প্রায় এক-তৃতীয়াংশ ছিল যুদ্ধ-সম্পর্কিত।
অন্যদিকে রাশিয়ার রাজধানী মস্কো ও সেন্ট পিটার্সবার্গে একই বয়সী পুরুষদের মৃত্যুর মধ্যে যুদ্ধ-সম্পর্কিত মৃত্যুর হার ছিল প্রায় ১০ শতাংশ। অর্থাৎ দেশটির প্রত্যন্ত ও অপেক্ষাকৃত দরিদ্র অঞ্চলগুলোতে যুদ্ধের প্রাণহানির চাপ তুলনামূলক বেশি পড়েছে।
২০২৪ সালের শেষ ও ২০২৫ সালে প্রাণহানি বেড়েছে
যুদ্ধ যত দীর্ঘ হয়েছে, রুশ সেনাদের প্রাণহানির সংখ্যাও তত বেড়েছে। ফাঁস হওয়া তথ্যের বিশ্লেষণ অনুযায়ী, ২০২৪ সালের শেষ দিক থেকে ২০২৫ সালে প্রাণহানির মাত্রা ছিল সবচেয়ে বেশি।
ইয়ানিস ক্লুগে জানান, ওই সময় কয়েক মাসে নিহত সেনার সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে যায়। অর্থাৎ প্রতিদিন গড়ে ৫০০ জনের বেশি রুশ সেনা প্রাণ হারিয়েছেন। এই সংখ্যাকে বিস্ময়কর বলে উল্লেখ করেছেন তিনি। বিশ্লেষকদের মতে, যুদ্ধের দীর্ঘস্থায়িত্ব এবং ক্রমবর্ধমান প্রাণহানি রাশিয়ার সামরিক সক্ষমতা ও জনজীবনের ওপর বড় ধরনের চাপ তৈরি করছে।
রাশিয়ার আধুনিক ইতিহাসে নজিরবিহীন প্রাণহানি
প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রাণহানির মাত্রা দেশটির আধুনিক ইতিহাসে নজিরবিহীন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি থেকে ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর আগপর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়া বিভিন্ন যুদ্ধে যত মানুষ হারিয়েছে, ইউক্রেন যুদ্ধে নিহতের সংখ্যা তার আট গুণেরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনকি এই প্রাণহানির পরিমাণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত মার্কিন সামরিক সদস্যদের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নয় মাস পর শান্তি আলোচনায় রাশিয়া-ইউক্রেন
এদিকে যুদ্ধের ভয়াবহ প্রাণহানির হিসাব সামনে আসার মধ্যেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের জ্যেষ্ঠ প্রতিনিধিরা বৈঠকে বসেছেন।
প্রায় নয় মাস পর এটিই দুই দেশের মধ্যে প্রথম শান্তি আলোচনা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এই আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটবে কি না, তা এখনো অনিশ্চিত। সূত্র: দ্য গার্ডিয়ান
কালের আলো/এসএ/এমএসআইপি
