Kaler Alo
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
১০ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ০৩:৩৫ এএম

ম্যান্ডেলার সঙ্গে তুলনায় ইমরান খানের রাজনৈতিক অবস্থান

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ০৩:৩৫ এএম

ম্যান্ডেলার সঙ্গে তুলনায় ইমরান খানের রাজনৈতিক অবস্থান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের কারাবাস এবং তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ব্রিটিশ সাংবাদিক ইয়োভনে রিডলির একটি নিবন্ধে ইমরানের আপসহীন অবস্থানকে একগুঁয়েমি হিসেবে দেখার প্রবণতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। লেখকের মতে, গণতান্ত্রিক অধিকার ও জনগণের ভোটের মর্যাদা রক্ষার প্রশ্নে ইমরানের অবস্থানকে রাজনৈতিক সাহস হিসেবেও বিবেচনা করা যেতে পারে।

গত ১৯ নভেম্বর ‘মিডল ইস্ট মনিটর’-এ প্রকাশিত ‘Why I offered to take Imran Khan’s place in Adiala Jail’ শীর্ষক নিবন্ধে রিডলি জানিয়েছেন, ইমরানকে জরুরি চিকিৎসার সুযোগ করে দিতে প্রয়োজনে তাঁর বদলে আদিয়ালা কারাগারে যেতে প্রস্তুত তিনি। দক্ষিণ আফ্রিকার সালামমিডিয়া রেডিওতে দেওয়া বক্তব্যের পর তাঁর এ প্রস্তাব আলোচনায় আসে।

আপস নাকি আত্মসমর্পণ?

নিবন্ধে লেখক বলেছেন, পাকিস্তানের কিছু রাজনৈতিক বিশ্লেষক ইমরান খানকে আপস করে মুক্তির পথ খুঁজতে এবং প্রয়োজনে নির্বাসনে যাওয়ার পরামর্শ দিচ্ছেন। কিন্তু এ ধরনের সমঝোতার বিনিময়ে তাঁকে ২০২৪ সালের ফেব্রুয়ারির নির্বাচনের রায় বাস্তবায়নের দাবি এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার অবস্থান থেকে সরে আসতে হতে পারে।

লেখকের প্রশ্ন, গণতান্ত্রিক বৈধতা ও জনগণের সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নেওয়াকে কেন একগুঁয়েমি হিসেবে দেখা হবে? তাঁর মতে, এভাবে পরিস্থিতি উপস্থাপন করলে রাজনৈতিক বন্দির কারাবাসের দায়ও বন্দির নিজের ওপর চাপানো হয়, ক্ষমতাসীনদের ওপর নয়।

ম্যান্ডেলার উদাহরণ টেনে তুলনা

ইমরানের অবস্থান ব্যাখ্যা করতে লেখক দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার উদাহরণ টেনেছেন।

নিবন্ধে বলা হয়েছে, ১৯৮৫ সালে দক্ষিণ আফ্রিকার তৎকালীন প্রেসিডেন্ট পি ডব্লিউ বোথা ম্যান্ডেলাকে শর্তসাপেক্ষে মুক্তির প্রস্তাব দিয়েছিলেন। শর্ত ছিল, রাজনৈতিক হাতিয়ার হিসেবে সহিংসতা ত্যাগ করতে হবে। ম্যান্ডেলা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

তখন তাঁর মেয়ে জিন্দজির মাধ্যমে দেওয়া বক্তব্যে ম্যান্ডেলা বলেছিলেন, ‘শুধু স্বাধীন মানুষই আলোচনায় বসতে পারে। বন্দিরা কোনো চুক্তিতে যেতে পারে না।’

লেখকের মতে, ম্যান্ডেলা আলোচনার বিরোধী ছিলেন না; বরং বন্দিদশায় নিজের সংগ্রামের মৌলিক অবস্থান বিসর্জন দিতে চাননি। তবে নিবন্ধে এটিও স্বীকার করা হয়েছে, বর্ণবাদী দক্ষিণ আফ্রিকা ও বর্তমান পাকিস্তানের রাজনৈতিক বাস্তবতা এক নয়। তুলনাটি মূলত রাজনৈতিক বন্দির মুক্তি এবং সামষ্টিক অধিকার রক্ষার প্রশ্নে।

পাকিস্তানের বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়ে প্রশ্ন

নিবন্ধে পাকিস্তানের বুদ্ধিজীবী সমাজের একটি অংশের নীরবতা নিয়েও সমালোচনা করা হয়েছে। লেখকের পর্যবেক্ষণ, বিদেশি একজন সাংবাদিক ইমরানের প্রতি সংহতি জানাতে কারাবরণের ঝুঁকি নিতে প্রস্তুত হলেও পাকিস্তানের প্রভাবশালী বুদ্ধিজীবীদের অনেকে নিপীড়নের বিরুদ্ধে সরব হতে অনীহা দেখাচ্ছেন।

বিশেষ করে বিশ্ববিদ্যালয় ও বেসরকারি উন্নয়ন সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে লেখক বলেছেন, অতীতের প্রতিরোধ ও ম্যান্ডেলার আপসহীনতাকে অনেকে শ্রদ্ধা করলেও বর্তমান পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতিতে একই ধরনের অবস্থান নেওয়ার ক্ষেত্রে তাঁদের সতর্কতা দেখা যায়।

মূল প্রশ্ন জনগণের সার্বভৌমত্ব

লেখকের মতে, ইমরান খানের আপসহীনতার প্রশ্নটি শুধু তাঁর ব্যক্তিগত মুক্তির বিষয় নয়; এটি পাকিস্তানের জনগণের রাজনৈতিক অধিকার ও নির্বাচনী রায়ের মর্যাদার সঙ্গেও সম্পর্কিত।

নিবন্ধে বলা হয়েছে, কোনো রাজনৈতিক নেতার সমালোচনার সুযোগ থাকলেও সাংবিধানিক অধিকার ও আইনি সুরক্ষা পাওয়ার যোগ্যতা তাঁর নিখুঁত হওয়ার ওপর নির্ভর করে না। একইভাবে সব সমঝোতাই আত্মসমর্পণ নয়। তবে মুক্তির বিনিময়ে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবি ত্যাগ করতে বাধ্য করা হলে সেটি প্রকৃত সমঝোতা কি না, সেই প্রশ্ন থেকেই যায়।

শেষ পর্যন্ত লেখকের বক্তব্য, ইমরান খানকে পছন্দ বা অপছন্দ করার চেয়ে গুরুত্বপূর্ণ হলো—পাকিস্তানের জনগণের সার্বভৌম অধিকার ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থার পক্ষে প্রভাবশালী শ্রেণি কতটা অবস্থান নিচ্ছে।

মিডল ইস্ট মনিটর

কালের আলো/এএইচ/এমএসআইপি 

Link copied!