Kaler Alo
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ০৯:১১ পিএম

সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ০৯:১১ পিএম

সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল

ঢাকায় আগামী সপ্তাহে বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। তবে দুই দেশের জন্য সুবিধাজনক সময়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

শুক্রবার (১৩ নভেম্বর) এ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ভারত ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় বলেও জানান তিনি।

ভিসা নিয়ে আলোচনায় প্রস্তুত ভারত
রণধীর জয়সওয়াল বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়। এ লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং দুই দেশের মধ্যে বাণিজ্য, রেলওয়ে, পানিসম্পদসহ বিভিন্ন বিষয়ে বৈঠক হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের পরবর্তী কনস্যুলার সংলাপে ভিসাসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে এ সংলাপ দুই পক্ষের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে।

জয়সওয়াল আরও বলেন, দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনার জন্য বিদ্যমান কাঠামো ও কারিগরি প্রস্তুতি ভারতের রয়েছে। দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যুতে আলোচনা অব্যাহত রাখতেও ভারত প্রস্তুত।

শেখ হাসিনার বিষয়ে মন্তব্য করতে চাননি
এদিকে সংবাদ সম্মেলনে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁকে নিয়ে বিবিসি বাংলায় প্রকাশিত একটি প্রতিবেদন সম্পর্কে দুই সাংবাদিক প্রশ্ন করেন।

জবাবে রণধীর জয়সওয়াল এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। এ নিয়ে তাঁর কিছু বলার নেই বলেও জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

কালের আলো/এম/এএইচ

Link copied!