নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য জীবনের ১৬ বছর পেরিয়েছে। দীর্ঘ এই পথচলায় স্বামীর সঙ্গে সুখী থাকার অন্যতম রহস্য হিসেবে প্রত্যাশাহীনতাকে গুরুত্ব দিয়েছেন তিশা। তাঁর মতে, একে অপরের কাছে বাড়তি প্রত্যাশা না থাকলে সম্পর্ক হয়ে ওঠে আরও সহজ ও স্বাভাবিক।
সম্প্রতি সংসার ও সম্পর্ক নিয়ে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিশা বলেন, ‘আমরা একে অপরের কাছে কখনো কিছু প্রত্যাশা করি না।’ তাঁর বিশ্বাস, সঙ্গীর ওপর অযথা প্রত্যাশার চাপ তৈরি না করলে সম্পর্কের মধ্যে স্বস্তি ও আন্তরিকতা বজায় থাকে। কোনো শর্ত কিংবা হিসাব-নিকাশ ছাড়াই একসঙ্গে পথ চললে পারস্পরিক গ্রহণযোগ্যতাও বাড়ে।
সম্পর্কে প্রশংসা ও শ্রদ্ধার গুরুত্ব
তিশার মতে, শুধু প্রত্যাশাহীনতাই নয়, সম্পর্ক সুন্দর রাখতে একে অপরের কাজ ও যোগ্যতার প্রশংসা করাও জরুরি। সঙ্গীর গুণের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করলে দুজনের মধ্যে বন্ধন আরও গভীর হয়। একে অপরের অর্জন ও ভালো কাজের স্বীকৃতি দেওয়াও দাম্পত্য সম্পর্ককে মজবুত করে।
সংসার ভাঙার গুঞ্জনও উঠেছিল
একসময় তিশা ও ফারুকীর দাম্পত্য জীবনে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল বিনোদন অঙ্গনে। তবে সেই খবরের কোনো ভিত্তি নেই বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন ফারুকী। তিনি ও তিশা কেউই বিষয়টি নিয়ে মন্তব্য করতে চান না বলেও জানিয়েছিলেন নির্মাতা।
উল্লেখ্য, ২০১০ সালের ১৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। ২০২২ সালে তাঁদের ঘর আলো করে জন্ম নেয় কন্যাসন্তান ইলহাম নুসরাত ফারুকী।
কালের আলো/এসএ/ইএকে
