ঋণের বোঝা থেকে মুক্তি পেতে অস্বাভাবিক বেশি বেতনের চাকরি নিয়েছিলেন এক তরুণ। কিন্তু চাকরিতে যোগ দেওয়ার পর বুঝতে পারেন, এই অর্থ উপার্জনের মূল্য দিতে হচ্ছে জীবন বাজি রেখে। প্রতিটি কর্মস্থলে অপেক্ষা করছে নতুন বিপদ, অদ্ভুত সব নিয়ম আর অতিপ্রাকৃত আতঙ্ক। এমন ব্যতিক্রমী গল্প নিয়ে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে দক্ষিণ কোরীয় মিস্ট্রি-হরর ফ্যান্টাসি সিরিজ ‘ডেড-এন্ড জব’। মুক্তির পরপরই দর্শকদের নজর কেড়েছে আট পর্বের সিরিজটি। জায়গা করে নিয়েছে নেটফ্লিক্সের বৈশ্বিক ও বাংলাদেশের সেরা দশের তালিকায়।
চাকরির বাজারে ভালো বেতনের কাজ পাওয়া কঠিন। তার ওপর ঋণের চাপ, সংসারের দায়িত্ব ও প্রতিদিনের জীবনযুদ্ধ। এমন পরিস্থিতিতে কেউ যদি স্বাভাবিকের চেয়ে ৫০ গুণ বেশি বেতনের চাকরির প্রস্তাব পান, তাহলে সেটি ফিরিয়ে দেওয়া কঠিন। কিন্তু সেই চাকরির প্রতিটি রাত যদি কাটাতে হয় ভয়ংকর সব পরিস্থিতির মধ্যে? ‘ডেড-এন্ড জব’ ঠিক এমনই এক অস্বাভাবিক কর্মজীবনের গল্প তুলে ধরেছে।
মুক্তির পরই নেটফ্লিক্সের সেরা দশে
গত ৩০ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে দক্ষিণ কোরিয়ার সিরিজটি। মুক্তির কয়েক দিনের মধ্যেই আন্তর্জাতিক দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করে এটি। নেটফ্লিক্সের ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত প্রকাশিত সাপ্তাহিক তালিকায় অ-ইংরেজি ভাষার সিরিজের মধ্যে চতুর্থ অবস্থানে ছিল ‘ডেড-এন্ড জব’।
ওই সপ্তাহে সিরিজটির ভিউ ছিল ৫০ লাখ। দর্শকেরা মোট ২ কোটি ৫৪ লাখ ঘণ্টা সময় কাটিয়েছেন এটি দেখে। বাংলাদেশেও ভালো অবস্থান তৈরি করেছে সিরিজটি। নেটফ্লিক্সের বাংলাদেশের সেরা দশ সিরিজের তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নেয় এটি। একই সময়ে বিশ্বের ৫১টি দেশের নেটফ্লিক্স সেরা দশের তালিকায় ছিল সিরিজটি। দক্ষিণ কোরিয়ায় মুক্তির পরপরই স্থানীয় তালিকার শীর্ষস্থানেও উঠে আসে।
ঋণ থেকে মুক্তির আশায় ভয়ংকর চাকরি
সিরিজটির গল্পের কেন্দ্রে রয়েছে বিয়ন হিয়ক জুন। চরিত্রটিতে অভিনয় করেছেন লি জে উক। মায়ের একটি ভুল বিনিয়োগের কারণে বিপুল ঋণের বোঝা এসে পড়ে তাঁর কাঁধে। সেই ঋণ পরিশোধ করতে গিয়ে একসময় ভয়াবহ আর্থিক সংকটে পড়েন তিনি। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে ওঠে যে জীবন নিয়েই হতাশ হয়ে পড়েন হিয়ক জুন।
ঠিক এমন সময় তাঁর সামনে আসে অদ্ভুত এক চাকরির সুযোগ। স্পাইডার হিউম্যান রিসোর্স সেন্টার নামের রহস্যময় একটি প্রতিষ্ঠান কর্মী নিয়োগের বিজ্ঞাপন দেয়। সেখানে সাধারণ পার্টটাইম চাকরির তুলনায় প্রায় ৫০ গুণ বেশি পারিশ্রমিক দেওয়ার কথা বলা হয়। এক রাতের কাজের জন্য পাওয়া যেতে পারে ৪০ লাখ কোরীয় ওন পর্যন্ত।
অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত হিয়ক জুনের কাছে এমন প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সুযোগ ছিল না। কিন্তু চাকরিতে যোগ দেওয়ার পরই বুঝতে পারেন, এই বিপুল অর্থের বিনিময়ে তাঁকে যে মূল্য দিতে হচ্ছে, তা মোটেও সহজ নয়।
প্রতিটি কর্মস্থলেই অতিপ্রাকৃত আতঙ্ক
স্পাইডার এজেন্সির চাকরিতে রয়েছে অদ্ভুত সব নিয়ম। মধ্যরাতে কনভিনিয়েন্স স্টোরে কাজ করতে গিয়ে হিয়ক জুনকে মুখোমুখি হতে হয় ভয়ংকর অতিপ্রাকৃত ঘটনার। কোথাও অস্বাভাবিক শব্দ, কোথাও রহস্যময় উপস্থিতি, আবার কোথাও পরিচিত পরিবেশের মধ্যেই লুকিয়ে থাকে ভয়ংকর প্রাণী।
এক পর্যায়ে কয়েক শ ইঁদুর মিলে তৈরি করে বিশাল এক দানবীয় প্রাণী। প্রতিটি কর্মস্থলে কাজের সময় যেন একেকটি বেঁচে থাকার লড়াই। শুধু বিপদের মুখোমুখি হওয়াই নয়, চাকরির অভিজ্ঞতা সম্পর্কে বাইরের কাউকে কিছু না বলার কঠোর শর্তও রয়েছে।
এদিকে স্পাইডার এজেন্সির কর্মীদের ঘিরে ঘটতে থাকে একের পর এক অস্বাভাবিক দুর্ঘটনা। এসব ঘটনার তদন্তে মাঠে নামেন দুর্ঘটনা তদন্তকারী ইয়োন জু। চরিত্রটিতে অভিনয় করেছেন গো মিন সি। তাঁর অনুসন্ধানের মধ্য দিয়ে ধীরে ধীরে সামনে আসতে থাকে রহস্যময় প্রতিষ্ঠানটির অন্ধকার দিক।
লি জে উক, গো মিন সি ও কিম মিন হা
‘ডেড-এন্ড জব’-এর অন্যতম আকর্ষণ এর অভিনয়শিল্পীরা। কেন্দ্রীয় চরিত্রে লি জে উকের অভিনয় গল্পটিকে এগিয়ে নিয়েছে। আর্থিক সংকটে বিপর্যস্ত এক তরুণের হতাশা, ভয়, অসহায়ত্ব এবং বিপদের মুহূর্তে তাঁর প্রতিক্রিয়া পর্দায় ফুটিয়ে তুলেছেন তিনি।
এর আগে ‘অ্যালকেমি অব সোলস’, ‘এক্সট্রা অর্ডিনারি ইউ’ ও ‘ডিয়ার হংরাং’-এর মতো কাজে অভিনয় করে পরিচিতি পেয়েছেন লি জে উক। নতুন সিরিজে তাঁকে ভিন্ন ধরনের চরিত্রে দেখা গেছে। এখানে ভৌতিক পরিস্থিতির পাশাপাশি রয়েছে কমেডির উপাদানও। দুই ধরনের অভিনয়ের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করেছেন তিনি।
গো মিন সি অভিনয় করেছেন দুর্ঘটনা তদন্তকারী ইয়োন জু চরিত্রে। ‘সুইট হোম’ ও ‘দ্য ফ্রগ’-এর মতো কাজের মাধ্যমে পরিচিত এই অভিনেত্রী সিরিজে দৃঢ় ও আত্মবিশ্বাসী এক চরিত্রে হাজির হয়েছেন। স্পাইডার এজেন্সির কর্মকাণ্ডের রহস্য উন্মোচনে তাঁর অনুসন্ধান গল্পে যুক্ত করেছে গোয়েন্দা আবহ।
হিয়ক জুনের ছোট বোন জি ইউন চরিত্রে অভিনয় করেছেন কিম মিন হা। ‘পাচিনকো’ ও ‘লাইট শপ’-এ অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসা এই অভিনেত্রীও সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দুই ভাই-বোনের খুনসুটি ও সম্পর্কের স্বাভাবিক মুহূর্তগুলো ভয়ংকর পরিবেশের মধ্যে কিছুটা স্বস্তি এনে দেয়।
অন্যদিকে রহস্যময় স্পাইডার এজেন্সির ব্যবস্থাপক মি. এস চরিত্রে অভিনয় করেছেন লি হি জুন। শান্ত ও স্বাভাবিক আচরণের আড়ালে তাঁর চরিত্রে রয়েছে অস্বস্তিকর রহস্য। এ ছাড়া চোই হিউন উক, ইউন কিয়ং হোসহ আরও কয়েকজন অভিনয়শিল্পী রয়েছেন সিরিজটিতে।
পরিচালনায় কিম দা মিন
মিনিসিরিজটি পরিচালনা করেছেন কিম দা মিন। চিত্রনাট্য লিখেছেন কিয়ং মিন সন ও লি শিন জি। নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন ‘ডি.পি.’ ও ‘উইক হিরো ক্লাস ওয়ান’-এর নির্মাতা হান জুন হি।
কিম দা মিন এর আগে ‘এ কিলার প্যারাডক্স’-এর চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন। ‘ডেড-এন্ড জব’-এ ভৌতিক আবহ তৈরির জন্য তিনি বেছে নিয়েছেন পরিচিত কিছু কর্মস্থল। কনভিনিয়েন্স স্টোর, সিনেমা হল কিংবা দুধ সরবরাহের মতো সাধারণ কাজের জায়গাগুলোকে ঘিরেই তৈরি হয়েছে ভয়ের পরিবেশ। পরিচিত এসব জায়গায় অস্বাভাবিক ঘটনা ঘটার ধারণা দর্শকদের কাছে গল্পটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
জনপ্রিয়তার পেছনে যে কারণ
সিরিজটির জনপ্রিয়তার বড় কারণ এর ব্যতিক্রমী গল্প। হরর, কমেডি, রহস্য ও ফ্যান্টাসির মিশ্রণ দর্শকদের জন্য তৈরি করেছে আলাদা অভিজ্ঞতা। প্রতিটি পর্বে নতুন কর্মস্থল, নতুন নিয়ম এবং নতুন বিপদের মুখোমুখি হতে হয় কেন্দ্রীয় চরিত্রকে। ফলে গল্পে একঘেয়েমি আসার সুযোগ তুলনামূলক কম।
তবে শুধু ভৌতিক উপাদান নয়, গল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে বাস্তব জীবনের অর্থনৈতিক অনিশ্চয়তা ও চাকরির বাজারের চাপ। বর্তমান সময়ে অনেক তরুণ ভালো বেতনের চাকরির জন্য ঝুঁকি নিতে বাধ্য হন। অনিরাপদ কর্মপরিবেশ, অতিরিক্ত কাজের চাপ কিংবা চাকরি হারানোর ভয় তাঁদের প্রতিনিয়ত তাড়া করে।
সিরিজটি এসব বাস্তবতাকে অতিপ্রাকৃত ভয়ের মাধ্যমে তুলে ধরেছে। হিয়ক জুনের কাছে অস্বাভাবিক বেতনের চাকরিটি শুধু অর্থ উপার্জনের সুযোগ নয়, ঋণ থেকে মুক্তির পথও। কিন্তু সেই সুযোগের আড়ালে কী ভয়ংকর মূল্য লুকিয়ে আছে, তা শুরুতে বুঝতে পারেন না তিনি। গল্পটি দর্শকদের সামনে প্রশ্ন রাখে—অর্থের প্রয়োজন কতটা হলে একজন মানুষ নিজের জীবন ঝুঁকিতে ফেলতে পারেন?
সমালোচকদের প্রতিক্রিয়া মিশ্র
সিরিজটি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম ও দর্শকদের প্রতিক্রিয়া মিশ্র হলেও এর ব্যতিক্রমী গল্প, অভিনয় ও ভৌতিক আবহ প্রশংসা পেয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদনবিষয়ক ওয়েবসাইট ডেসাইডার সিরিজটিকে ‘স্ট্রিম ইট’ বা দেখার পরামর্শ দিয়েছে। তাদের মতে, প্রতিটি পর্বে নতুন ধরনের ভয়ংকর পরিস্থিতি তৈরি হওয়ায় হররপ্রেমীদের কাছে এটি উপভোগ্য হতে পারে। কয়েক শ ইঁদুর মিলে তৈরি হওয়া বিশাল প্রাণীটির দৃশ্যও তাদের নজর কেড়েছে। বিশেষ দৃশ্যপ্রভাবের প্রশংসা করলেও চরিত্রগুলোর গভীরতা আরও ভালোভাবে তুলে ধরার সুযোগ ছিল বলে মনে করেছে ওয়েবসাইটটি।
ভারতের হিন্দুস্তান টাইমস সিরিজটিকে পাঁচের মধ্যে তিন তারকা দিয়েছে। তাদের পর্যালোচনায় বলা হয়েছে, প্রচলিত কোরীয় হরর ও থ্রিলার সিরিজের তুলনায় ‘ডেড-এন্ড জব’-এর গল্পে নতুনত্ব রয়েছে। লি জে উকের অভিনয়, গো মিন সির আত্মবিশ্বাসী উপস্থিতি এবং কিম মিন হা ও লি জে উকের পর্দার ভাই-বোনের রসায়ন প্রশংসা পেয়েছে।
তবে কিছু দানব ও অতিপ্রাকৃত দৃশ্যের কম্পিউটারনির্ভর দৃশ্যপ্রভাব প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে মনে করেছে হিন্দুস্তান টাইমস। এ ছাড়া প্রতিটি পর্বে আলাদা চাকরির ঘটনা দেখাতে গিয়ে মূল রহস্যের বিকাশ কিছুটা বাধাগ্রস্ত হয়েছে বলেও তাদের পর্যবেক্ষণ।
দক্ষিণ কোরীয় সংবাদমাধ্যম স্পোর্টস চোসুনের প্রতিবেদনে বলা হয়েছে, দর্শকেরা সিরিজটির অভিনয়, বিশেষ দৃশ্যপ্রভাব, সংগীত এবং সামাজিক বাস্তবতার সঙ্গে ফ্যান্টাসির মিশ্রণের প্রশংসা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ এর গল্পকে বাস্তব জীবনের চাকরির চাপের ভৌতিক রূপ হিসেবে দেখছেন, আবার কেউ তুলনা করেছেন জীবন্ত হরর গেমের অভিজ্ঞতার সঙ্গে।
আট পর্বে রহস্যের জাল
‘ডেড-এন্ড জব’-এর প্রথম মৌসুমে রয়েছে মোট আটটি পর্ব। রহস্য, ভৌতিক ঘটনা ও কমেডির মিশেলে সাজানো হয়েছে প্রতিটি পর্ব। গল্পের শুরুতে অস্বাভাবিক একটি চাকরির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হলেও পরবর্তী ঘটনাগুলোয় ধীরে ধীরে উন্মোচিত হয় স্পাইডার এজেন্সির রহস্য।
সব মিলিয়ে প্রচলিত হরর সিরিজের বাইরে গিয়ে কর্মজীবনের অনিশ্চয়তা, আর্থিক সংকট ও অতিপ্রাকৃত আতঙ্ককে একসঙ্গে পর্দায় তুলে ধরেছে ‘ডেড-এন্ড জব’। গল্পের কিছু দুর্বলতা ও দৃশ্যপ্রভাবের সীমাবদ্ধতা নিয়ে সমালোচনা থাকলেও ব্যতিক্রমী ভাবনা, অভিনয় এবং প্রতিটি পর্বে নতুন বিপদের কারণে সিরিজটি দর্শকদের আগ্রহের কেন্দ্রে জায়গা করে নিয়েছে। সূত্র:কোরিয়া টাইমস, নেটফ্লিক্স, স্ক্রিনর্যান্ট, ডেসাইডার ও হিন্দুস্তান টাইমস
কালের আলো/এসএ/জেএন
