অক্টোবরের ব্যস্ততার পর নভেম্বরেও সিনেমাপ্রেমীদের জন্য একগুচ্ছ নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছে হলিউড। বায়োপিক, অ্যাকশন-থ্রিলার, অ্যানিমেশন, ভৌতিক গল্প ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির সিক্যুয়েল—সব মিলিয়ে চলতি মাসের মুক্তির তালিকায় রয়েছে নানা স্বাদের আয়োজন।
বিশেষ করে সিলভেস্টার স্ট্যালনের জীবনের গল্প নিয়ে নির্মিত ‘আই প্লে রকি’, জনি ডেপ অভিনীত ‘এবেনেজার’ এবং জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘দ্য হাঙ্গার গেমস’-এর নতুন কিস্তি ঘিরে দর্শকদের আগ্রহ রয়েছে। চলুন দেখে নেওয়া যাক নভেম্বরের আলোচিত ১০টি হলিউড সিনেমা।
১. দ্য ক্যাট ইন দ্য হ্যাট (৬ নভেম্বর)

বিল হ্যাডার ও কুইন্টা ব্রুনসনের কণ্ঠে নির্মিত অ্যানিমেটেড ফ্যান্টাসি সিনেমা ‘দ্য ক্যাট ইন দ্য হ্যাট’। গল্পে দুষ্টু স্বভাবের এক বিড়াল শোকাহত দুই ভাই-বোন গ্যাবি ও সেবাস্টিয়ানের জীবনে ফিরে আসে। এরপর তাদের জীবনকে আনন্দ ও নানা রোমাঞ্চকর ঘটনায় ভরিয়ে তোলার চেষ্টা করে সে।
২. ওয়াইল্ড হর্স নাইন (৬ নভেম্বর)
-20261108100113.jpg)
১৯৭৩ সালে চিলির সামরিক অভ্যুত্থানের ঠিক আগের সময়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘ওয়াইল্ড হর্স নাইন’। ইস্টার দ্বীপে পাঠানো লির (স্যাম রকওয়েল) দীর্ঘদিনের সঙ্গী ক্রিস (জন মালকোভিচ) যখন এক গোপন অন্ধকার রহস্য প্রকাশের হুমকি দেন, তখন তাঁদের মধ্যে তৈরি হয় তীব্র দ্বন্দ্ব। সিনেমাটি পরিচালনা করেছেন মার্টিন ম্যাকডোনাঘ।
৩. আই প্লে রকি (১৩ নভেম্বর)
-20261108100208.jpg)
হলিউড তারকা সিলভেস্টার স্ট্যালনের জীবনের সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘আই প্লে রকি’। অর্থসংকটের মধ্যেও নিজের স্বপ্ন থেকে সরে যাননি তিনি। একসময় অপরিচিত তরুণ থেকে নিজের লেখা ‘রকি’ সিনেমার মাধ্যমে কীভাবে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন, সেই যাত্রাই তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। এটি পরিচালনা করেছেন পিটার ফারেলি।
৪. গোস্ট সোলজার (১৩ নভেম্বর)
-20261108100259.jpg)
জিম কাভিজেল অভিনীত অ্যাকশন-থ্রিলার ‘গোস্ট সোলজার’-এ দেখা যাবে সাবেক সেনা কর্মকর্তা হ্যারল্ড ফিটজেরাল্ডের দুঃসাহসিক অভিযান। ওয়াইওমিংয়ের নিজ এলাকার বাসিন্দাদের রক্ষা করতে তাঁকে মোকাবিলা করতে হয় একটি নির্মম করপোরেশনের। প্রতিষ্ঠানটির কর্মকাণ্ডে হুমকির মুখে পড়ে পুরো গ্রামীণ সম্প্রদায়ের ভবিষ্যৎ।
৫. গডজিলা মাইনাস জিরো (২০ নভেম্বর)

অস্কারজয়ী ‘গডজিলা মাইনাস ওয়ান’-এর পরবর্তী কিস্তি ‘গডজিলা মাইনাস জিরো’। প্রথম সিনেমার ঘটনার দুই বছর পর, ১৯৪৯ সালের প্রেক্ষাপটে এগিয়ে যাবে এর গল্প। শিকিশিমা পরিবারকে আবারও আগের চরিত্রে দেখা যাবে। এবার নতুন ভয়ংকর হুমকি হিসেবে হাজির হওয়ার কথা রয়েছে জনপ্রিয় দানব কিং গিডোরার।
৬. দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং (২০ নভেম্বর)

জনপ্রিয় ‘দ্য হাঙ্গার গেমস’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা এটি। আগের গল্পের ধারাবাহিকতা থেকে সরে গিয়ে এবার দর্শকদের নিয়ে যাওয়া হবে মূল ঘটনার ২৪ বছর আগের সময়ে। ৫০তম হাঙ্গার গেমসকে কেন্দ্র করে আবর্তিত হবে কাহিনি। প্রতিযোগীদের উত্থান-পতনের পাশাপাশি ক্যাপিটলের ভবিষ্যৎ নিয়েও তৈরি হবে নানা নাটকীয়তা।
৭. হাউ টু রব আ ব্যাংক (২০ নভেম্বর)

পরিচালক ডেভিড লিচের ‘হাউ টু রব আ ব্যাংক’ সিনেমায় অভিনয় করেছেন নিকোলাস হল্ট। এতে তাঁকে দেখা যাবে অপ্রথাগত অপরাধীদের একটি দলের নেতৃত্ব দিতে। দলটি নিজেদের ব্যাংক ডাকাতির ঘটনাগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে তোলে। অন্যদিকে, অপরাধীদের ধরতে মরিয়া পুলিশ। এই ইঁদুর-বিড়াল দৌড়ের মধ্যেই এগিয়ে যাবে সিনেমার গল্প।
৮. এবেনেজার (২০ নভেম্বর)
-20261108100756.jpg)
জনি ডেপকে ভিন্ন এক অবতারে দেখা যাবে ‘এবেনেজার’ সিনেমায়। চার্লস ডিকেন্সের বিখ্যাত চরিত্রকে কেন্দ্র করে নির্মিত এই অতিপ্রাকৃত গল্পে অতীত, বর্তমান ও ভবিষ্যতের আত্মার মুখোমুখি হতে হবে তাঁকে। নিজের ভুল ও চাপা পড়া স্মৃতির মুখোমুখি হয়ে আত্মশুদ্ধি এবং পরিবর্তনের কঠিন যাত্রায় নামবেন তিনি।
৯. পেপার টাইগার (২৭ নভেম্বর)

মাইলস টেলার ও অ্যাডাম ড্রাইভার অভিনীত ‘পেপার টাইগার’ সিনেমার গল্প দুই ভাই আরউইন ও গ্যারি পার্লকে ঘিরে। আমেরিকান স্বপ্ন পূরণের পথে তাঁরা জড়িয়ে পড়েন ভয়ংকর এক মাফিয়া ষড়যন্ত্রে। রুশ মাফিয়াদের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রত্যক্ষদর্শী হওয়ার পর তাঁদের পুরো পরিবার বিপদের মুখে পড়ে। এরপর পারিবারিক বন্ধন, বিশ্বাস ও আনুগত্যের কঠিন পরীক্ষা শুরু হয়।
১০. ফকার ইন-ল (২৭ নভেম্বর)

কমেডি ঘরানার সিনেমা ‘ফকার ইন-ল’-এ দেখা যাবে পারিবারিক নানা জটিলতা ও হাস্যকর পরিস্থিতি। নিজের রক্ষণশীল পরিবারের অমতে হেনরি (স্কাইলার জিসন্ডো) বাড়িতে নিয়ে আসে তার আত্মবিশ্বাসী প্রেমিকা অলিভিয়াকে (আরিয়ানা গ্রান্ডে)। বিয়ের সিদ্ধান্তকে কেন্দ্র করে হেনরির বাবা গ্রেগ ফকার (বেন স্টিলার) এবং পরিবারের কঠোর মুরব্বি জ্যাক বার্নসের (রবার্ট ডি নিরো) সঙ্গে তৈরি হয় একের পর এক মজার ঘটনা।
কালের আলো/এসএ/এসএআর
