অভিনেত্রী পরীমনির পাশে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তাঁর অতীতের একটি ব্যক্তিগত ভিডিও ভাইরাল হওয়ার ঘটনা টেনে অনেকে তাঁকে কটাক্ষ করছেন। তবে এসব সমালোচনায় নিজের অবস্থান থেকে সরে আসতে রাজি নন প্রভা। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো নারীর অসম্মান ও হয়রানির বিরুদ্ধে তিনি বারবার কথা বলবেন।
শুক্রবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রভা লিখেছেন, ‘আমি যেকোনো নারীর পাশে দাঁড়াব। প্রয়োজনে হাজারবার দাঁড়াব। আমাকে যা খুশি বলুন, আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলুন, যেভাবে খুশি আখ্যায়িত করুন। আপনাদের অপমান কখনোই আমার নীতিকে বদলাতে পারবে না।’
সমর্থন মানেই সব আচরণে সম্মতি নয়
একজন নারীর সব কাজের সঙ্গে একমত না হলেও তাঁকে অসম্মান বা হয়রানি করার অধিকার কারও নেই বলে মনে করেন প্রভা। নিজের পোস্টে তিনি লিখেছেন, কোনো নারীর আচরণ বা বক্তব্য অপছন্দ হতে পারে, কিন্তু সে কারণে তাঁর মর্যাদা ক্ষুণ্ন করা কিংবা তাঁকে অনিরাপদ করে তোলা গ্রহণযোগ্য নয়।
প্রভা আরও স্পষ্ট করেছেন, কোনো নারীর পাশে দাঁড়ানোর অর্থ তাঁর সব কাজকে অন্ধভাবে সমর্থন করা নয়। বরং ব্যক্তিগত মতপার্থক্য থাকলেও তাঁর সম্মান ও নিরাপত্তার প্রশ্নে সোচ্চার হওয়াই গুরুত্বপূর্ণ।
পরীমনির অভিযোগ নিয়ে যা বললেন
পরীমনির অভিযোগের প্রসঙ্গেও নিজের অবস্থান তুলে ধরেছেন প্রভা। তাঁর ভাষ্য, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে তাঁর মনে হয়েছে, সাংবাদিকের বিরুদ্ধে আনা অভিযোগটি হয়তো সত্য ছিল না। ওই পরিস্থিতিতে পরীমনিকে যা সহ্য করতে হয়েছে, সে জন্য সহমর্মিতা প্রকাশ করেছেন তিনি।
নিজের অতীতের একটি ব্যক্তিগত ঘটনা নিয়ে যারা তাঁকে কটাক্ষ করছেন, তাঁদের উদ্দেশেও জবাব দিয়েছেন অভিনেত্রী। প্রভা লিখেছেন, ‘যারা এমন একটি ঘটনার জন্য আমাকে লজ্জিত করতে চাইছেন, যে ঘটনার জন্য আমি কখনোই দায়ী ছিলাম না, আপনাদের অভিযোগ আমাকে অপরাধী করে না। আপনাদের বিচার আমার পরিচয় নির্ধারণ করে না।’
তিনি আরও জানান, একজন নারীর পাশে দাঁড়িয়ে অপমানিত হওয়াকে তিনি নীরব থাকার চেয়ে বেশি গ্রহণযোগ্য মনে করেন। অন্যের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য নিজের নীতির সঙ্গে আপস করতে চান না তিনি।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুলে আলোচনায় আসেন পরীমনি। পরে ভিডিও বার্তায় পরীমনির পাশে দাঁড়িয়ে নিজের জীবনের একটি অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার কথাও জানান প্রভা। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ঘিরে সমালোচনা শুরু হয়। এবার সেই সমালোচনার জবাব দিয়ে নারীর সম্মান ও নিরাপত্তার প্রশ্নে নিজের অবস্থান আবারও স্পষ্ট করলেন অভিনেত্রী।
কালের আলো/ডিএইচ/জেএন
