‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জিতেছেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহী। শনিবার রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাঁর নাম বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে আগামী আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন তিনি।
মুকুট জয়ের মুহূর্তে আবেগাপ্লুত মাহী
বিজয়ীর নাম ঘোষণার মুহূর্তে অনুষ্ঠানস্থলে তৈরি হয় টানটান উত্তেজনা। নিজের নাম শুনে আবেগাপ্লুত হয়ে বুকের ওপর হাত রাখেন মাহী। এরপর গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা তাঁর মাথায় মুকুট পরিয়ে দেন। পরে দুজন একে অপরকে জড়িয়ে ধরেন। একসঙ্গে মঞ্চে হাঁটার সময় করতালিতে মুখর হয়ে ওঠে মিলনায়তন।
অনুষ্ঠানে মাহির পরনে ছিল শ্যাম্পেন-গোল্ড রঙের ঝলমলে মারমেইড গাউন। অফ-শোল্ডার পোশাকটিতে ছিল ভারী পাথরের কাজ। অন্যদিকে বিদায়ী বিজয়ী তানজিয়া জামান মিথিলা পরেছিলেন হালকা নীল ও রুপালি রঙের গাউন, যার কাঁধের নকশা ছিল পাখার মতো। বিজয়ী ঘোষণার সময় মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী তমা মির্জাও।
আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধি মাহী
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মিস ইউনিভার্স বাংলাদেশের জাতীয় পরিচালক মুস্তাফা রফিকুল ইসলাম ডিউক, চিত্রনায়িকা দীঘি, নির্মাতা মেহেদী হাসান হৃদয়সহ একাধিক মডেল ও কোরিওগ্রাফার।
আয়োজকেরা জানান, আগামী ১১ নভেম্বর থেকে আটলান্টিক মহাসাগরের তীরবর্তী পুয়ের্তো রিকোতে শুরু হবে ৭৫তম ‘মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতা। সেখানে বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সামিরা খান মাহী।
‘আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে’
বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহী বলেন, ‘বাবা-মা আমাকে বলেছে, “যাও, বিশ্ব জয় করে আসো।” সবার কাছে দোয়া চাই, যেন আমি বিশ্ব জয় করে ফিরতে পারি। বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।’
ছোট পর্দার দর্শকদের কাছে পরিচিত মুখ সামিরা খান মাহী। অভিনয়ের পাশাপাশি সাবলীল উপস্থিতি ও আত্মবিশ্বাসের জন্যও পরিচিতি পেয়েছেন তিনি। এবার সৌন্দর্য প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে সেরার স্বীকৃতি পেলেন এই অভিনেত্রী।
মিথিলার সাফল্যের ধারাবাহিকতায় মাহী
এর আগে ২০২৫ সালে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২২টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে সেরা ৩০-এ জায়গা করে নেন তিনি। মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের জন্য এটিই ছিল প্রথমবারের মতো সেরা ৩০-এ পৌঁছানোর ঘটনা। পাশাপাশি পিপলস চয়েস বিভাগেও শীর্ষস্থান অর্জন করেন মিথিলা।
এবার মিথিলার পর আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের দায়িত্ব পেলেন সামিরা খান মাহী। বিশ্বমঞ্চে তাঁর পারফরম্যান্স দেখতে অপেক্ষায় রয়েছেন দেশের দর্শকেরা।
কালের আলো/এসএ/জেএন
