Kaler Alo
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০৯:১৭ পিএম

আইনি নোটিশের পরও নিজের অবস্থানে অনড় পরীমনি

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০৯:১৭ পিএম

আইনি নোটিশের পরও নিজের অবস্থানে অনড় পরীমনি

সাংবাদিককে গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগে নিঃশর্ত ক্ষমা চেয়ে আইনি নোটিশ পাওয়ার পর নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা নতুন ভিডিও বার্তায় তিনি প্রশ্ন তুলেছেন, তাঁকে যাঁরা অপদস্থ করছেন এবং বয়কটের ডাক দিচ্ছেন, তাঁরা কি তাঁর কাছে ক্ষমা চাইবেন?

সোমবার নিজের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে পরীমনি বলেন, কাউকে জোর করে ক্ষমা চাইতে বাধ্য করা যায় না। তাঁর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ, বয়কটের আহ্বান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে কাজ না দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ভিডিও বার্তায় পরীমনি বলেন, ‘কাউকে জোর করে ক্ষমা চাইতে বাধ্য করা যায় না।’ এরপর নিজের বিরুদ্ধে চলমান সমালোচনা ও চাপের প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, ‘মানে এসব করে আপনারা আমাকে সরি বলাবেন?’

‘আমাকে শেম করলেন, অপদস্থ করলেন’
নিজের গালিগালাজের প্রসঙ্গ টেনে পরীমনি বলেন, এ জন্য তাঁকে ক্ষমা চাইতে বলা হচ্ছে। কিন্তু তাঁর বক্তব্য, কোনো বিষয় নিয়ে আপত্তি থাকলে তা জানানোরও একটি পদ্ধতি রয়েছে। কাউকে ভয় দেখিয়ে বা চাপ প্রয়োগ করে ক্ষমা আদায় করা যায় না।

নিজের বিরুদ্ধে আন্দোলন ও ব্যক্তিগত আক্রমণের অভিযোগ তুলে অভিনেত্রী বলেন, ‘আপনারা একটা ইগো থেকে রাস্তায় নেমে গেলেন, নেমে গিয়ে আন্দোলন করলেন, জামাইবন্দনা শুরু করছেন। আমাকে শেম করলেন, অপদস্থ করলেন, গালিটা দিলেন—এই রাইটটা আপনাদের কে দিয়েছে?’

পরীমনির অভিযোগ, তাঁকে বয়কটের ডাক দেওয়ার পাশাপাশি তাঁর কাজ বন্ধ করতে বিভিন্ন ব্র্যান্ডের মালিকদের হুমকি দেওয়া হচ্ছে।

গুলশানের অনুষ্ঠানে গাড়িতে হামলার অভিযোগ
এর আগে রোববার দিবাগত রাতে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠান শেষে ফেসবুক লাইভে এসে গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেন পরীমনি। তাঁর ভাষ্য, অনুষ্ঠানে একজন আক্রমণাত্মক আচরণ করেন। পরে তাঁর গাড়িতে হামলা এবং অনুষ্ঠানস্থলের একটি স্টল ভাঙচুর করা হয়। নিরাপত্তাহীনতা বোধ করায় তিনি গুলশান থানায় ফোন করেন। ঘটনাস্থলে পুলিশও উপস্থিত ছিল বলে জানান তিনি।

তবে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর গণমাধ্যমকে বলেন, অনুষ্ঠানে একটি সমস্যা হয়েছিল। পরে পরীমনি সেখান থেকে চলে যান। গাড়ি বা স্টল ভাঙচুরের বিষয়ে তাঁর জানা নেই।

সাংবাদিকের সঙ্গে বিরোধ থেকে আইনি নোটিশ
গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। সেদিন আদালত প্রাঙ্গণে ছবি ও ভিডিও ধারণের সময় তাঁর নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় এক সাংবাদিকের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে অভিনেত্রীর বিরুদ্ধে। পরে পরীমনি অভিযোগ করেন, ওই সাংবাদিক তাঁকে স্পর্শ করেছেন।

অভিযোগ অস্বীকার করে সাংবাদিক রবিউল হোসাইন পরীমনির বিরুদ্ধে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেন। এ ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার পরীমনি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে আইনি নোটিশ পাঠান। নোটিশে সাত দিনের মধ্যে পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে।

নোটিশ পাওয়ার পর এবার নতুন ভিডিও বার্তায় নিজের অবস্থান তুলে ধরলেন এই অভিনেত্রী।

কালের আলো/এএএন/জেএন

Link copied!