জন্মদিন নিয়ে নয়, বরং গুগলে নিজের বয়সের ভুল তথ্য দেখে বিব্রত অভিনেত্রী সাদিয়া আয়মান। তাঁর নামে তৈরি গুগল প্রোফাইলে জন্মসাল ও বয়সের যে তথ্য দেখানো হচ্ছে, তা সঠিক নয় বলে জানিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশের পাশাপাশি কীভাবে তথ্য সংশোধন করা যায়, তা জানতে চেয়েছেন এই অভিনেত্রী।
সাদিয়া আয়মানের দাবি, কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই তাঁর বয়স নিয়ে মনগড়া তথ্য যুক্ত করা হয়েছে গুগলে। বিষয়টি নিয়ে মজার ছলে তিনি লিখেছেন, ‘গুগলে আমার নামে, আমার বয়স দিয়ে এই প্রোফাইল যে করেছে তার সঙ্গে হয়তো আমার একপাক্ষিক শত্রুতা আছে, না হয় তার সঙ্গে আমার জন্ম হওয়ারও ৬ বছর আগে দেখা হয়েছে।’
বয়স নিয়ে রাখঢাক নেই সাদিয়ার
নিজের বয়স নিয়ে কখনো লুকোছাপা করেননি বলে জানিয়েছেন সাদিয়া। তিনি বলেন, এ বছরের ১৭ মার্চ সত্যিকার অর্থেই ২৭ বছরে পা দিয়েছেন। তবে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও শিক্ষাগত সনদ অনুযায়ী তাঁর বয়স ২৬ বছর।
বয়সকে স্বাভাবিক ও সুন্দর বিষয় হিসেবেই দেখেন এই অভিনেত্রী। তাই বয়স নিয়ে ভুল তথ্য ছড়িয়ে পড়ার বিষয়টি তাঁর কাছে বিব্রতকর। প্রয়োজনের সময় অনেকেই গুগল থেকে তথ্য সংগ্রহ করেন। ফলে এ ধরনের ভুল তথ্য বিভ্রান্তি তৈরি করতে পারে বলেও মনে করছেন তিনি।
বিজ্ঞাপন দিয়ে শোবিজে যাত্রা
২০১৯ সালে বিজ্ঞাপনে কাজের মধ্য দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন সাদিয়া আয়মান। একই বছর ইমরাউল রাফাত পরিচালিত ‘টু বি ওয়াইফ’ নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে অভিষেক হয় তাঁর।
এরপর ধীরে ধীরে নাটকে নিজের অবস্থান তৈরি করেন তিনি। সাম্প্রতিক সময়ে ‘বিষণ্ন মেঘ’, ‘প্রিয় পরিবার’, ‘ফ্যামিলি এক্সপ্রেস’ ও ‘হানিমুন’-এর মতো কাজ দিয়ে দর্শকের প্রশংসা পেয়েছেন এই অভিনেত্রী।
কালের আলো/এসএ/জেএন
