Kaler Alo
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০২:৩৯ পিএম

মোবাইল কোর্টে স্বচ্ছতা আনতে নতুন নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগের

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০২:৩৯ পিএম

মোবাইল কোর্টে স্বচ্ছতা আনতে নতুন  নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগের

মোবাইল কোর্টের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এখন থেকে মোবাইল কোর্টের প্রতিটি অভিযান ভিডিও ধারণ করতে হবে। পাশাপাশি জব্দ করা পণ্যের হিসাব সংরক্ষণ, আপিল মামলা পরিচালনায় নির্ধারিত আইনজীবী নিয়োগ এবং জেলা পর্যায়ে মিডিয়া সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

মোবাইল কোর্টের কার্যকারিতা ও সক্ষমতা বাড়াতে জারি করা নতুন পরিপত্রে এসব নির্দেশনা দেওয়া হয়। গত ২ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি পরিবীক্ষণ শাখা থেকে পরিপত্রটি জারি করা হয়েছে। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হয়েছে।

অভিযানের ভিডিও ও জব্দ পণ্যের হিসাব রাখতে হবে
নতুন নির্দেশনা অনুযায়ী, মোবাইল কোর্ট পরিচালনার সময় প্রতিটি অভিযানের ভিডিও ধারণ করতে হবে। অভিযানে জব্দ করা পণ্যের সঠিক হিসাব রাখতে হবে এবং সেগুলো নিরাপদে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।

এ ছাড়া মোবাইল কোর্ট পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সহায়তার জন্য কর্মচারীদের মধ্য থেকে পেশকার নিয়োগ করতে হবে। তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থাও করতে বলা হয়েছে।

আপিল মামলা পরিচালনায় আইনজীবী নিয়োগ
মোবাইল কোর্টের আদেশের বিরুদ্ধে দায়ের করা আপিল মামলা পরিচালনায় সরকারের পক্ষে আইনজীবী নির্ধারণ করবেন জেলা ম্যাজিস্ট্রেটরা। এ ক্ষেত্রে সরকারি কৌঁসুলি (পিপি), অতিরিক্ত পিপি ও সহকারী সরকারি কৌঁসুলিদের (এপিপি) মধ্য থেকে আইনজীবী নির্বাচন করতে হবে। তাঁদের নিয়োগের বিষয়টি সংশ্লিষ্ট আদালতকে জানাতে হবে।

মামলার অগ্রগতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় নথিপত্র সরবরাহের সমন্বয় করবেন দায়িত্বপ্রাপ্ত আইনজীবী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। পুরো প্রক্রিয়া তদারক করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

চার সদস্যের মিডিয়া সেল গঠন
মোবাইল কোর্টের কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে তথ্য জানাতে প্রতিটি জেলায় চার সদস্যের মিডিয়া সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক অথবা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এই সেলের নেতৃত্ব দেবেন। জেলা তথ্য অফিস ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এর সদস্য থাকবেন।

মিডিয়া সেলের দায়িত্ব হবে মোবাইল কোর্টের অভিযানের ছবি, ভিডিও ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা। এসব উপাদান সম্পাদনার পর সরকারি ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে প্রকাশের ব্যবস্থা করবে সেলটি। প্রয়োজনে এ কাজে কারিগরি সহায়তাও নেওয়া যাবে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব নাজমা সিদ্দিকা বেগমের সই করা পরিপত্রে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত ৪ অক্টোবর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় মোবাইল কোর্টের সক্ষমতা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের ধারাবাহিকতায় নতুন নির্দেশনাগুলো জারি করা হয়েছে।

কালের আলো/এসএ/জেএন

Link copied!