Kaler Alo
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

কালের আলো রিপোর্ট

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০৯:২৯ পিএম

সংসদের প্রথম দিনেই একগুচ্ছ গুরুত্বপূর্ণ বার্তা

কালের আলো রিপোর্ট

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০৯:২৯ পিএম

সংসদের প্রথম দিনেই  একগুচ্ছ গুরুত্বপূর্ণ বার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ অধিবেশনের প্রথম দিনের বৈঠক শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সংক্ষিপ্ত সময়ের এই অধিবেশনে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্তের বিষয়টি সামনে এসেছে। এর মধ্যে শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • টঙ্গী থেকে চট্টগ্রাম—শিল্পাঞ্চলে ১০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর
  • ৭২২ এনজিওর নিবন্ধন বাতিলের তথ্য প্রকাশ
  • গণতান্ত্রিক চর্চা ও সংসদীয় জবাবদিহির আহ্বান স্পিকারের

সোমবার অধিবেশনের প্রথম দিনের বৈঠকে অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের পয়েন্ট অব অর্ডারে করা প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শ্রমিকদের জন্য পৃথক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা
প্রধানমন্ত্রী বলেন, শ্রমিক ও শ্রমজীবী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণ করা হবে। তিনি জানান, হাসপাতালগুলো বিশেষভাবে শ্রমিকদের চিকিৎসাসেবার জন্য নির্ধারিত থাকবে। সেভাবেই এগুলোর নামকরণ ও পরিচালনার ব্যবস্থা করা হবে, যাতে শ্রমিকরা সহজে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান।

জ্বালানি ও শিল্প খাত নিয়ে সমালোচনা
বিগত সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিনের দুঃশাসনের সময় দেশের জ্বালানি ব্যবস্থাকে বিদেশের ওপর নির্ভরশীল করে ফেলা হয়েছিল। দেশের খনিজ সম্পদ জনগণের স্বার্থে ব্যবহার না করে আমদানিনির্ভরতা বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, শিল্পের বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ না নিয়ে এমন কিছু নীতি গ্রহণ করা হয়েছিল, যার ফলে দেশের শিল্প খাত স্বাভাবিকভাবে এগিয়ে যেতে পারেনি।

স্বাস্থ্য খাত পুনর্গঠনে সরকারের উদ্যোগ
দেশের স্বাস্থ্য খাতের অতীত পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে চিকিৎসাব্যবস্থা পরিকল্পিতভাবে দুর্বল করে দেওয়া হয়েছিল। বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসাসেবার সুযোগ আরও সংকুচিত হয়েছে।

তিনি বলেন, একপর্যায়ে দেশের মানুষকে চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য হতে হয়েছে। বর্তমান সরকার দেশের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করাই সরকারের লক্ষ্য। শ্রমজীবী মানুষের জন্য ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও সেই উদ্যোগের অংশ।

৭২২ এনজিওর নিবন্ধন বাতিল
এদিকে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৫ বছরে বিভিন্ন অনিয়ম ও বিধিবিধান লঙ্ঘনের কারণে ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে এনজিও বিষয়ক ব্যুরো।

সোমবার জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ১৯৯০ সালে এনজিও বিষয়ক ব্যুরো প্রতিষ্ঠার পর থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে প্রতিষ্ঠানটি বৈদেশিক অনুদানপ্রাপ্ত এনজিওগুলোর স্বেচ্ছাসেবামূলক প্রকল্পের কার্যক্রম সমন্বয় করে আসছে।

তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনেও এনজিওগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্তি, জনস্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, লিঙ্গসমতা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, নারী নির্যাতন প্রতিরোধ এবং সুপেয় পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার মতো বিভিন্ন ক্ষেত্রে এনজিওগুলো কাজ করছে। এসব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও সমন্বয়ের দায়িত্ব পালন করছে এনজিও বিষয়ক ব্যুরো।

তিনি জানান, এনজিও বিষয়ক ব্যুরো নতুন এনজিওর নিবন্ধন প্রদান, নিবন্ধন নবায়ন, প্রকল্প অনুমোদন, অর্থছাড় এবং প্রকল্প বাস্তবায়ন পর্যবেক্ষণ ও তদারকিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ৭২২টি এনজিওর নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন অনিয়ম ও বিধিবিধান লঙ্ঘনের কারণে এসব সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

নিবন্ধন বাতিলের উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে রয়েছে নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আবেদন না করা, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ, নিবন্ধনের সময় দেওয়া শর্ত এবং পরবর্তী সময়ে ব্যুরোর আইনানুগ নির্দেশনা অমান্য করা। এ ছাড়া ভুয়া বা নকল লেটার অব ইনটেন্ট (এলওআই) দাখিলের কারণেও কয়েকটি এনজিওর বিরুদ্ধে নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধের ব্যবস্থা নেওয়া হয়েছে।

সভাপতিমণ্ডলীতে পাঁচ সংসদ সদস্য মনোনীত
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হয়েছে। সোমবার অধিবেশনের প্রথম দিনের বৈঠকে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাঁদের নাম ঘোষণা করেন।

মনোনীত সদস্যরা হলেন—মো. শাহজাহান (নোয়াখালী-৪), সরওয়ার জামাল নিজাম (চট্টগ্রাম-১২), মুহাম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১), শাহাজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫) এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা।

সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা সংসদের অধিবেশনে সভাপতিত্ব করবেন।

বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব
সাবেক চার সংসদ সদস্য, একজন সাবেক গণপরিষদ সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে জাতীয় সংসদে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে।

সোমবার অধিবেশনের প্রথম দিনের বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম শোকপ্রস্তাব উত্থাপন করেন।

শোকপ্রস্তাবে সাবেক সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের মনোয়ার হোসেন চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা এবং সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান। এ ছাড়া বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ ও আব্দুল হাইয়ের নামও রয়েছে।

সাবেক গণপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু তাহের আবদুল মুনতাকিমের নামও শোকপ্রস্তাবে উল্লেখ করা হয়।

শোকপ্রস্তাবে আরও রয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগম, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের মা মোছাম্মাৎ মাকসুদা খানম, লেখক, গবেষক ও চিন্তাবিদ অধ্যাপক সাঈদ উর রহমান এবং বিশিষ্ট সাংবাদিক আমির খসরু।

এ ছাড়া দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতিও জাতীয় সংসদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।

শোকপ্রস্তাব উত্থাপনকালে স্পিকার বলেন, উত্থাপিত শোকপ্রস্তাবে কোনো বিশিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাম বাদ পড়ে থাকলে তাদের নাম ও সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত সংসদ সচিবালয়ে পৌঁছে দিলে পরবর্তী সময়ে শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করার জন্য বিবেচনা করা হবে।

পরে শোকপ্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে সংসদে পাস হয়। শোকপ্রস্তাবের ওপর এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মোনাজাত পরিচালনা করেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। মোনাজাতে প্রয়াত ব্যক্তিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

ভিন্নমতের সহাবস্থান ও সংসদীয় শালীনতা বজায় রাখার আহ্বান স্পিকারের
সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্নমত ও ভিন্নপথের সহাবস্থান। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজা এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সংসদীয় রীতিনীতি, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

একই সঙ্গে জনগণের প্রত্যাশা পূরণে সংসদ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের সূচনা বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্পিকার বলেন, জাতীয় সংসদ জনগণের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও জনমতের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক অভিব্যক্তি। বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম দীর্ঘ ও ঘটনাবহুল। এ দেশের জনগণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বারবার সাহস, ত্যাগ ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ডামি নির্বাচন, অন্যায়, জুলুম, নিপীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সরকার দেশে গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করেছিল। ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে আবারও গণতন্ত্রের অগ্রযাত্রা সূচিত হয়। গণতন্ত্র ছাড়া কোনো দেশে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

স্পিকার বলেন, জাতীয় সংসদের প্রতি জনগণের প্রত্যাশা ব্যাপক। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা এবং জনগণের অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করা এই সংসদের অন্যতম প্রধান দায়িত্ব। সংসদীয় গণতন্ত্রের মূল শক্তি হলো আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল মতপ্রকাশ।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। আমাদের স্বাধীনতা অর্জনের ইতিহাস আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের এক গৌরবময় অধ্যায়। এই ইতিহাস আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস।

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ছাত্র-জনতার অংশগ্রহণে সংঘটিত এই গণঅভ্যুত্থান মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশাকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে।

বক্তব্যের শেষ পর্যায়ে মহান আল্লাহর কাছে বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা, ন্যায়বিচার ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার তৌফিক কামনা করেন স্পিকার। একই সঙ্গে সংসদ সদস্যদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের শক্তি ও প্রজ্ঞা কামনা করেন তিনি।

এদিকে, গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেন।

সোমবার বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া এই অধিবেশন সংক্ষিপ্ত সময় চলবে। তবে শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবা, শিল্প ও জ্বালানি খাত, এনজিও কার্যক্রমের জবাবদিহি এবং সংসদীয় গণতন্ত্রের চর্চাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসায় অধিবেশনটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

জেএন/এমকে

Link copied!