Kaler Alo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০৬:৪৬ পিএম

বোতলজাত ও খোলা সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০৬:৪৬ পিএম

বোতলজাত ও খোলা সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ

দেশে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৬৬ টাকা অপরিবর্তিত রয়েছে।

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় এবং দেশের সার্বিক সরবরাহ পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

নতুন মূল্য নির্ধারণ

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সভায় জানানো হয়, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে দেশে ভোজ্যতেলের মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির সামগ্রিক পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদন এবং বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

দাম বাড়ার কারণ

সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশের বাজারে নতুন করে মূল্য সমন্বয় করা হয়নি। এতে ভোজ্যতেলের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা ক্রমেই চ্যালেঞ্জিং হয়ে উঠছে।

আসন্ন পবিত্র রমজান সামনে রেখে দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজারদর এবং বর্তমান আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম পুনর্নির্ধারণের দাবি জানায় সংগঠনটি।

অতিরিক্ত দামে বিক্রি ঠেকাতে নির্দেশনা

সভায় বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুত এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি ঠেকাতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

Link copied!