রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। মোসা. বুলু (৪০) নামের ওই নারী রাজশাহী নগরীর দরগাপাড়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বুধবার (১১ নভেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
এক দিন আগে হাসপাতালে ভর্তি
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, গৃহিণী মোসা. বুলুকে গত সোমবার (৯ নভেম্বর) বিকেলে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরদিন মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২৪ ঘণ্টায় নতুন ভর্তি ৫৫, ছাড়পত্র ৬০ জনের
হাসপাতালের মুখপাত্র আরও জানান, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন করে ৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৬০ জন।
বর্তমানে হাসপাতালটিতে ১৭৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
কালের আলো/এসকে/এমএসআইপি
