মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে সম্পূর্ণ শূন্য অভিবাসন ব্যয়ে বাংলাদেশি কর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে বাছাই করা ৩০০ প্রার্থীর মধ্য থেকে চূড়ান্তভাবে ১১২ জনকে নিয়োগ দেওয়া হবে। তাঁদের দক্ষতা ও পদের উপযোগিতা যাচাই করতে ঢাকায় এসেছে মালয়েশিয়ার নয় সদস্যের প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেওয়া শুরু হয়েছে। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত চলবে এই বাছাই কার্যক্রম। নির্বাচিত কর্মীদের অভিবাসনসংক্রান্ত সরকার নির্ধারিত সব ব্যয় বহন করবে নিয়োগকারী মালয়েশীয় প্রতিষ্ঠান।
৪ হাজার আবেদনের মধ্য থেকে প্রাথমিক বাছাই
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) কার্যালয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।
তিনি জানান, গত ২ নভেম্বর মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে ৫ নভেম্বর অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বোয়েসেল। ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। নির্ধারিত সময়ে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।
বোয়েসেলের তথ্য অনুযায়ী, ৮ নভেম্বর বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পাওয়া আবেদন থেকে অনলাইন সফটওয়্যার লটারির মাধ্যমে দুই পদের জন্য ৩০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। তাঁদের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন।
পরীক্ষা ও সাক্ষাৎকার নেবে মালয়েশিয়ার প্রতিনিধি দল
প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ প্রার্থীর মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও পদের উপযোগিতা যাচাই করে ১১২ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে। এ জন্য মালয়েশিয়ার নয় সদস্যের প্রতিনিধি দল বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেবে।
বোয়েসেল জানিয়েছে, বাছাই প্রক্রিয়ায় সংস্থাটি কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা যাঁদের নির্বাচন করবেন, তাঁরাই চূড়ান্তভাবে নিয়োগের জন্য বিবেচিত হবেন।
নিয়োগে অভিবাসন ব্যয় বহন করবে কোম্পানি
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, সরকারিভাবে সম্পূর্ণ শূন্য অভিবাসন ব্যয়ে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। নির্বাচিত কর্মীদের অভিবাসনসংক্রান্ত সরকার নির্ধারিত সব ব্যয় বহন করবে মালয়েশিয়ার নিয়োগকারী কোম্পানি। বোয়েসেল নিয়োগকারী প্রতিষ্ঠান কিংবা কর্মীদের কাছ থেকে কোনো ধরনের অভিবাসন ব্যয় বা সার্ভিস চার্জ নেবে না।
তিনি আরও বলেন, মালয়েশিয়া বাংলাদেশের জন্য দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিদেশে অধিক কর্মসংস্থানের লক্ষ্যে বোয়েসেল স্বল্প ও শূন্য অভিবাসন ব্যয়ে নিরাপদ, নৈতিক ও দক্ষ অভিবাসন নিশ্চিত করতে কাজ করছে। নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাগত যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। এর আগে নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম, অতিরিক্ত অভিবাসন ব্যয়, ঋণের বোঝা ও কর্মী শোষণের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০২৪ সাল থেকে বাংলাদেশি কর্মী নিয়োগে কড়াকড়ি আরোপ করে মালয়েশিয়া।
এরপর দেশটির শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে দুই দেশের মধ্যে দফায় দফায় আলোচনা হয়। চলতি বছরের ২২ জুন মালয়েশিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে দ্রুত শ্রমবাজার খুলে দেওয়া এবং আরও বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ জানান।
সরকার শুরু থেকেই জানিয়ে আসছে, সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় মোট ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়োগকারী প্রতিষ্ঠানের চাহিদা পাওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। ডিএইচএল সাপ্লাই চেইনে ১১২ কর্মী নিয়োগের মধ্য দিয়ে সেই উদ্যোগের একটি ধাপ এগোচ্ছে।
কালের আলো/এসএ/এমএসআইপি
