পশ্চিমবঙ্গে গোপনে গবাদিপশু জবাইয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজ্যটির মুর্শিদাবাদের সাগরদীঘিতে পশু জবাইয়ের অভিযোগে তাঁ দের গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোররাতে শেখদীঘির হাজিপুর এলাকার একটি নির্জন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে মাংস উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো মাটিতে পুঁতে নষ্ট করা হয়। গ্রেপ্তার হওয়া চারজনের বাড়ি ওই এলাকাতেই। তাঁদের নাম নাজফুল হক, হেসামুদ্দিন শেখ, কেতাবুল শেখ ও শামসুল হক।
গোপন তথ্যের ভিত্তিতে অভিযান
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে সাগরদীঘি থানার একটি দল হাজিপুর এলাকায় অভিযান চালায়। সেখানে গবাদিপশু জবাই করা হচ্ছে বলে খবর পেয়েছিল পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গরু জবাই বন্ধে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি
এর আগের দিন সোমবার (২৩ নভেম্বর) নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর গবাদিপশু জবাই নিয়ে কঠোর অবস্থানের কথা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাজ্যে গরু জবাই কোনোভাবেই হতে দেওয়া হবে না। প্রচলিত আইন থাকা সত্ত্বেও গোপনে এ ধরনের কর্মকাণ্ড চলছে বলে মন্তব্য করেন তিনি। এসব বন্ধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান।
মুখ্যমন্ত্রী আরও বলেন, বেআইনি জবাই বন্ধে নতুন বিল আনার পরিকল্পনা করছে রাজ্য সরকার। পাশাপাশি এ ধরনের অপরাধের খবর পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার ব্যবস্থাও গড়ে তোলা হবে।
গোশালায় আর্থিক সহায়তার সিদ্ধান্ত
মন্ত্রিসভার বৈঠকে বয়স্ক ও অসুস্থ গরুর দেখভালের জন্য গোশালাগুলোকে বছরে সর্বোচ্চ এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রীয় গোকুল মিশনের আওতায় এ সহায়তা দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গত মে মাসে গরু, বলদ ও মহিষ জবাইয়ের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ জারি করা হয়। এবার বিদ্যমান আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি দ্রুত ব্যবস্থা নিশ্চিত করতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে রাজ্য সরকার।
কালের আলো/এসএ/এএইচ

















-20261124163219.jpg)


