ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর দীর্ঘদিনের প্রচলিত দুটি পদবিতে পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে ‘দফাদার’ পদবি পরিবর্তন করে ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ পদবি পরিবর্তন করে ‘গ্রাম পুলিশ’ করা হয়েছে। সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। সংশোধিত বিধিমালা অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সংশোধিত বিধিমালায় নতুন পদবি
রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৯৬ ও ৪৮ ধারায় দেওয়া ক্ষমতাবলে ২০১৫ সালের গ্রাম পুলিশ বাহিনী-সংক্রান্ত বিধিমালা সংশোধন করা হয়েছে।
‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) গ্রাম পুলিশ বাহিনীর গঠন, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও চাকরির শর্তাবলি সম্পর্কিত বিধিমালা, ২০১৫’-এর সংশোধনী অনুযায়ী, বিধিমালার যেসব স্থানে ‘দফাদার’ শব্দটি রয়েছে, সেসব স্থানে ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ শব্দের পরিবর্তে ‘গ্রাম পুলিশ’ ব্যবহার করা হবে।
চাকরির অন্যান্য শর্ত অপরিবর্তিত
নতুন সংশোধনীর ফলে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের পদবিতে পরিবর্তন এসেছে। তবে প্রজ্ঞাপনে পদবির নাম পরিবর্তনের বাইরে চাকরির অন্যান্য শর্তাবলিতে কোনো পরিবর্তনের কথা উল্লেখ করা হয়নি।
কালের আলো/এএইচ/এমএসআইপি
