রেলপথে ভ্রমণ সাধারণত আরামদায়ক ও নিরাপদ হিসেবে পরিচিত। তবে বিশ্বের এমন কিছু রেলপথ রয়েছে, যেখানে ট্রেনে চড়লেই যাত্রীদের সামনে খুলে যায় রোমাঞ্চ আর শিহরণে ভরা দৃশ্য। কোথাও খাড়া পাহাড়ের গা ঘেঁষে চলে গেছে রেললাইন, কোথাও রয়েছে গভীর খাদ, আবার কোথাও সমুদ্রের ওপর নির্মিত সেতু পেরিয়ে ছুটে চলে ট্রেন। দুর্গম ভূপ্রকৃতি, প্রতিকূল আবহাওয়া ও নির্মাণশৈলীর কারণে এসব রেলপথ পেয়েছে বিশেষ পরিচিতি। চলুন জেনে নেওয়া যাক বিশ্বের এমন ১১টি রেলপথ সম্পর্কে।
১. ট্রেন এ লাস নুবেস, আর্জেন্টিনা
আর্জেন্টিনার সালতা প্রদেশে আন্দিজ পর্বতমালার মধ্য দিয়ে চলে গেছে ২১৭ কিলোমিটার দীর্ঘ ট্রেন এ লাস নুবেস। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ২২০ মিটার উচ্চতায় অবস্থিত এই রেলপথ বিশ্বের অন্যতম উঁচু রেলপথ। ১৯২১ সালে এর নির্মাণকাজ শুরু হয়ে শেষ হয় ১৯৪৮ সালে।
‘ট্রেন টু দ্য ক্লাউডস’ নামেও পরিচিত এই রেলপথে রয়েছে দুটি জিগজ্যাগ বাঁক, ২৯টি সেতু ও ২১টি টানেল। প্রবল বাতাস, তীব্র ঠান্ডা এবং দুর্গম পাহাড়ি পথের মধ্য দিয়ে ট্রেন চলাচল করায় যাত্রাটি বেশ রোমাঞ্চকর।
২. বার্মা রেলওয়ে, থাইল্যান্ড
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের উদ্যোগে নির্মিত বার্মা রেলওয়ে ‘ডেথ রেলওয়ে’ বা মৃত্যুর রেলপথ নামে পরিচিত। প্রায় ২৫৮ মাইল দীর্ঘ এই রেলপথ নির্মাণে যুদ্ধবন্দি ও জোরপূর্বক শ্রমিকদের কাজে লাগানো হয়েছিল। নির্মাণকাজের সময় রোগ, অনাহার, নির্যাতন ও কঠোর শ্রমের কারণে বিপুলসংখ্যক মানুষের মৃত্যু হয়। বিভিন্ন হিসাবে নিহতের সংখ্যা প্রায় ১ লাখ ১০ হাজার। পাহাড়, জঙ্গল ও নদীর পাশ দিয়ে চলে যাওয়া এই রেলপথের সঙ্গে জড়িয়ে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক করুণ ইতিহাস।
৩. মায়েকলং রেলওয়ে মার্কেট, থাইল্যান্ড
থাইল্যান্ডের মায়েকলং রেলওয়ে মার্কেটের মাঝখান দিয়ে চলে গেছে রেললাইন। বাজারের দোকানপাট ও পণ্যের একেবারে পাশ ঘেঁষে ট্রেন চলাচল করে। ট্রেন আসার সংকেত পেলেই ব্যবসায়ীরা দ্রুত দোকানের ছাউনি গুটিয়ে নেন এবং পণ্য সরিয়ে ফেলেন। ট্রেন চলে গেলে আবার আগের মতো বাজার বসে।
রেললাইন ও বাজারের এমন অদ্ভুত সহাবস্থান পর্যটকদের কাছে জায়গাটিকে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে। ট্রেন চলাচলের সময় সামান্য অসতর্কতাও বিপদের কারণ হতে পারে।
৪. নরিজ দেল ডায়াবলো, ইকুয়েডর
ইকুয়েডরের আন্দিজ পর্বতমালার দুর্গম এলাকায় অবস্থিত নরিজ দেল ডায়াবলো, যার অর্থ ‘শয়তানের নাক’। পাহাড়ের নাকের মতো দেখতে একটি খাড়া অংশ কেটে এই রেলপথ তৈরি করা হয়েছে। একদিকে উঁচু পাহাড়, অন্যদিকে গভীর খাদ—এমন ভূপ্রকৃতির মধ্য দিয়ে আঁকাবাঁকা পথে ট্রেন চলাচল করে।
১৮৯৯ সালে এর নির্মাণকাজ শুরু হয়। পাহাড়ি ঢাল অতিক্রম করতে রেলপথে বিশেষ জিগজ্যাগ ব্যবস্থা তৈরি করা হয়েছে। তুষারপাত ও ভূমিক্ষয়ের কারণে বিভিন্ন সময়ে চলাচল ব্যাহত হলেও পর্যটকদের কাছে এটি এখনো আকর্ষণীয়।
৫. ফেরোক্যারিল সেন্ট্রাল অ্যান্ডিনো, পেরু
পেরুর ক্যালাও বন্দর ও রাজধানী লিমার সঙ্গে দেশটির পার্বত্য অঞ্চলকে যুক্ত করেছে ফেরোক্যারিল সেন্ট্রাল অ্যান্ডিনো। প্রায় ৫৩৫ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ আন্দিজ পর্বতমালার দুর্গম এলাকা অতিক্রম করেছে। এর সর্বোচ্চ অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬ হাজার ফুট উঁচুতে।
১৮৭১ সালে পোলিশ প্রকৌশলী আর্নেস্ট ম্যালিনোভস্কির তত্ত্বাবধানে এর নির্মাণকাজ শুরু হয়। রেলপথটিতে রয়েছে অসংখ্য সেতু ও টানেল। পাহাড় কেটে তৈরি এসব পথ দিয়ে ট্রেন চলাচলের সময় যাত্রীরা একদিকে যেমন উপভোগ করেন মনোমুগ্ধকর দৃশ্য, অন্যদিকে অনুভব করেন উচ্চতার চ্যালেঞ্জ।
৬. হোয়াইট পাস অ্যান্ড ইউকন রুট রেলওয়ে, যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের আলাস্কায় অবস্থিত হোয়াইট পাস অ্যান্ড ইউকন রুট রেলওয়ে। ১৮৯৮ সালে সোনার খনিতে যাতায়াতের সুবিধার জন্য এর নির্মাণ শুরু হয়। ১৯০০ সালে কাজ শেষ হয়। পাহাড়ের খাড়া ঢাল, গভীর খাদ, টানেল ও উঁচু সেতুর মধ্য দিয়ে চলে গেছে এই রেলপথ।
বরফাচ্ছন্ন আবহাওয়া, প্রবল ঠান্ডা বাতাস এবং দুর্গম পাহাড়ি পথের কারণে এখানে ট্রেন চালানো বেশ চ্যালেঞ্জিং। একসময় পণ্য ও যাত্রী পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই রেলপথ বর্তমানে পর্যটকদের কাছেও জনপ্রিয়।
৭. কুম্ব্রেস অ্যান্ড টলটেক সিনিক রেলরোড, যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো ও কলোরাডো রাজ্যের মধ্য দিয়ে চলে গেছে কুম্ব্রেস অ্যান্ড টলটেক সিনিক রেলরোড। ১৮৮০ সালে নির্মিত প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ এই সরু রেলপথটি মূলত সান জুয়ান পর্বতমালার খনিশিল্পের কাজে ব্যবহৃত হতো।
পরবর্তী সময়ে কৃষি ও শিল্পপণ্য পরিবহনেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ১৯৬৮ সালে পণ্য পরিবহন বন্ধ হয়ে যাওয়ার পর নিউ মেক্সিকো ও কলোরাডো রাজ্য রেলপথটির অংশ কিনে নেয়। বর্তমানে এটি পর্যটকদের জন্য চালু রয়েছে। প্রায় ১০ হাজার ফুট উচ্চতার এই পথে এখনো বাষ্পচালিত ট্রেন চলাচল করে।
৮. জর্জটাউন লুপ রেলপথ, যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের কলোরাডোর রকি পর্বতমালায় অবস্থিত জর্জটাউন লুপ রেলপথ। প্রায় ৭ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ এই রেলপথের সবচেয়ে আকর্ষণীয় অংশ ডেভিলস গেট হাইব্রিজ। মাটি থেকে প্রায় ১৯৫ মিটার উঁচুতে অবস্থিত সেতুটি দিয়ে ট্রেন চলাচলের দৃশ্য যাত্রীদের রোমাঞ্চিত করে।
১৮৮৪ সালে নির্মিত এই রেলপথ ১৮৯৯ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত যাত্রী ও পণ্য পরিবহনে ব্যবহৃত হয়। পরে বন্ধ হয়ে গেলেও ১৯৮৪ সালে শতবর্ষ উপলক্ষে এটি আবার চালু করা হয়।
৯. পাম্বান সেতু, ভারত
ভারতের রামেশ্বরমে অবস্থিত পাম্বান সেতু সমুদ্রের ওপর নির্মিত একটি ঐতিহাসিক রেলসেতু। প্রায় ৬ হাজার ৭৭৬ ফুট দীর্ঘ এই সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচল করে। দুই পাশে বিস্তৃত সমুদ্রের পানি, নিচে ঢেউ আর মাঝখান দিয়ে এগিয়ে চলা ট্রেন—সব মিলিয়ে যাত্রাটি ভিন্ন ধরনের অভিজ্ঞতা তৈরি করে।
ঘূর্ণিঝড়প্রবণ এলাকায় অবস্থিত হওয়ায় প্রবল বাতাস ও প্রতিকূল আবহাওয়া এখানে ট্রেন চলাচলের জন্য বড় চ্যালেঞ্জ। সমুদ্রের ওপর রেলযাত্রার অভিজ্ঞতা নিতে পর্যটকদের কাছে সেতুটি বিশেষ আকর্ষণীয়।
১০. কুরান্দা রেলওয়ে, অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের পাহাড়ি ও বনাঞ্চলের মধ্য দিয়ে চলে গেছে কুরান্দা রেলওয়ে। ১৮৮২ সালে খনিশিল্পের সুবিধার জন্য এর নির্মাণকাজ শুরু হয়। দুর্গম পাহাড়, ঘন বন ও খাড়া ঢাল পেরিয়ে রেললাইন নির্মাণ করতে গিয়ে শ্রমিকদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল।
বর্তমানে এই রেলপথ পর্যটকদের কাছে জনপ্রিয়। বিশেষ করে ব্যারন গর্জের জলপ্রপাত, ঘন বৃষ্টিবন ও পাহাড়ি দৃশ্যের মধ্য দিয়ে ট্রেনযাত্রা ভ্রমণপ্রেমীদের বাড়তি আকর্ষণ জোগায়।
১১. জেলমারবান ফুনিকুলার, সুইজারল্যান্ড
সুইজারল্যান্ডের জেলমারবান ফুনিকুলার বিশ্বের অন্যতম খাড়া ফুনিকুলার রেলপথ। পাহাড়ের ঢাল বেয়ে ওঠানামা করা এই রেলযানে যাত্রীরা অনেকটা রোলার কোস্টারের মতো অনুভূতি পান। চারপাশে পাহাড় ও প্রাকৃতিক সৌন্দর্য থাকলেও খাড়া ঢাল ও উন্মুক্ত পথের কারণে যাত্রাটি বেশ রোমাঞ্চকর।
বিশেষ করে উঁচু থেকে নিচের দিকে তাকালে অনেকেরই গা শিউরে উঠতে পারে। দুর্গম পাহাড়ি পরিবেশে নির্মিত এই রেলপথ রোমাঞ্চপ্রিয় পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ।
বিশ্বের এসব রেলপথের কোনোটি ইতিহাসের সাক্ষী, কোনোটি প্রকৌশলবিদ্যার বিস্ময়, আবার কোনোটি প্রাকৃতিক সৌন্দর্য ও দুর্গমতার অনন্য সমন্বয়। ভয়ংকর বলে পরিচিত হলেও যথাযথ নিরাপত্তাব্যবস্থা ও পরিচালনার মধ্য দিয়ে এসব রেলপথে পর্যটকেরা উপভোগ করেন স্মরণীয় ভ্রমণ।
কালের আলো/এসএ/এমএস



-20261123121454.jpg)



-20261123114953.jpg)




-20261121140412.jpg)






