নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৬, ১১:০৮ পিএম

গণভোট

গণভোটের রায় না মানলে দেশ সংঘাতের দিকে যাবে: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৬, ১১:০৮ পিএম

গণভোটের রায় না মানলে দেশ সংঘাতের দিকে যাবে: গোলাম পরওয়ার

ছবি:সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের বিরুদ্ধে অনিয়মকারীদের সঙ্গে আঁতাতের অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেছেন, সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান ও সচিব যদি নির্বাচনে অনিয়মের অভিযোগ অস্বীকার করেন, তাহলে বুঝতে হবে অনিয়মকারীদের সঙ্গে তাঁদের আঁতাত রয়েছে। সাংবিধানিক পদে থেকে তাঁরা সেই পদের প্রতি সুবিচার করেননি।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। শনিবার ঢাকা থেকে খুলনা ও কুষ্টিয়ামুখী লংমার্চের প্রস্তুতি ও অগ্রগতি তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 নানা অনিয়মের অভিযোগ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের পরিচয়পত্র বা ব্যাজ ছাড়া দায়িত্ব পালনের অভিযোগ করেন গোলাম পরওয়ার। তাঁর দাবি, ১১-দলীয় ঐক্যের প্রার্থী এ বিষয়ে প্রশ্ন তুললে সংশ্লিষ্ট ব্যক্তিরা তড়িঘড়ি করে কাগজে কলম দিয়ে নিজেদের পরিচয় লিখে পকেটে রাখেন। তাঁরা কোনো নিয়োগপত্রও দেখাতে পারেননি। ফলে তাঁরা নির্বাচন কমিশনের নিয়োগ করা কর্মকর্তা কি না, তা নিশ্চিত হওয়ার সুযোগ ছিল না।

এ ছাড়া ভোট গ্রহণের আগেই ব্যালট পেপারে সিল মারা, জাল ভোট দেওয়া এবং কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেন তিনি। কোনো কোনো কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা ফলাফল ঘোষণা না করে পুলিশের গাড়িতে করে চলে যাওয়ার সময় দাঁড়িপাল্লার ভোটাররা গাড়ি থামিয়েছেন বলেও দাবি করেন জামায়াতের এই নেতা।

গোলাম পরওয়ার বলেন, এসব অভিযোগের পরও ইসি সচিব নির্বাচনে অনিয়মের কথা অস্বীকার করেছেন। তাঁর এমন বক্তব্য অনিয়মকে বৈধতা দেওয়ার শামিল। তবে উপনির্বাচনের ফলাফল নিয়ে এখনই চূড়ান্ত কোনো মন্তব্য করতে চান না বলে জানান তিনি। তৃণমূল থেকে আরও তথ্য আসছে উল্লেখ করে সেগুলো পর্যালোচনা ও বিশ্লেষণের পর এ বিষয়ে পরবর্তী বক্তব্য দেওয়া হবে বলে জানান।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে ইসি সচিব আখতার আহমেদ নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে এবং কমিশন নির্বাচনে সন্তুষ্ট বলে জানিয়েছিলেন। একই দিন সিইসি এ এম এম নাসির উদ্দীন বলেছিলেন, ১১-দলীয় জোটের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগগুলো সমাধান করা হয়েছে।

গণভোটের রায় না মানলে সংঘাতের আশঙ্কা

সংবাদ সম্মেলনে গণভোটের রায় বাস্তবায়নের দাবিও পুনর্ব্যক্ত করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, সরকারকে গণভোটের রায় মানতে হবে। তা না হলে রাজনৈতিক সংকট নিরসনের বিকল্প থাকবে না। সরকার একদলীয় ও কর্তৃত্ববাদী মনোভাব নিয়ে চলতে থাকলে রাজনীতি সংঘাতের দিকে যাবে।

তিনি আরও বলেন, জামায়াত সংসদের মাধ্যমেই এ সংকটের সমাধান চায়। আগামী ৯ নভেম্বর সংসদের অধিবেশন রয়েছে। জনগণের আস্থার প্রতি সম্মান দেখাতে চাইলে সরকারকে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে হবে। এ জন্য বিশেষ কমিটির প্রয়োজন নেই।

গোলাম পরওয়ারের দাবি, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংবিধান সংশোধনের প্রস্তাবের পক্ষে মত দিয়েছেন।

লংমার্চে দেড় হাজার গাড়ি যুক্ত করার লক্ষ্য

আগামী শনিবার জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের খুলনামুখী লংমার্চের প্রস্তুতির বিষয়েও সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন গোলাম পরওয়ার।

তিনি জানান, রাজধানীর বায়তুল মোকাররম থেকে গাড়িবহর যাত্রা শুরু করবে। হানিফ ফ্লাইওভার হয়ে ঢাকা-মাওয়া মহাসড়ক ধরে ফরিদপুরের ভাঙ্গা, গোপালগঞ্জ, খুলনা, রূপসা সেতু পার হয়ে যশোর ও কুষ্টিয়ার দিকে যাবে বহরটি। প্রায় ৪২৫ কিলোমিটারের এ যাত্রাপথে ১৯টি জেলা অতিক্রম করা হবে। পথে একাধিক পথসভাও অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি

গোলাম পরওয়ার বলেন, শুরুতে ৬৫০ থেকে ৭০০টি গাড়ি থাকবে। বিভিন্ন জেলা থেকে গাড়ি যুক্ত হয়ে খুলনায় পৌঁছানোর সময় বহরে প্রায় এক হাজার গাড়ি হবে। পরে যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়া থেকে আরও গাড়ি যুক্ত হবে। কুষ্টিয়া জেলা স্টেডিয়াম পর্যন্ত বহরে প্রায় দেড় হাজার গাড়ি যুক্ত হওয়ার আশা তাঁদের।

লংমার্চ শান্তিপূর্ণ রাখতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পথে কোথাও উসকানিমূলক বক্তব্য বা প্রতিপক্ষকে আঘাত করে এমন স্লোগান দেওয়া যাবে না। কোনো উসকানি বা বাধার মুখে পড়লেও গাড়ি থেকে না নেমে ধৈর্য ও সংযম বজায় রাখতে হবে। প্রশাসনের বিভিন্ন স্তর থেকে সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে বলেও জানান তিনি।

এদিকে বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার নিখোঁজ হওয়া এবং পরে তাঁর লাশ উদ্ধারের ঘটনায় গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা রয়েছে বলেও মন্তব্য করেন গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, মুয়াযযম হোসাইন হেলাল ও এহসানুল মাহবুব জুবায়েরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Link copied!