Kaler Alo
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ০৪:২৮ পিএম

স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজাতে মানসিকতা বদলের তাগিদ রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ০৪:২৮ পিএম

স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজাতে মানসিকতা বদলের তাগিদ রাষ্ট্রপতির

দেশের সাধারণ মানুষের কাছে সহজে ও সাশ্রয়ী মূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে স্বাস্থ্য খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবার মন-মানসিকতা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

চিকিৎসা খাতে বিনিয়োগের সুফল পাচ্ছে না মানুষ
রাষ্ট্রপতি বলেন, দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে সাজাতে হবে। এ জন্য শুধু অবকাঠামো বা চিকিৎসাসেবার সুযোগ বাড়ালেই হবে না, সংশ্লিষ্ট সবার মন-মানসিকতারও পরিবর্তন আনতে হবে।

তিনি বলেন, দেশের মেধাবী শিক্ষার্থীরা চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করেন। এ খাতে সরকারেরও যথেষ্ট বিনিয়োগ রয়েছে। কিন্তু সেই বিনিয়োগের সুফল সাধারণ মানুষের কাছে যথাযথভাবে পৌঁছাচ্ছে না।

রাষ্ট্রপতির ভাষ্য, দেশের চিকিৎসাব্যবস্থায় এমন জট তৈরি হয়েছে যে সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দাঁতের চিকিৎসার ব্যয় অনেক বেশি হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত মানুষের পক্ষে তা বহন করা কঠিন।

উপজেলা পর্যায়ে চিকিৎসক সংকট দূর করার আহ্বান
সরকারি হাসপাতালগুলোর সীমাবদ্ধতার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, অধিকাংশ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক ও পর্যাপ্ত চিকিৎসাসেবার ব্যবস্থা নেই। উপজেলা পর্যায়ে অনেক সময় চিকিৎসক পাওয়া যায় না। ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে হাতুড়ে চিকিৎসকদের শরণাপন্ন হন।

এ পরিস্থিতি পরিবর্তনে প্রান্তিক এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্ত সরকারি চিকিৎসক নিয়োগের আহ্বান জানান তিনি। তাঁর মতে, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে উপজেলা ও স্থানীয় পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোকে কার্যকর করা জরুরি।

গ্রামে যেতে অনীহা তরুণ চিকিৎসকদের
তরুণ চিকিৎসকদের গ্রামাঞ্চলে দায়িত্ব পালনের বিষয়ে রাষ্ট্রপতি বলেন, অনেক তরুণ চিকিৎসক পড়াশোনা শেষ করে গ্রামে যেতে চান না। কেউ গ্রামে গেলেও কিছুদিন পর প্রশিক্ষণ বা অন্য কাজে চলে যান। এ ধরনের মানসিকতার পরিবর্তন প্রয়োজন।

তিনি বলেন, মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থাকলে স্বাস্থ্য খাতের অনেক অব্যবস্থাপনা দূর করা সম্ভব। চিকিৎসকদের দায়িত্ব শুধু পেশাগত কাজের মধ্যে সীমাবদ্ধ নয়; দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

পেশাজীবী সংগঠনকে দলীয় রাজনীতির বাইরে রাখার তাগিদ
পেশাজীবীদের সংগঠনগুলোকে দলীয় রাজনীতির বাইরে রাখার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, পেশাগত ক্ষেত্রে দলীয়করণ করা উচিত নয়। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংগঠনের সবকিছু পরিবর্তন হয়ে যাওয়ার প্রবণতাও বন্ধ হওয়া প্রয়োজন।

তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। একটি সার্বজনীন ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

ডেন্টাল চিকিৎসার উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের গুরুত্ব
প্রথম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটি আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে দেশের ডেন্টাল চিকিৎসকদের সহায়তা এবং ডেন্টাল স্বাস্থ্যসেবার উন্নয়নেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি সংগঠনটির স্যুভেনির উন্মোচন করেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন।

বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্যসচিব ডা. মো. আলমগীর কবির। আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান। 

কালের আলো/এসএ/জেএন

Link copied!