Kaler Alo
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
১৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৬, ০১:২৩ এএম

প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর বিপক্ষে ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৬, ০১:২৩ এএম

প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর বিপক্ষে ছাত্রদল

সংবিধান সংশোধন নিয়ে সংসদীয় বিশেষ কমিটির বৈঠকে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর প্রস্তাবের বিরোধিতা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। অন্যদিকে, গণভোটের রায় বাস্তবায়ন না করে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়ার অভিযোগ তুলে বৈঠক বর্জন করেছে ছাত্রশিবির, ছাত্রশক্তি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রতিনিধিরা।

এদিকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে অপপ্রচারের বিষয়ে সজাগ থাকতে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের প্রতি আহ্বান জানিয়েছে সংবিধান সংশোধন-সম্পর্কিত সংসদীয় বিশেষ কমিটি। মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে বিশেষ কমিটির দশম বৈঠকে এসব ঘটনা ঘটে। এতে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সংবিধান সংস্কারে যেসব বিষয়ে আলোচনা
সংসদ সচিবালয় সূত্র জানায়, কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংবিধানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

এর মধ্যে রয়েছে শিক্ষা ও চিকিৎসাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা, গণঅভ্যুত্থানের দাবি বাস্তবায়ন, প্রধানমন্ত্রীর বিদ্যমান ক্ষমতা, নারী ও শিশুর সুরক্ষা, জরুরি অবস্থাসংক্রান্ত বিধান এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা। বৈঠকে উপস্থিত ছাত্র প্রতিনিধিরা নিজ নিজ সংগঠনের প্রস্তাব তুলে ধরেন। বিস্তারিত প্রস্তাব লিখিতভাবে জমা দেওয়ার জন্য তাঁদের সাত দিন সময় দিয়েছে কমিটি।

প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর প্রস্তাবে ছাত্রদলের আপত্তি
বৈঠক শেষে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকদের বলেন, সংসদীয় গণতন্ত্রে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর প্রস্তাবের বিরোধিতা করেছেন তাঁরা। পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, বিচার বিভাগের জবাবদিহিতা এবং সংবিধানের মূলনীতিতে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপনের প্রস্তাব দিয়েছেন।

সংস্কার পরিষদের মাধ্যমে সংবিধান সংশোধন করা হলে ভবিষ্যতে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ কারণে সংসদীয় প্রক্রিয়ায় সংশোধনী বিল আনার প্রস্তাব দিয়েছেন বলে জানান ছাত্রদল সভাপতি। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জানান, ছাত্রশিবির ও ছাত্রশক্তি ছাড়া প্রায় ১৫টি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে অংশ নিয়েছেন।

সাংবিধানিক কমিশন গঠনের প্রস্তাব
বৈঠকে বাংলাদেশ ছাত্র ফেডারেশন সংবিধান সংস্কার সভা ও সাংবিধানিক কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সৈকত আরিফ জানান, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের জন্য একটি সাংবিধানিক কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন তাঁরা। এ ছাড়া বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পৃথক সচিবালয় গঠনের প্রস্তাবও তুলে ধরেন তাঁরা।

গণভোটের রায় বাস্তবায়ন না করার অভিযোগে বর্জন
বৈঠকের বিরোধিতা করে তা বর্জনের ঘোষণা দেন ডাকসুর ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম বৈঠকটিকে ‘জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাবিরোধী’ বলে উল্লেখ করেন।

বৈঠকে অংশ না নেওয়ার কারণ ব্যাখ্যা করে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিলেও সরকার সেই রায় বাস্তবায়ন করেনি। গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়ায় তাঁরা বৈঠক বর্জন করেছেন। সরকার জনগণের প্রত্যাশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে—এমন অভিযোগ তুলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশও মতবিনিময় সভা বর্জন করেছে বলে জানান সংগঠনটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রশক্তির কোনো প্রতিনিধি বৈঠকে অংশ নেননি বলে সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন।

বৈঠকে অংশ নেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা
বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সিনথিয়া জাহীন আয়েশা, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতুসহ বামপন্থী কয়েকটি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কমিটির সদস্যদের মধ্যে চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী মো. নূরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বৈঠকে অংশ নেন।

কালের আলো/এসকে/এমএসআইপি

Link copied!