Kaler Alo
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
১৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

কূটনৈতিক প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ০৪:২১ পিএম

প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় ইউএইর সঙ্গে বৈঠক

কূটনৈতিক প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ০৪:২১ পিএম

প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় ইউএইর সঙ্গে বৈঠক

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ ও আধা-দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং দেশটিতে বসবাসরত প্রবাসীদের স্বার্থ সুরক্ষার বিষয়ে আলোচনা করেছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে বাংলাদেশের বন্দর অবকাঠামোয় আমিরাতের বিনিয়োগ এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অ্যান্টিগুয়া ও বারবুডার সেন্ট জনসে ২৮তম কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) সাইডলাইনে ইউএইর আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক প্রতিমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাশিমির সঙ্গে বৈঠক করেন হুমায়ুন কবির।

শ্রমবাজার ও প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় গুরুত্ব
বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে আমিরাতের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ ও আধা-দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অধিকার ও স্বার্থ সুরক্ষার বিষয়টি গুরুত্ব পায়।

এ ছাড়া বাংলাদেশের বন্দর অবকাঠামোয় ইউএইর বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। বহুপক্ষীয় ফোরামগুলোতে পারস্পরিক সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও তাঁরা মতবিনিময় করেন।

রোহিঙ্গা সংকটে পাশে থাকার আশ্বাস
বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। বিশেষ করে সংকটের মূল কারণগুলো মোকাবিলায় সহযোগিতার বিষয়টি তুলে ধরে দেশটি। একই সঙ্গে বাংলাদেশ ও ইউএইর মধ্যে প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) দ্রুত কার্যকর করার ওপর গুরুত্ব দেন দুই মন্ত্রী। তাঁদের মতে, এই চুক্তি বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার পরিসর আরও বাড়বে।

কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব
২৮তম কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে ১ নভেম্বর অ্যান্টিগুয়া ও বারবুডা সফরে যান ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির। সম্মেলনটি ৪ নভেম্বর পর্যন্ত চলবে। সম্মেলনের সাইডলাইনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মাধ্যমে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

Link copied!