Kaler Alo
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
১৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ০৫:৩৫ পিএম

এআই সামিটে যোগ দেবেন ৬ হাজার স্টেকহোল্ডার, থাকছে ১৪২ স্টল

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ০৫:৩৫ পিএম

এআই সামিটে যোগ দেবেন ৬ হাজার স্টেকহোল্ডার, থাকছে ১৪২ স্টল

দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার, উদ্ভাবন ও ব্যবসায়িক সম্ভাবনা সম্প্রসারণের লক্ষ্যে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট’। রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে এ সামিটের আয়োজন করছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ।

অংশ নিচ্ছেন ছয় হাজার স্টেকহোল্ডার

মন্ত্রী জানান, সামিটে অংশগ্রহণের জন্য দেশি-বিদেশি প্রায় ছয় হাজার স্টেকহোল্ডার নিবন্ধন করেছেন। দেশের প্রযুক্তিনির্ভর অর্থনীতিকে এগিয়ে নেওয়া এবং জাতীয় সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই আন্তর্জাতিক মানের এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এ সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কেন্দ্র করে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন ঘটছে। এ বাস্তবতা বিবেচনায় এবারের সামিটের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আগামী দিনের অর্থনীতির জন্য এআই-করণ’।

থাকছে তিনটি গুরুত্বপূর্ণ অধিবেশন

দিনব্যাপী সম্মেলনে তিনটি বিষয়ভিত্তিক অধিবেশন অনুষ্ঠিত হবে। প্রথম অধিবেশন দুপুর ১২টায় শুরু হবে। এতে এআই বিপ্লবের গতিপথ, নীতি, দক্ষতা ও অবকাঠামোগত চ্যালেঞ্জ নিয়ে নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা আলোচনা করবেন।

একই সময়ে ‘হল অব ফেম’-এ অনুষ্ঠিত হবে দ্বিতীয় অধিবেশন। এতে একাডেমিয়া ও শিল্প খাতের অংশীদারত্ব জোরদার এবং প্রযুক্তি হস্তান্তরের কৌশল নিয়ে আলোচনা হবে।

বিকেল ৩টায় তৃতীয় অধিবেশনে ‘ডিজিটাল সহকর্মী’ হিসেবে এআই এজেন্টের ভূমিকা এবং স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে এর ব্যবহার নিয়ে আলোচনা করা হবে।

প্রদর্শিত হবে ১৪২টি স্টলে এআই উদ্ভাবন

সামিটে দেশি-বিদেশি প্রযুক্তি কোম্পানি, প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ও উদ্ভাবকদের অংশগ্রহণে মোট ১৪২টি প্রদর্শনী স্টল থাকবে। দেড় শতাধিক স্টার্টআপ ও প্রযুক্তিপ্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী ধারণা ও প্রকল্প তুলে ধরবে।

এ ছাড়া ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের (১৯টি বিশ্ববিদ্যালয় ও একটি কলেজ) শিক্ষার্থীরা নিজেদের তৈরি এআই প্রকল্প ও প্রোটোটাইপ প্রদর্শন করবে। আন্তর্জাতিক পর্যায় থেকে যুক্তরাষ্ট্রের একটি এবং পাকিস্তানের চারটি প্রতিষ্ঠানসহ মোট পাঁচটি বিদেশি প্রদর্শক প্রতিষ্ঠান অংশ নেবে।

থাকবেন ২৭ জন স্পিকার ও আলোচক

মন্ত্রী জানান, সামিটে প্রায় ছয় হাজার দর্শনার্থী এবং দুই হাজার আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন। এর মধ্যে ঢাকা চেম্বার ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২০০ জন বিশেষ অতিথি থাকবেন। দেশি-বিদেশি নীতিনির্ধারক, শিল্প বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, গবেষক, করপোরেট ব্যক্তিত্ব ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিসহ প্রায় ২৭ জন স্পিকার ও আলোচক বক্তব্য দেবেন।

তিনি আশা প্রকাশ করেন, এ যৌথ উদ্যোগ দেশের শিল্প ও বাণিজ্য খাতে দায়িত্বশীল এআই প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং একটি টেকসই এআই ইকোসিস্টেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এআই ও গবেষণায় বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার

সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কার্যক্রম চারটি মূল স্তম্ভের ওপর ভিত্তি করে এগিয়ে নেওয়া হচ্ছে।

এগুলোর মধ্যে রয়েছে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) শিক্ষার প্রসার; গবেষণালব্ধ জ্ঞান ও গবেষণাপত্রকে বাজার উপযোগী করা; গবেষকদের সঙ্গে বিনিয়োগকারী ও বাজারের সংযোগ তৈরি এবং এআই, সেমিকন্ডাক্টর, বায়োটেকনোলজি, ন্যানোটেকনোলজি, মহাকাশ গবেষণা ও ব্লু-ইকোনমি নিয়ে বিশেষভাবে কাজ করা।

তিনি আরও বলেন, দেশে বিপুলসংখ্যক মেধাবী গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে। তাদের দক্ষতা কাজে লাগানো এবং নতুন ওষুধ ও জীবনধারাভিত্তিক পণ্য উদ্ভাবনের লক্ষ্যে বায়োটেক পার্ক স্থাপনেরও বড় সুযোগ রয়েছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

Link copied!