Kaler Alo
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
১৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০২:৫০ পিএম

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য বাড়াতে ঢাকায় ট্রেড শো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০২:৫০ পিএম

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য বাড়াতে ঢাকায় ট্রেড শো

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে আগামী ৫ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) আয়োজিত তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে অংশ নেবে ৪৩টি প্রতিষ্ঠান। থাকবে ৬৩টি বুথ। আয়োজকদের প্রত্যাশা, এবারের প্রদর্শনীতে ১০ হাজার থেকে ১৫ হাজার দর্শনার্থীর সমাগম ঘটবে।

সোমবার (২ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অ্যামচ্যামের নেতারা। এতে সংগঠনটির সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল, উপদেষ্টা পল ফ্রস্ট, সেক্রেটারি চৌধুরী কায়সার মোহাম্মদ রিয়াদ এবং সদস্য আল আমিন এম রাসেলসহ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

ইন্টারকন্টিনেন্টালে তিন দিনের আয়োজন
আয়োজকরা জানান, রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলে ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত চলবে ইউএস ট্রেড শো। ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের সহযোগিতায় আয়োজিত এ প্রদর্শনীতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্য, সেবা, প্রযুক্তি ও উদ্ভাবন তুলে ধরা হবে। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি এবং ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাবে। অ্যামচ্যামের ৩০ বছর পূর্তি উপলক্ষে এবারের আয়োজন বিশেষ তাৎপর্য বহন করছে বলেও জানান আয়োজকরা।

থাকছে খাতভিত্তিক জোন ও স্টার্টআপ কর্নার
এবারের ট্রেড শোতে বিভিন্ন শিল্প ও ব্যবসায়িক খাতের ৩৬টি প্রতিষ্ঠানের পাশাপাশি সাতটি স্টার্টআপ অংশ নেবে। প্রথমবারের মতো থাকছে খাতভিত্তিক পৃথক জোন। বিদ্যুৎ ও জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), ডিজিটাল অর্থনীতি, ব্যাংকিং ও আর্থিক সেবা, ভোগ্যপণ্য, উৎপাদন ও লজিস্টিকস, শিক্ষা, উন্নয়ন এবং কৃষিভিত্তিক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এসব জোনে নিজেদের পণ্য ও সেবা প্রদর্শন করবে।

নতুন উদ্যোক্তাদের উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরতে থাকবে বিশেষ স্টার্টআপ জোন। এ ছাড়া দর্শনার্থীদের জন্য যুক্ত হচ্ছে কার্নিভাল জোন ও হেরিটেজ কর্নার। কার্নিভাল জোনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সরাসরি পণ্য কেনার সুযোগ পাবেন দর্শনার্থীরা। অন্যদিকে, হেরিটেজ কর্নারে ইউএস ট্রেড শোর তিন দশকের পথচলা এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে এ আয়োজনের ভূমিকা তুলে ধরা হবে।

তিন দিনে ছয়টি সেমিনার
প্রদর্শনীর পাশাপাশি তিন দিনে ছয়টি বিষয়ভিত্তিক সেমিনার আয়োজন করা হবে। এসব সেমিনারে নীতিনির্ধারক, ব্যবসায়ী নেতা ও বিশেষজ্ঞরা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রাধিকার, বিনিয়োগ এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। সেমিনারের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি, স্বাস্থ্যসেবা ও চিকিৎসাপ্রযুক্তি, আইসিটি ও ডিজিটাল অর্থনীতি, নারী নেতৃত্ব, সিলেক্ট ইউএসএ কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে বিনিয়োগের সুযোগ এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্কের পরিবর্তনশীল পরিস্থিতি।

অংশ নেবেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধিরাও
এবারের ট্রেড শোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন আমেরিকান চেম্বার অব কমার্সের ব্যবসায়িক প্রতিনিধিদল অংশ নেবে। বাংলাদেশ সফরকালে তারা স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় করবেন এবং বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখবেন। আয়োজকদের আশা, এ অংশগ্রহণের মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে নতুন যোগাযোগ তৈরি হবে এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে।

অনলাইনে মিলবে তিন দিনের ভিজিটর পাস
দর্শনার্থীদের সুবিধার জন্য এবার প্রথমবারের মতো তিন দিন মেয়াদি অনলাইন ভিজিটর পাস চালু করা হচ্ছে। অনলাইনে নিবন্ধনের মাধ্যমে একটি পাস সংগ্রহ করে পুরো প্রদর্শনীতে প্রবেশ করা যাবে। আগামী ৫ থেকে ৭ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ, প্রযুক্তি বিনিময় এবং বিনিয়োগ সহযোগিতা আরও জোরদার হবে।

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!